সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয়:মিয়া গোলাম পরওয়ার
১২ মে ২০২৬ ২১:৪৭
দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রিয় সভাপতি ড. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুয়া অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি
সুস্থ ধারার সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনের বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব লেখক, গীতিকার ও গবেষক ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ। জীবনের পুরো সময়টাই তিনি আদর্শিক সাহিত্য-সংস্কৃতির প্রচারে নিরলস পরিশ্রম করেছেন। তার ইন্তেকালে গোটা জাতি একজন স্বপ্নচারী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীকে হারিয়েছে। সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রিয় সভাপতি ড. ওবোয়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুয়া অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
১২ মে ২০২৬, মঙ্গলবার, বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তন এ দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশীয়’র অফিস সম্পাদক মনিরুল ইসলামের কণ্ঠে কুরআন তেলাওয়াত ও দেশীয়’র সেক্রেটারী জেনারেল ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি। কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি কমিটির সভাপতি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে দেশ-বরেণ্য গুণী সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠক, শিল্পী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, দেশীয়’র অন্যতম উপদেষ্টা দেলোয়ার হোসেন, গীতিকার-সুরকার তাফাজ্জল হোসাইন খান, কবি মোশাররফ হোসেন খান, কবি সোলায়মান আহসান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মণ্ডল, কবি ও গবেষক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, লেখক ও মোটিভেশনাল স্পিকার ড. আহসান হাবীব ইমরোজ, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, নাট্যকার ডা. আবু হেনা আবিদ জাফর, অ্যাডভোকেট পারভেজ হোসেন, মরহুম ড. ওবায়েদুল্লাহর বড় ছেলে উমার মুসান্না।
অনুষ্ঠানে মরহুম ড. ওবায়েদুল্লাহর সংক্ষিপ্ত জীবন ও কর্মের ওপর সালমান রিয়াজের রচনা ও শরীফ বায়জীদ মাহমুদের ধারাবর্ণনায় একটি ডকুমেন্টারি প্রদর্শনী করা হয়। দুয়া মাহফিলে ড. ওবায়েদুল্লাহর লেখা ‘মুসলিম আজ ওঠো জেগে’ গানটি বাংলাদেশ সঙ্গীত কেন্দ্র, ‘জনতা সাগরে বলে যেতে চাই’ মহানগর শিল্পীগোষ্ঠী, ‘মাগো আমায় দাও পরিয়ে যুদ্ধে যাওয়ার সাজ’ সাইমুম শিল্পীগোষ্ঠীর শিশু বিভাগ, ‘আকাশের নীল নীলিমায়’ বাংলাদেশ কালচারাল একাডেমি, এবং ‘জীবনের দামে যারা কেনে জান্নাত’ দেশীয়’র সঙ্গীত বিভাগের শিল্পীরা পরিবেশন করেন। এছাড়া ‘রাত কেটেছে স্বপ্নে বিভোর’ গানটি শিল্পী মশিউর রহমান, ‘বহতা নদীর মতো’ শিল্পী তাওহীদুল ইসলাম এবং ‘আকাশ তোমার নীলের সীমানা’ পরিবেশন করেন শিল্পী মোরশেদুল ইসলাম। নিবেদিত গান ‘যার কথা পড়লে মনে’ পরিবেশন করেন বাংলাদেশ সংগীত কেন্দ্রের সহ-সভাপতি সাইফুল আরেফিন লেলিন। ড. ওবায়েদুল্লাহর লেখা কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ ও মাহবুব মুকুল। নিবেদিত কবিতা আবৃত্তি করেন মুস্তাগিছুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠক, নাট্যকার ও শিল্পীরা ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহর মাগফিরাত কামনায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন।