জামায়াত সরকার গঠন করলে ইমামদের সম্মানজনক ভাতার বিল সংসদে আনা হবে—শামীম সাঈদী


৪ ডিসেম্বর ২০২৫ ১৮:০৯

মো. সাইদুল কবির, কাউখালী (পিরোজপ) : পিরোজপুর -২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী আলহাজ শামীম সাঈদী বলেছেন, আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে ইমামদের যোগ্য মর্যাদা ও জীবনযাত্রার মানোন্নয়নের জন্য সম্মানজনক মাসিক ভাতা দেয়ার জন্য সংসদে বিল আনবেন। গত শনিবার (২৯ নভেম্বর) সকালে পিরোজপুরের কাউখালীতে ইমামদের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাউখালী উপজেলা ইমাম সমিতির সভাপতি আ ন ম ও শহিদুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক ইমাম সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুল হালিম, মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা জাকির হোসাইন, মাওলানা নজরুল ইসলাম খান প্রমুখ।
শামীম সাঈদী আরো বলেন, সৎ এবং যোগ্য লোক সংসদে পাঠালে দেশের মানুষের অভাব অভিযোগ থাকবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৭ বছর সাধারণ মানুষের পাশাপাশি নিরপরাধ আলেম-ওলামাদের ওপর জুলুম নির্যাতন করেছে। তিনি ইমামদের উদ্দেশে বলেন, বিগত দিনে ইমামরা মসজিদের মেম্বার থেকে হক কথা বলতে পারেননি। এখন থেকে মসজিদের মেম্বার থেকে ইমামদের হকের দাওয়াত দেয়ার আহ্বান জানান তিনি। মাওলানা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় কাউখালী সরকারি মহাবিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক ইমাম অংশগ্রহণ করেন।