ঈশ্বরদীতে জামায়াতের মিছিলে হাবিবের সন্ত্রাসীদের হামলা


৪ ডিসেম্বর ২০২৫ ১৮:০৬

পাবনা সংবাদদাতা : পাবনার ঈশ্বরদীতে জামায়াতের নির্বাচনী প্রচার মিছিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সন্ত্রাসীদের সশস্ত্র আক্রমণের শিকার হয়ে ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী এখন হাসপাতালে কাতরাচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে আহতরা চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় দৈনিক দেশ বুলেটিনের ঈশ্বরদী প্রতিনিধি সাইদ হাসান রেহাই পাননি। হাবিব বাহিনী মক্কেল মৃধার নেতৃত্বে বর্বরোচিত হামলায় ৬০ থেকে ৭০ জন আহত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক জেলা শহরের সদরে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পাবনা জেলা জামায়াত। এছাড়া জেলার সকল উপজেলাতেও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বাহিনী জামায়াতের নির্বাচনী প্রচার মিছিলে হামলা চালিয়েছে এমন অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করেছেন পাবনা জেলা জামায়াতের আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও জামায়াত মনোনীত পাবনা-৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল। রাতে শহরের ভেলুপাড়াস্থ তার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনেই বিএনপির নেতাকর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। ঈশ্বরদীর থানার ওসির বিরুদ্ধে অভিযোগ তুলেন এবং পক্ষপাতমূলক আচরণ করায় ওসির অপসারণের দাবি জানিয়েছেন।
হাবিবের সন্ত্রাসী কর্মকাণ্ড : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব তার বাহিনী দিয়ে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ব্যক্তিগত পর্যায়ে তার কথাবার্তা সামাজিক মূল্যবোধকে উপেক্ষা করে চলছে। গত ১৫ মে আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তরে জামায়াতের উপজেলা অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অফিসে রাখা পবিত্র কুরআন-হাদীস ও ইসলামী সাহিত্য পুড়িয়ে দেয় হাবিবের সন্ত্রাসীরা।