আফগানিস্তান কি পাকিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াবে
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১০
পাকিস্তানের সঙ্গে আফগান তালেবান সরাসরি প্রচলিত বা পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিবিসি উর্দুকে দেয়া সাক্ষাৎকারে তারা বলেন, দুই পক্ষের সামরিক সক্ষমতার মধ্যে বড় ধরনের বৈষম্য রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী পারমাণবিক অস্ত্রধারী এবং সামরিক শক্তির দিক থেকে বিশ্বে শীর্ষ ১৫ দেশের মধ্যে নিয়মিতভাবে স্থান পেয়ে থাকে। অন্যদিকে তালেবান বাহিনীর কাছে সেই মাত্রার সামরিক সম্পদ নেই এবং তারা একই সঙ্গে অর্থনৈতিক সংকটের মুখেও রয়েছে।
বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, তালেবান বাহিনীর ব্যবহৃত অস্ত্রের বড় অংশ এসেছে তিনটি উৎস থেকে- সাবেক আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্র, বিদেশি বাহিনী প্রত্যাহারের সময় রেখে যাওয়া সামরিক সরঞ্জাম এবং বিভিন্ন উৎস, বিশেষ করে কালোবাজার থেকে সংগ্রহ করা অস্ত্র।
বিশেষজ্ঞরা আরও বলেন, অতীতের সীমান্ত সংঘর্ষের ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তালেবান যোদ্ধারা মূলত হালকা অস্ত্র ব্যবহার করেছে।
তবে প্রচলিত যুদ্ধে দুর্বল হলেও গেরিলা যুদ্ধকৌশলে তালেবানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এক আফগান নিরাপত্তা বিশেষজ্ঞ জানান, পাকিস্তানি বাহিনীর সঙ্গে তাদের অনেক সংঘর্ষেই আকস্মিক হামলা, অতর্কিত আক্রমণ ও সড়কের পাশে পেতে রাখা বোমা ব্যবহারের মতো গেরিলা কৌশল দেখা গেছে।
সূত্র: বিবিসি।