আচার-অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা
২২ অক্টোবর ২০২৬ ১৬:৩০
স্টাফ রিপোর্টার : দেশজুড়ে উদযাপিত হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয় ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। উৎসব নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গত বছর মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১টি। সে হিসেবে এবার মণ্ডপ বেড়েছে ১ হাজার ৫০০টি। ঢাকা মহানগরে পূজা হয় ২৫৮টি মণ্ডপে।
গত ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ২১ অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানিয়ে বিভিন্ন নদী, পুকুর ও নির্ধারিত জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
উৎসব নির্বিঘ্ন রাখতে সারা দেশে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই লাখের বেশি সদস্য মোতায়েনের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ১০৪টি স্ট্রাইকিং টিম প্রস্তুত রাখা হয়। সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোয় বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করেন। প্রতিমা বিসর্জনের সময় ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারির ব্যবস্থাও রাখা হয়ছিল।
পুলিশের পক্ষ থেকে মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা, প্রবেশ ও বের হওয়ার পথ আলাদা করা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো ঠেকাতেও ছিল নজরদারি। হিন্দুধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পূজামণ্ডপগুলোয় দর্শনার্থীদের ভিড়, সাংস্কৃতিক আয়োজন ও উৎসবের আমেজ দেখা গেছে।
পূজার শুরুতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছাবার্তায় ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ উল্লেখ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সবার ধর্মীয় অধিকার নিশ্চিতের বার্তা দেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গত ১৯ অক্টোবর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন।