শরীফ আবদুল গোফরান-এর কবিতা

গর্বিত মানচিত্র


১৫ অক্টোবর ২০২৬ ১২:১১

বোধ এবং বিশ্বাসের
সাদা চাদরে সযত্নে রেখে দিই
বাংলাদেশের গর্বিত মানচিত্র এবং
সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার।
তার ওপরে রাখি
বায়ান্নর অনন্য প্রতিবাদ
একাত্তরের স্বাধীনতা যুদ্ধ
আবহমান বাংলার ইতিহাস
ঐতিহ্য এবং সংস্কৃতি
তার ওপর দেশ গড়ার সুন্দর স্বপ্ন।
এভাবে এক এক করে
দেশের মাটি, মাঠ, নদনদী,
গাছ-পালা, আলো-বাতাস, সমস্ত কিছু
সাজিয়ে-গুছিয়ে রাখতে পারি
কিন্তু নষ্ট মানুষের অপকীর্তি
কিছুতেই রাখতে পারি না।
কেননা—
নষ্ট মানুষের সাথে দেশের
মানচিত্রের সম্পর্ক নেই
দেশের মানচিত্র একটি পবিত্র আমানত
আর নষ্ট মানুষ হলো নর্দমার কীট।