রফিক মুহাম্মদ-এর কবিতা
আমি তাদের দলে নই
১৫ অক্টোবর ২০২৬ ১২:১০
দৃষ্টি থাকতেও যারা অন্ধ আমি তো তাদের দলে নই
সবুজ পাহাড়ের গা-ঘেঁষে থাকা আকাশের মায়াবি ইশারা
বয়ে চলা নদীর কলকল ধ্বনি করে দিশেহারা
ঝর্ণার রিনিঝিনি জিকির শুনতে আমি তো কান পেতে রই।
অন্যরা চুপ থাকে বলে আমিও কি কিছু বলবো না
উঁচু মিনারের ফাঁকে পাখিদের উড়ে যাওয়া বহু দূর
সুবেহ সাদিকের মিষ্টি হাওয়ায় পাখিদের কিচিরমিচির সুর
সবই তো তোমার নামে গায়,
তোমারই প্রেমে তারা দিওয়ানা।
বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে বাতাসের শন শন নেচে চলা
ভরা পূর্ণিমায় সাগরের ঢেউয়ের সাথে জোসনার খেলা
ফুলের ঘ্রাণে মোহিত অলির গুন গুন করে কত কী বলা
সূর্যের আভা আর জোনাকির রঙে কেটে যায় সারা বেলা
অন্যরা দেখে না বলে আমিও কি প্রসারিত করবো না দৃষ্টি
কী করে অস্বীকার করবো তোমার এই অপরূপ সুন্দর সৃষ্টি।