শাহীন আরা আনওয়ারী
নিয়ন বাতির তলে
১৫ অক্টোবর ২০২৬ ১২:১০
আজ নিয়ন বাতির
কি বিশাল আলোর দখল।
লাগামহীন কষ্টগুলোও
চমকিত করে টলমল
কাটে না কেন
মন গহিনের
পাহাড়সম আঁধার।
স্বপ্নেরা শ্বাসকষ্টে
অচেতন হয় বারবার।
নিয়ন বাতির আলোর তলে
মজলুমরা নিত্যজ্বলে।
উঁচু ভবনগুলোর
পেছনঘেঁষে।
ছাপড়ির বস্তিবাসীরা
বন্যা, বৃষ্টিতে যায় ভেসে।
জোড়াতালির ভীষণ ছেঁড়া
ময়লা পলিথিন ঘেরা।
অন্ধকারে বসবাস।
নিয়ন বাতির লাল-নীল আলো
দেয় না ওদের
কোনো আশ্বাস।
জীর্ণ দেহের
অসংখ্য মানুষ
রোগ, শোক,
দহনে পেষণে
ক্লান্ত ওরা।
বেগবান ঝলমলে
নিঠুর সভ্যতায়,
ওরা থাকে
মিশে ধুলায়।
জীবন যন্ত্রণা ওদের
ক্ষণে ক্ষণে পেষে
বঞ্চনা ওদের কোলঘেঁষে।
দুঃখীরা তোমরা
বাঁচতে শেখো।
অন্ধ বিবেক
স্মরণে রেখো।
সময় কখনো
দেয় না ছাড়।
অনিবার্য ধ্বংস
এড়াতে পারবে না
নিয়তির মার।