সরকার হাসিনার মতো ফ্যাসিবাদী আচরণ করছে -মাওলানা এটিএম মা’ছুম


৩০ জুলাই ২০২৬ ১১:০১

চাঁদপুর সংবাদদাতা : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, সরকার হাসিনার মতো জনগণের সাথে ফ্যাসিবাদী আচরণ করছে। বিএনপির কাঁধে স্বৈরাচারী ভূত চেপে বসেছে। গণভোটের গণরায় বাস্তবায়নের পরিবর্তে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান করছে।
তিনি বলেন, বিএনপি সরকারের কার্যকলাপে জনগণ আশঙ্কা করছে গণভোটের রায় বাস্তবায়নে আবারো রাজপথে নামতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিবর্তে নতুন বৈষম্য তৈরি করছে। দেশের জনগণকে স্বাবলম্বী করার পরিবর্তে গোলাম বানানোর চেষ্টা করছে।
গত ২৫ জুলাই শনিবার শহরের রাজবাড়ী কমিউনিটি সেন্টার চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের রুকনদের উদ্দেশে এটিএম মা’ছুম বলেন, রুকনরা হলেন জামায়াতের পিলার। তাদের ভূমিকার ওপর নির্ভর করছে এদেশের ইসলামী বিপ্লব। তিনি আরও বলেন, জামায়াতের অগ্রগতিতে সরকার ও ইসলামবিরোধী মহল নানারকম অপপ্রচার চালাচ্ছে। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের জনপ্রিয়তায় হতাশ হয়ে নানারকম ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। শতকরা ৯২ ভাগ মানুষের আশা আকাক্সক্ষা ও প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। ইসলামী শিক্ষা ব্যবস্থার অবশিষ্ট অংশ ধ্বংস করার নীলনকশা করছে সরকার। এটি জনগণ কখনো মেনে নেবে না।
জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজর সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জেলা নায়েবে আমীর এডভোকেট মো. মাসুদুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন, ড. আবদুল মান্নান, ড. মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুর রহীম পাটওয়ারী, অধ্যক্ষ সফিকুল আলম হেলাল। পরিচালনা করেন, জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মো. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন।