কবি ও গীতিকার গোলাম মোহাম্মদ এর ২৪ তম মৃত্যু বার্ষিকী

কবি গোলাম মোহাম্মদ স্মরণে বাংলা সাহিত্য পরিষদ সাহিত্য সভা


২৩ আগস্ট ২০২৬ ১৫:৫৮

কবি ও গীতিকার গোলাম মোহাম্মদ

গতকাল শনিবার আশির দশকের অন্যতম কবি ও গীতিকার গোলাম মোহাম্মদ এর ২৪ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও বাংলা সাহিত্য পরিষদের ৪৪০ তম সাহিত্য সভা রাজধানীর মগবাজার আল ফালাহ বিল্ডিং এর সাপ্তাহিক সোনার বাংলার বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশির দশকের খ্যাতিমান কবি শরীফ আব্দুল গোফরান। প্রধান আলোচক ছিলেন বর্তমান সময়ের অন্যতম প্রধান কবি হাসান আলীম। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক ফেরদৌস আহমদ ভূঁইয়া। কবি গোলাম মোহাম্মদের উপর আলোচনা করেন কবি ও গবেষক নাসির হেলাল, গল্পকার ও সাহিত্য সমালোচক নাসীমুল বারী, কথা সাহিত্যিক ও সাংবাদিক রফিক মোহাম্মদ, কবি ওমর বিশ্বাস প্রমুখ। কবি গোলাম মোহাম্মদ এর গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা সাহিত্য পরিষদের পরিচালক তৌহিদুর রহমান।

সাহিত্য সভায় নবীন লেখক রাশেদুল ইসলাম রাশেদের লেখা কিশোর গল্প গ্রন্থ ‘আমতলার একশত পাঁচ নম্বর বাড়ি’ এর মোড়ক উন্মোচন করা হয়

বক্তারা কবি গোলাম মোহাম্মদকে নিয়ে স্মৃতিচারণ, কবির কবিতা, সাহিত্য, গবেষণা, ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে তার অবদান তুলে ধরে দীর্ঘ আলোচনা করেন।
সভাপতির ভাষণে কবি শরীফ আব্দুল গোফরান বলেন, কবি গোলাম মোহাম্মদ ছিলেন আপাদমস্তক একজন পরিপূর্ণ কবি। তিনি লিখেছেন অনেক, তবে তিনি প্রচার বিমুখ ছিলেন। কবি আল্লামা ইকবালের মতো কবি গোলাম মোহাম্মদের মনের মধ্যে ভাবের উদয় হলে তিনি অস্থির হয়ে যেতেন। তখন তিনি হাতের কাছে যা পেতেন সেখানেই তার মনের ভাব লিখে রাখতেন। ছোট ছোট টুকরো কাগজে তিনি তার গান ও কবিতা লিখে আমাদের হাতে দিতেন। সেগুলোই আমরা পত্রিকায় ছাপতাম।
সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক জনাব ফেরদৌস আহমদ ভূঁইয়া বলেন, আমাদের ব্যাপকভাবে ইতিহাস নিয়ে লেখালেখি করা দরকার। কবি গোলাম মোহাম্মদ ফিলিস্তিনের উপর অনেক কবিতা লিখেছেন। আমাদের লেখকদের ইতিহাস নির্ভর উপন্যাস লিখা দরকার।
প্রধান আলোচক কবি হাসান আলীম বলেন, কবি গোলাম মোহাম্মদ ছিলেন একজন অসাধারণ গীতিকার। তার গান আজ বিশ্বময় প্রচারিত হচ্ছে। এদেশের সর্বজন শ্রদ্ধেয় কবি ও সমালোচক আব্দুল মান্নান সৈয়দ কবি গোলাম মোহাম্মদ এর কবিতা সমগ্র সম্পাদনা করেছেন, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। কবি ও গবেষক নাসির হেলাল বলেন, কবি গোলাম মোহাম্মদ আমার খুব কাছের মানুষ ছিলেন। সেই যশোরে থাকতে তার সাথে আমার পরিচয়। তখন তার লেখা গান কবিতা এভাবে প্রকাশিত হয়নি। তিনি অসাধারণ গান লিখেছেন। আমরা তার মাগফেরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।
অনুষ্ঠানে আরো যেসব গুণীজন, লেখক ও কবি আলোচনা এবং লেখা পাঠ করেন তারা হলেন কবি আহসান হাবীব বুলবুল, গল্পকার হাসান আক্তার, সিনিয়র সাংবাদিক ও কবি হারুন ইবনে শাহাদাত, কবি মুর্শিদ-উল-আলম, গবেষক মোহাম্মদ আব্দুর রহীম, কবি সাইফুল্লাহ শিহাব, জনাব নুরুজ্জামান বকুল, কবি জেড আই আলমগীর, কবি জাফর পাঠান, কবি ও গল্পকার সালেহ মাহমুদ, কথা সাহিত্যিক আবু নেসার শাহীন, কবি ওয়াহীদ আল হাসান, সাহিত্যিক সুফিয়া হায়দার, কবি সানজিদা সারমিন তুহিন, জনাব আবু জায়েদ আনসারী, প্রকাশক রেদওয়ান রাওয়াহা প্রমূখ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন সোনার বাংলা মিডিয়া সেল।

কবি ও গীতিকার গোলাম মোহাম্মদ সাহিত্য

সম্পর্কিত খবর