কুরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই আদর্শবান ও দায়িত্বশীল কর্মী তৈরি সম্ভব -মাহফুজুর রহমান
৩০ জুলাই ২০২৬ ১০:৫৮
খুলনা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, নৈতিকতা, সততা ও আল্লাহভীতির ভিত্তিতে গড়ে ওঠা নেতৃত্বই শ্রমিক সমাজের আস্থা অর্জন করতে পারে। ব্যক্তি ও সমাজ জীবনে কুরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই আদর্শবান ও দায়িত্বশীল কর্মী তৈরি সম্ভব।
তিনি বলেন, বর্তমান সময়ে নানা ধরনের নৈতিক অবক্ষয়, অন্যায় ও বিভ্রান্তির মধ্যেও একজন কর্মীকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে অবিচল থাকতে হবে। কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা, আত্মসংযম ও চরিত্র গঠনের মাধ্যমে ব্যক্তি নিজেকে যেমন উন্নত করবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তনের ভূমিকা পালন করবে।
গত ২৬ জুলাই রোববার বিকেলে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীদের মানোন্নয়ন ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাছাইকৃত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফুজুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে দক্ষ ও জনকল্যাণমুখী নেতৃত্ব গড়ে তুলতে হবে। প্রতিটি কর্মীকে সমাজের জন্য কল্যাণকর মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামানের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন ড. আবু রুবাবা।