নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩৪১ পরিবার
৩০ জুলাই ২০২৬ ১০:৫৫
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : সাম্প্রতিক টানা বৃষ্টি ও বন্যায় বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়ন তথা সদর, বাইশারী, ঘুমধুম, সোনাইছড়ি ও দোছড়িতে ১৩৪১ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারগুলোর মধ্যে হতাহতের সংখ্যা না থাকলেও বন্যা আক্রান্ত ১৩৪১ পরিবারের মধ্যে ৮২০টি বাড়িঘর ভেঙে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া সড়ক যোগাযোগ ব্যবস্থাও হয়েছে ক্ষতিগ্রস্ত।
এলজিইডি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, ১৬ কিলোমিটার পাকা রাস্তা এবং ২০ কিলামিটার কাঁচা রাস্তাসহ প্রায় ৩৬ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১০ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এলজিইডির উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম জানান, উপজেলায় মোট ৪টি সেতু ভেঙে গেছে। যার মধ্যে বাইশারীতে ৩টি। করলিয়া মুরা ব্রিজ, হলুদিয়া শিয়া ব্রিজ, মংওয়েপাড়া ব্রিজ এবং সোনাইছড়ি মংজয়পাড়া ব্রিজ। এসব ব্রিজে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা, নগদ অর্থ সহায়তা করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারের সংশ্লিষ্ট দফতর কাজ করেছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান বলেন, স্ব স্ব বিভাগকে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যথাযথ পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।