আর. কে. শাব্বীর আহমদ-এর কবিতা

হজের আরশিতে


২২ মে ২০২৬ ২১:২২

বিশ্ব মুসলিমের মহাসম্মিলন দেখি
বায়তুল্লাহ চত্বরে আরাফাতের উন্মুক্ত ময়দানে।
উকুফে মুজদালিফায় শায়িত আকাশের সামিয়ানায়
দেখি নিযুত-কোটি সিজদাবনত ফিরিশতা।
রজনীর নিশীথে লাখো কোটি সমর্পিত আত্মা
দীদারে ধন্য হয় রাব্বে কারীমের।
মহাসমুদ্রের কল্লোলের মতো উচ্ছ্বসিত হয়
লাব্বাইক লাব্বাইক ধ্বনি শতকোটি মুমিন হৃদয়ে।
রবের পানে উত্তোলিত হয় কম্পিত প্রার্থনার হাত
মুক্তি চায় ফিলিস্তিন, সিরিয়া কাশ্মীর বার্মার
নির্যাতিত নিপীড়িত মানবতার।
প্রথম কিবলা আল আকসার অধিকার চায়
অশ্রুসিক্ত বদনে আল্লাহর সান্নিধ্যপাগল গোলামেরা।
বিশ্ববাস্তুহারা ইসরাইলি বর্বরতার অবসান চায়
হজে সমাগত মুসলিম মানবতাবাদীরা।
একটি মানবিক বিশ্বের আকুল আকুতি উত্থিত হয়
সম্মিলিত মুসলিম গণজোয়ারে।
রাব্বুল আলামিন রাজাধিরাজ মহামহিম
কবুল করো নির্যাতিত মানুষের হৃদয় ছেঁড়া ফরিয়াদ।
জালিমের নিষ্পেষণ থেকে মুক্তি দাও
তোমায় বিশ্বাসী মানবগোষ্ঠীকে
সাহায্যকারী বন্ধু পাঠাও খলিফা
আবুবকর, উমর, আলী, উসমানের মতো।