সংসদে গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে হবে ফয়সালা – এটিএম আজহারুল ইসলাম এমপি


২৯ এপ্রিল ২০২৬ ১৮:১৩

বদরগঞ্জ রংপুর : রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সরকার গঠনের পক্ষে মানুষ যে পরিমাণ ভোট দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে তার চেয়ে বেশি গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে। সংসদে এই গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে এর ফয়সাল হবে।
তিনি আরও বলেন, বিশ্বের প্রায় সকল দেশের গণভোটের রায় বাস্তবায়ন করা হয়েছে। তাই অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
গত ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় মডেল উচ্চবিদ্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে সমাবেশে উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মিনহাজুল ইসলাম, পৌর আমীর মাওলানা মাহফুজার রহমান উপস্থিত ছিলেন। পরে বাদ আসর তিনি উপজেলার লালদিঘী রাধানগর জান্নাতবাগ হাফেজিয়া মাদরাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাহফিলে সভাপতিত্ব করেন মেজর (অব.) মোহাম্মদ নাসিম।
এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশের জনগণ এখন জ্বালানি তেল-গ্যাস পাচ্ছে না। কিন্ত সরকার সেটির সমাধান না করে বিভিন্ন ধরনের কার্ড নিয়ে ব্যস্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। একটি দল চাঁদাবাজি আর শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করছে। এ অবস্থা চলতে দেয়া যায় না। তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন দেশপ্রেম নিয়ে সততার সাথে আমাদের দেশ গঠনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আমি বদরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলার সকল মানুষের জন্য এমপি নির্বাচিত হয়েছি। নিঃস্বার্থভাবে তাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।
এর আগে সকালে তিনি তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত উপজেলার রুকন এবং ওর্য়াড দায়িত্বশীলদের পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা আমীর এস এম আলমগীর হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় জামায়াতে ইসলামীর রংপুর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ইয়াকুব আলী উপস্থিত ছিলেন।