কুষ্টিয়ায় কথিত পীর শামীম হত্যায় জামায়াত নেতাদের নামে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল


২৩ এপ্রিল ২০২৬ ১৪:৩৭

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর আবদুর রহমান শামীম হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের জড়িয়ে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা। গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর থানার সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল আমিন জসিম। এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফিলিপনগরে সংঘটিত পীর শামীম হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং জামায়াতে ইসলামী কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। তবে অত্যন্ত পরিতাপের বিষয় যে, একটি বিশেষ স্বার্থান্বেষী মহল এ হত্যাকাণ্ডকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নিজ আস্তানায় কয়েকশ’ মানুষের হামলায় নিহত হন আবদুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীর। এ ঘটনায় নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন, যেখানে জামায়াত নেতা খাজা আহমেদকে প্রধান ও হুকুমের আসামি করা হয়। জামায়াতের পক্ষ থেকে শুরু থেকেই এ অভিযোগকে ভিত্তিহীন ও সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করা হচ্ছে।
প্রতিবাদে সংবাদ সম্মেলন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে সংঘটিত সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী ও কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ খাজা আহমেদসহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াত। গত ১৫ এপ্রিল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করা হয়।