প্রতিষ্ঠাবার্ষিকীর প্রত্যাশা
২৩ এপ্রিল ২০২৬ ১৩:৫৫
আলহামদুলিল্লাহ। অগণিত পাঠক, লেখক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও পৃষ্ঠপোষকের ভালোবাসায় সোনার বাংলা ৬৪ বছরের দীর্ঘ পথপরিক্রমায় আজও বাংলা ভাষায় প্রকাশিত দেশের সর্বোচ্চ প্রচার সংখ্যার সবচেয়ে পাঠকপ্রিয় সাপ্তাহিক পত্রিকা। শুধু দেশের সীমানায় নয়, সারা বিশ্বে ছড়িয়ে আছেন সাপ্তাহিক সোনার বাংলার অগণিত পাঠক।
বাংলাদেশের মতো একটি দেশে সত্য ও ন্যায়ের আদর্শ ধারণ করে কারো সাথে আপস না করে এ পথচলা খুব সহজ নয়। কিন্তু আমরা শত সীমাবদ্ধতার মধ্যেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এই কঠিন কাজটি করতে পারছি। বিগত দেড় দশকের কঠিন সময়ও সম্মানিত পাঠক, সাংবাদিক ও বিজ্ঞাপনদাতাদের একটি বড় অংশ আমাদের পাশে ছিলেন। তারা তাদের স্ব-স্ব অবদান রাখার সাথে সাথে দুঃসময়ে অসীম সাহস ও শক্তি জুগিয়েছেন। আমরা তাদের এ ঋণ কোনোদিন শোধ করতে পারব না। তাই শুধু কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের ছোট করব না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া ও মোনাজাত করছিÑ দুনিয়া ও আখিরাতে যেন তিনি রহমত ও বরকত দান করেন। তাঁর রহমতের শীতল ছায়া অতীতের মতো যেন তাদের ও আমাদের ওপর অবারিত ধারায় বহমান রাখেন।
তথ্য ও প্রযুক্তির চরম উৎকর্ষ সাধিত হয়েছে এ আধুনিক দুনিয়ায়। তাই উৎকর্ষিত সেই উপকরণগুলো কাজে লাগাতে না পারলে আমাদের পিছিয়ে পড়ার আশঙ্কা অমূলক নয়। আমরাও চাই সবার শীর্ষে থেকে সবার আগে সত্য ও ন্যায়ের বাণী এবং বস্তুনিষ্ঠ খবর সবার আগে পৌঁছে দিতে। কিন্তু আমাদের সাধ থাকলেও সামর্থ্য নেই। আমাদের আছে অর্থ ও জনবলের সংকট। তাই প্রিন্ট ভার্সনের ছায়াতলেই সীমিত পরিসরে চলছে আমাদের অনলাইন ও মাল্টিমিডিয়া ভার্সন। বিজ্ঞাপনদাতা ও পৃষ্ঠপোষকদের আনুকূল্য পেলে আমাদের ইচ্ছে আছে এর পরিসর বাড়িয়ে বিশ্বব্যাপী সাপ্তাহিক সোনার বাংলার সত্য ও ন্যায়ের সোনার আলোকিত সম্ভার এবং বস্তুনিষ্ঠ খবর ছড়িয়ে দেওয়ার।
আমরা আশা করি, বিগত বছরগুলোর মতো অনাগত দিনেও আমাদের পথচলায় সবাইকে পাশে পাবো। নতুন দিনে নতুন নতুন পাঠকদের হাতে তুলে দিতে পারব আমাদের প্রয়াস। প্রবীণদের হাত শক্তিশালী করতে তাদের প্রজ্ঞার আলোয় আলোকিত নবীন লেখক, সাংবাদিকদের সমাবেশ বাড়বে। বিজ্ঞাপনদাতা ও পৃষ্ঠপোষকরা তাদের উদার হাত আরো প্রসারিত করবেন আমাদের পথচলার শক্তি ও উৎসাহ বাড়াতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নেক কর্মপ্রচেষ্টা কবুল করুন। আমীন।