সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে – আবুল কালাম আজাদ এমপি
১৬ এপ্রিল ২০২৬ ১৪:৫৬
খুলনা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেছেন, সরকার জনগণের আকাক্সক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কড়া সমালোচনা করে তিনি বলেন, অবিলম্বে এ রায় বাস্তবায়ন করতে হবে। জনগণের ভোটাধিকার ও মতামতের প্রতিফলন নিশ্চিত করতে সংবিধান সংস্কারের দাবি জানান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১১ এপ্রিল শনিবার বিকেলে নগরীর নিউমার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা মহানগরী আমীর এবং ১১ দলীয় ঐক্যের কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় বক্তৃতা করেন এনসিপি খুলনা মহানগরীর সংগঠক মো. শামসুল আরেফিন, খেলাফত মজলিসের খুলনা জেলা সহ-সভাপতি মুফতি ইব্রাহিম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির খুলনা মহানগর সভাপতি এডভোকেট হানিফ উদ্দীন, খেলাফত মজলিসের এইচ এম সাজ্জাদ হোসেন, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান ও জুলাই যোদ্ধা মো. হুযাইফা প্রমুখ।