কোটচাঁদপুরে জামায়াতের নির্বাচনী নারী সমাবেশ


১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪০

রোকনুজ্জামান, কোটচাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কোটচাঁদপুর উপজেলার সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে এ সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক মহেশপুর উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি উবাইদুর রহমান, মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, মাস্টার আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মশিউর রহমান, অর্থ সম্পাদক মাস্টার রেজাউল হোসেন, কোটচাঁদপুর পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বলেন, ‘জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশে কোনো ধর্ষণ ও নারী নির্যাতন থাকবে না। কুরআনকে বাদ দিয়ে কোনো আইন প্রণয়ন করা হবে না। আমাদের লক্ষ্য কুরআনের বাংলাদেশ, সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা।’