পাবনায় জুলাই শহীদ জাহিদুল ইসলাম স্মৃতি পাঠাগার উদ্বোধন


১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮

রফিকুল আলম রঞ্জু, পাবনা : পাবনার জুলাই শহীদ জাহিদুল ইসলাম স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুরে জুলাই আন্দোলনের শহীদ জাহিদুল ইসলাম স্মরণে পাঠাগারটি উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।
তিনি বলেন, শহীদ জাহিদুল ইসলাম স্মৃতি পাঠাগারের মাধ্যমে অত্র এলাকায় জ্ঞানের আলো বিকশিত হবে। এলাকার তরুণ, যুবক ও বয়স্কদের জ্ঞান অন্বেষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক এ পাঠাগার। শহীদ জাহিদুল ইসলামের বাবা দুলাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ সঞ্চালনায় পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন, শহীদ মাহবুব নিলায়ের বাবা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মুসাব্বির হোসেন সঞ্জু, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, প্রেস ক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি এস এম সোহেল প্রমুখ।
প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, শহীদ জাহিদ ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কর্মী, তার আত্মত্যাগের মাধ্যমে এলাকা আজ গৌরবান্বিত বোধ করছে। তিনি পাঠাগারের অগ্রগতি উন্নতিসহ এলাকার জনসাধারণের পাঠ্যাভাস গড়ে তোলার আহ্বান জানান।