নির্বাচনের আগে গণভোটের দাবিতে সারা দেশে বিক্ষোভ


২১ নভেম্বর ২০২৫ ১১:২৪

কুমিল্লা সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনরত আট দল। গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশ করে দলগুলো। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ করে।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা মহানগর সভাপতি এম এম বিল্লাল হোসাইন, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কাউন্সিল মোশারফ হোসাইন, খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরী সহ-সভাপতি মাওলানা আমীর হামজা, সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার। এ সময় ছাত্রশিবিরের মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ আট দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আ’লীগের আগুনসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ
আবদুল বাছেত মিলন, সিলেট : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, গণহত্যাকারী কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ পুরোনো কায়দায় দেশে আগুনসন্ত্রাস ও নাশকতার ষড়যন্ত্র করছে। তারা পালিয়ে থেকে দেশে লকডাউনের ডাক দিয়ে নাশকতা উসকে দিচ্ছে। এর পরিণতি ভালো হবে না। আগুনসন্ত্রাসী ও নাশকতাকারীদের রাজপথে কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ২ হাজার ছাত্র-জনতার শাহাদাত ও ৩০ হাজারের বেশি আহতের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের কোনো স্থান নেই। আমরা শান্তিপ্রিয় তাই এখনো বাসাবাড়িতে নিরাপদে থাকতে পারছেন। নাশকতার চেষ্টা করলে বাসাবাড়িতেও জায়গা হবে না। জনগণ বাড়ি থেকে ধরে এনে জেলে ভরবে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক দেশে অগ্নিসংযোগ ও নাশকতার হুমকির প্রতিবাদে, নির্বাচনের আগে গণভোটের দাবিতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াত নেতা উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মুফতী আলী হায়দার, জালালাবাদ থানা আমীর কারী আলাউদ্দিন, বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম শফিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি তুহিন আহমদ প্রমুখ।
আ’লীগের নাশকতার প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ
মৌলভীবাজার সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের দেশব্যাপী ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে গত শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা জেলা শহরের দেওয়ানী মসজিদের সামনে এক বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য দেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, ছাত্রশিবির শহর সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি মো. ফরিদ উদ্দিন, সদর উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ইসমাইল আলী ও ছাত্রশিবির শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমাদ প্রমুখ।
নির্বাচনের আগে গণভোটের দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষাভ
জুলাই সনদের বাস্তবায়ন, ও জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা। গত শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। গণকপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্টি মোড় দিয়ে সাহেব বাজার হয়ে আবারও গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।
কুড়িগ্রামে ইসলামী সমমনা ৮ দলের বিক্ষোভ মিছিল
মো. শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় ইসলামী সমমনা ৮ দলের যৌথ বিক্ষোভ মিছিল করেছে। গত শুক্রবার (১৪ নভেম্বর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলগুলো।
বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রাম সরকারি কলেজ হতে শুরু হয়ে শাপলা চত্বর হয়ে ঘোষপাড়ায় শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াসিন আলী সরকার, বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা নুর বখত মিয়া, খেলাফত মজলিস জেলা আমীর শবেবর আলী প্রমুখ।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে নারায়াণগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
মো. মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, জুলাই জাতীয় সনদের ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ জনগণকে হতাশ করেছে। জাতির আশা-আকাক্সক্ষাকে পাশ কাটিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংকট তৈরি করবে। গত শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা গাউছিয়া মার্কেটে চত্বরে এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন, মুজিবুর রহমান মিয়াজী প্রমুখ।