গাজায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে প্রস্তুত মালয়েশিয়া : আনোয়ার ইব্রাহিম
৩০ অক্টোবর ২০২৫ ১৩:৪১
আরিফুল ইসলাম, প্রেস বক্স থেকে : মালয়েশিয়া গাজায় জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনে যোগ দিতে প্রস্তুত; এমনকি ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যসহ মতামত-সমমনোভাবাপন্ন দেশগুলোর সঙ্গেও একত্রে অংশগ্রহণ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, এ বিষয়ে তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেছেন। বৈঠকটি গত ২৬ অক্টোবর রোববার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকের ফাঁকে অনুষ্ঠিত হয়েছে।
আনোয়ার ইব্রাহিম বলেছেন, ‘মালয়েশিয়া আবারো ফিলিস্তিনি সংগ্রামের প্রতি তাদের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জাতিসংঘের ধারাবাহিক অবস্থান ও আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সেই রায়কে স্বাগত জানিয়েছে, যেখানে বলা হয়েছেÑ গাজার ওপর ইসরাইলি অবরোধের মাধ্যমে মানবিক সহায়তা বন্ধ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’ প্রধানমন্ত্রী দপ্তর (পিএমও) থেকে জারি করা বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
আনোয়ার ইব্রাহিম আরো বলেছেন, এ বৈঠকের লক্ষ্য ছিল জাতিসংঘের সঙ্গে মালয়েশিয়ার সহযোগিতা জোরদার করা; বিশেষ করে আসিয়ান-জাতিসংঘ কাঠামোর আওতায়। পাশাপাশি মালয়েশিয়া জাতিসংঘ সংস্কার এজেন্ডার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে; বিশেষত ‘প্যাক্ট ফর দ্য ফিউচার’ ও ‘ইউএন৮০ ইনিশিয়েটিভ’-এর প্রতি।
তিনি আরো জোর দিয়ে বলেন, মালয়েশিয়া আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, যা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ২০৩০ এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ উদ্দেশ্যে মালয়েশিয়া ‘কমপ্লিমেন্টারিটিজ ইনিশিয়েটিভ ২.০’-এর বাস্তবায়নেও কাজ করছে।
২০ মিনিটের ওই বৈঠকে আনোয়ার ইব্রাহিম ও গুতেরেস থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি আলোচনা ত্বরান্বিত করতে আসিয়ান চেয়ার হিসেবে মালয়েশিয়ার ভূমিকা এবং মিয়ানমারে অন্তর্ভুক্তিমূলক সংলাপ প্রচেষ্টার অগ্রগতির বিষয়েও আলোচনা করেন। আলোচনায় বৈশ্বিক জলবায়ু এজেন্ডা শক্তিশালী করার বিষয়টিও উঠে আসে। এর মধ্যে রয়েছে ব্রাজিলে অনুষ্ঠেয় ৩০তম ‘কনফারেন্স অব দ্য পার্টিজ’ (সিওপি৩০)-এর আগে মালয়েশিয়ার ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস (এনডিসি) ৩.০’ দাখিলের পরিকল্পনা।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘বিশ্ব শান্তি, ন্যায়বিচার এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে মালয়েশিয়া জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।’ ৪৭তম আসিয়ান সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকে অংশগ্রহণের উদ্দেশ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোববার সকালে মালয়েশিয়ায় পৌঁছান, এ বছরের আসিয়ান সম্মেলনের থিম হলো ‘অন্তর্ভুক্তি ও টেকসই’, যা মালয়েশিয়ার আসিয়ান চেয়ারম্যানশিপ ২০২৫-এর অধীনে অনুষ্ঠিত হচ্ছে।