ইসলামের বিজয়ের মাধ্যমে আল্লামা সাঈদী হত্যার বিচার হবে———-মাসুদ সাঈদী
২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩১
মুহাম্মদ আরিফ বিল্লাহ, পিরোজপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘আমার পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনা বিনা অপরাধে মিথ্যা মামলায় দীর্ঘ ১৩টি বছর জেলখানার অন্ধকারে বন্দি রেখে বিনা চিকিৎসায় পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই। আল্লামা সাঈদী হত্যার বিচার এই বাংলার মাটিতে হবেই হবে, ইনশাআল্লাহ। সেটা ইসলামের বিজয়ের মাধ্যমে, দাঁড়িপাল্লায় ভোটের মাধ্যমে।’
গত ১৪ সেপ্টেম্বর রোববার দিনব্যাপী ইন্দুরকানী উপজেলাধীন ৫নং চন্ডিপুর ও ৩নং বালিপাড়া ইউনিয়নে গণসংযোগ, মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার পিতা ১০টি বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও ১৯৯৬-২০০১ সালে আওয়ামী শাসনামলে ওই সরকার তার বিপরীতে থাকায় তিনি তেমন উন্নয়নমূলক কাজ করতে পারেননি। ২০০১-০৬ সালে চারদলীয় ঐক্য জোটের আমলে তিনি পিরোজপুর, নাজিরপুরসহ অত্র ইন্দুরকানী উপজেলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছিলেন।, যা অন্য কোনো সংসদ সদস্য করতে পারেনি। অবহেলিত ইন্দুরকানী থানাকে জিয়ানগর উপজেলায় রূপান্তর করেন। উপজেলা ঘোষণার পর থেকেই ব্রিজ, হাসপাতাল, রাস্তাঘাট, বেড়িবাঁধ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সকল স্তরে ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি হাজার হাজার কোটি টাকার কাজ করিয়েও কখনো একটি টাকা দুর্নীতি বা অনিয়ম করেননি। নিজেকে সবসময় দুর্নীতিমুক্ত রেখেছিলেন। সৎ, আদর্শবান নেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
মাসুদ সাঈদী আরও বলেন, আমি এ উপজেলায় আওয়ামী শাসনামলে দীর্ঘ পাঁচটি বছর সফলভাবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আল্লামা সাঈদীপুত্র হিসেবে নিজেকে সবসময় আমার বাবার ও ন্যায়নীতির অনুসরণ করে চলেছি। কখনো নিজে স্বজনপ্রীতি বা নিজে লাভবানের চিন্তা করিনি। আমার বাবাও সেই চিন্তা করেননি। আমি যতদিন বেঁচে থাকবো সৎভাবে জীবনযাপন করে যাব এবং আপনাদের পাশে থাকব। অসৎ বা দুর্নীতির আশ্রয় নিলে আমাদের অবস্থা হাসিনার মন্ত্রী-এমপিদের মত হতো। দুর্নীতি করলে আপনাদের সামনে এভাবে উচ্চৈঃস্বরে কথা বলা বা ভোটের দাবি করতে পারতাম না।
তিনি বলেন, পিরোজপুর থেকে আপনাদের এই চন্ডিপুর, সন্ন্যাসী-কলারণ খেয়াঘাট পর্যন্ত রাস্তাঘাটের বেহালদশা, চলাচলে মানুষের সীমাহীন দুর্দশা। এ এলাকায় এখনো অনেক কাঁচা রাস্তা আছে, কার্পেটিং রাস্তা থাকলেও তা আমার বাবার আমলে করা। আল্লামা সাঈদীর নিজ উপজেলা বিধায় আওয়ামী সরকার এ উপজেলাকে উন্নয়ন বঞ্চিত করে রেখেছিল। কোনো উন্নয়নের প্রসার ঘটায়নি। দু-একটি কাজ হলেও তা নিম্নমানের ও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করলে আমি আপনাদের স্বপ্ন পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমার পিতার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে পারবো, ইনশাআল্লাহ।
দিনব্যাপী গণসংযোগ মতবিনিময় ও বিভিন্ন কর্মসূচিতে তার সফরসঙ্গী ছিলেন ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল, চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সরোয়ার হোসেন মোল্লা, বালিপাড়া ইউনিয়ন আমীর মো. শহীদুল ইসলাম, চন্ডিপুর ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আশরাফুল ইসলাম, সেক্রেটারি কে এম রাহাতুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।