জুলাই আন্দোলনে শহীদ-আহতরা জাতির শ্রেষ্ঠ সম্পদ : মোজাহিদুল ইসলাম খান
১৪ আগস্ট ২০২৫ ১৬:৩৮
বগুড়া সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান বলেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্টমুক্ত দেশ পেয়েছি, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তিনি বলেন, ফ্যাসিস্টদের পতনের দাবিতে ছাত্র-জনতার সাথে ছিলাম আমরা। আগামীতেও জাতির কল্যাণে আমরা পাশে থাকব, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের শহীদ-আহতরা জাতির শ্রেষ্ঠ সম্পদ’। তারা নিজের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে মুক্তি দিয়েছেন। আমাদের এ উপজেলায় চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন জুলাই আন্দোলনে যোদ্ধা শহীদ সৈকত। তাঁর আত্মত্যাগ জাতি কখনো ভুলে যাবে না। দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ ফ্যাসিবাদের জুলুমের শিকার হয়েছেন। ২ হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আমরা এ দেশ স্বাধীনতা লাভ করেছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে গণমিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সহ-সেক্রটারি এডভোকেট দলিলুর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, পৌর আমীর এডভোকেট জাহিদুল হক, উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ শাকিল, উপজেলা শিবিরের সভাপতি লাবিবুল হাসান, বালুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাবিরুল ইসলাম, দিগদাইড় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা সহ-সভাপতি ডা. নুরুল আমীন সরকার, মধুপুর ইউনিয়ন আমীর ডা. শাহ আলম, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ফজলে রাব্বি নাসিম, জোড়গাছা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের, তেকানীচুকাইনগর ইউনিয়ন আমীর আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন সেক্রেটারি ডা. আব্দুল মতিন সরকার, পাকুল্লা ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নানসহ আরো অনেকে।