হাসান আলীম-এর কবিতা

তোমার ঘরে আবার যেতে চাই


৪ জুন ২০২৫ ১২:০৩

আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে তোমার
ঘর দর্শনে গিয়েছিলাম, আনন্দ উচ্ছ্বাসে সাত চক্কর দিয়েছিলাম,
স্বেত কবুতর, জালালি কৈতর যেভাবে চৌথা আসমানে চক্কর মারে, ডিগবাজি খায়
আমি তেমনি তোমার ঘরে আনন্দে ঘুরে ঘুরে চক্কর দিয়েছিলাম,
ডিগবাজি দিয়েছিলাম,
তাওয়াফ করেছিলাম আর বিবি হাজেরার মতো সাফা-মারওয়া দুই পাহাড়ের মাঝে,
পর্বত চূড়ায় ইতস্তত দৌড়াদৌড়ি করেছিলাম।
মিনা, মুজদালিফা আর আরাফাতের নীমবাগানে, জাবলে রহমতের পাদদেশে,
মসজিদে নিমেরায় অপেক্ষার খুতবা শুনেছিলাম।
বুকের গভীরে লুকিয়ে থাকা শয়তানে জামারায় কঙ্কর নিক্ষেপ করেছিলাম —
আহা, আমার বুকের পাটাতনে, এক্কেবারে চৌকির নিচে, খাটের তলদেশে বড়
শয়তান লুকিয়ে রয়েছে!
ও আল্লাহ, আমার হৃদয় আমার আত্মা আমার নিবেদন, আমার সমর্পণ
কেবল তোমার আরশে, তোমার পদতলে —
তুমি আমাকে আবার একটু সুযোগ দাও;
আমি আমার ঠোঁট তোমার হাজরে আসওয়াদে-কালো পাথরে- জোছনার পল্লবে
স্পর্শ করতে চাই।
আমাকে আবার একটু সুযোগ দাও,
আমাকে পবিত্র করো,
তোমার ঘরের সম্মোহনে আবারও যেতে চাই, আমাকে কবুল করো,
একটু সুযোগ দাও,
আর চৌর্যবৃত্তি হবে না তোমার ইবাদতে!