সম্পাদকীয়

ঈদ মোবারক


২৭ মার্চ ২০২৫ ১৬:১৮

ঈদ মোবারক। আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ তায়ালা আমাদের ও আপনার নেক-আমল তথা ভালো কাজগুলো কবুল করুন)। দীর্ঘ ১৭ বছর পর এবার আমরা ফ্যাসিস্টমুক্ত পরিবেশে একটি স্বস্তির মাহে রমজান অতিবাহিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সিয়াম সাধনার এ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ছিল অন্য বছরের চেয়ে অনেক কম। ইফতার-তারাবি ও সাহরিতে বিদ্যুতের লোডশেডিংয়ের যন্ত্রণাও ছিল না। সিয়াম সাধনার মাসের পর সবাই প্রস্তুতি নিচ্ছেন ঈদুল ফিতর উদযাপনের। ঈদুল ফিতর হলো মাহে রমজানে সিয়াম পালনকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাভের দিন। আমরা মনে করি, মাহে রমজানে সিয়ামব্রত পালনের মাধ্যমে আত্মশুদ্ধি ও সংযম অর্জনকারী আল্লাহর বান্দাই সফলকাম। এ সাফল্য যারা বাকি ১১ মাস ধরে রেখে জীবন পরিচালনা করবেন, তারা কখনো বিপথগামী হবে না। শয়তানের প্ররোচনা তাদের পরাজিত করতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে রোজা ফরজ করা প্রসঙ্গে পবিত্র কুরআনে বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপরÑ যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।’ [সূরা বাকারা : ১৮৩]। তাকওয়া হলো আল্লাহভীতি। এ গুণ অর্জনকারী ঈমানদার বান্দারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী বান্দাদের আল্লাহ মুসলিম নামে অভিহিত করেছেন। পবিত্র কুরআনের ভাষায়, ‘হে ঈমানদার লোকেরা! আল্লাহকে যেমন ভয় করা উচিত, ঠিক তেমনিভাবে ভয় করতে থাক এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।’ [সূরা আলে-ইমরান: ১০২]। অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা না হয়ে মৃত্যুবরণ করলে আখিরাতের অনন্ত জীবন তার জন্য সুখের হবে না। আমরা জানি, জন্ম-মৃত্যুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ইচ্ছে করলেই কেউ তার মৃত্যু ঠেকিয়ে রাখতে পারবে না- এ সত্য আমরা সবাই জানি। তার মানে আল্লাহর এ সতর্কবার্তার মর্মার্থ হলোÑ আমাদের জীবনযাপনের প্রতিটি পদক্ষেপই হতে হবে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা হিসেবে। এক মুহূর্তের জন্যও তার আনুগত্যের বাইরে গিয়ে নিজের ইচ্ছেমতো কিছু করার সুযোগ নেই। মাহে রমজানের এক মাস সিয়াম পালনের মাধ্যমে তাকওয়ার গুণ অর্জনকারী প্রতিটি মানুষ যদি এ শিক্ষার আলোকে বছরের বাকি দিনগুলো অতিবাহিত করে, তাহলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব পর্যায়ে ছড়িয়ে পড়বে সিয়ামের সওগাতের নিয়ামত। তাকওয়ার গুণাবলিসম্পন্ন মানুষ যত বাড়বে, সমাজ ও দেশ তত সন্ত্রাস, হানাহানি ঘুষ ও দুর্নীতিমুক্ত হবে। সুখী-সমৃদ্ধশালী হবে আমাদের প্রিয় জন্মভূমি। এভাবেই সারা দুনিয়ায় ফিরে আসবে জান্নাতি পরিবেশ, ফুলে-ফলে ভরবে আমাদের এ বসুন্ধরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কর্মপ্রচেষ্টা কবুল করুন। আমীন।