সেদিন হাসিনার ডাকে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকে অংশগ্রহণ করিনি : সেখ বশির উদ্দিন
১৪ নভেম্বর ২০২৪ ১২:০০
স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন। গত ১০ নভেম্বর রোববার তিনি শপথ গ্রহণ করার পর থেকেই সামাজিকমাধ্যমে তাকে নিয়ে বেশ সমালোচনা শুরু হয়। উপদেষ্টা নিয়োগ নিয়ে বিভিন্নজনের মন্তব্য ও সমালোচনার বিষয়ে সেখ বশির বলেন, ‘যারা আন্দোলন করেছেন, তাদের আবেগের সঙ্গে আমার দ্বিমত নেই। আমি তাদের মতামতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তবে আমার ধারণা, ওনারা মিস ইনফরমড (ভুল তথ্য পাওয়া)। ওনাদের তথ্যের ভিত্তি সঠিক নয়। আমি অনুরোধ করব- উনারা যেন আরেকটু ধৈর্যশীল হয়ে সঠিক তথ্য-উপাত্ত নিয়ে আমাকে বিচার করেন।’ ‘উপদেষ্টা হওয়ার প্রতি আমার মায়া আছে, কিন্তু লোভ নেই। আমি অনেক বড় একটা প্রতিষ্ঠান ও অনেক সহকর্মীকে রেখে এসেছি। তবে দেশ সেবার সুযোগ পেলে করতে চাই।’
এ বিষয়ে একটি দৈনিক পত্রিকাকে সেখ বশির উদ্দিন বলেন, ‘আমি শুরু থেকেই ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে ছিলাম। তাদের সকল কার্যক্রমে আমাদের সম্মতি ছিল।’
তিনি বলেন, ‘গত ২৩ জুলাই দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে শেখ হাসিনার যে বৈঠক হয়েছিল, সেখানে আমি দাওয়াত পেলেও সেই ডাকে আমি সাড়া দিইনি। এমনকি ৫ আগস্ট রাস্তায় নেমে বিজয় মিছিলও করেছি।’
নতুন বাণিজ্য উপদেষ্টা আরও জানান, তিনি কখনোই আওয়ামী লীগের কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। এমন কি কখনো আওয়ামী লীগের নির্বাচনে ভোটও দেননি।
এদিকে সেখ বশির উদ্দিনের ভাই সাবেক সংসদ সদস্য সেখ আফিল উদ্দিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশকিছু বিতর্ক সৃষ্টি হয়। সে বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন নতুন উপদেষ্টা। তিনি বলেন, ‘সেখ আফিল উদ্দিন আমার ভাই হলেও আমরা গত ২৫ বছর ধরে আলাদা এবং আমরা দুই মায়ের সন্তান। তবে তাকে আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। আমাদের রাজনৈতিক আদর্শ সম্পূর্ণ ভিন্ন মতের। কেউ কারও কাজে বা ব্যবসায় হস্তক্ষেপ করি না।’
সেখ বশির উদ্দিনের এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, দেশের শীর্ষস্থানীয় ব্যবসা গ্রুপ আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা সেখ আকিজ উদ্দিনের সপ্তম ছেলে বশির উদ্দিন। তার ১৫ সন্তানের মধ্যে ১০ ছেলে, পাঁচ মেয়ে। বড় ছেলে সেখ মহিউদ্দিন আদ-দ্বীনের নির্বাহী পরিচালক। সেখ মোমিন উদ্দিন, সেখ আফিল উদ্দিন, সেখ আমিন উদ্দিন, আজিজ উদ্দিন, নাসির উদ্দিন, বশির উদ্দিন, জামিল উদ্দিন, জসিম উদ্দিন ও শামিম উদ্দিন আকিজ শিল্প গ্রুপের ব্যবসা-প্রতিষ্ঠান দেখাশোনা করেন। তবে প্রত্যেক ভাইয়ের ব্যবসা আলাদা। ১৯৯৯ সাল থেকেই তিনটি ধারায় চলে আকিজ গ্রুপের ব্যবসা। বড় মায়ের তিন ছেলে ড. সেখ মহিউদ্দিন, সেখ আফিল উদ্দিন ও সেখ মোমেন উদ্দিন, মেজো মায়ের দুই ছেলে সেখ আমিন ও সেখ মিলন এবং ছোট মায়ের পাঁচ ছেলে।
২০০৬ সালে সেখ আকিজ উদ্দিনের মৃত্যুর পর সেখ বশির উদ্দিন ৫ ভাইয়ের আকিজ গ্রুপের এমডির দায়িত্ব নেন। ২০২২ সালে তারা ২য় বার পরিবার ভাগ করেন এবং ৫ ভাই ভিন্ন ভিন্নভাবে ব্যবসা পরিচালনা শুরু করেন এবং তখন থেকেই সেখ বশির উদ্দিন নিজের গ্রুপের নামকরণ করেন আকিজ বসির গ্রুপ। সিরামিকস, পার্টিকেল বোর্ড, পাট, স্টিল, চা-সহ ১৬ ধরনের ব্যবসা পরিচালনা হচ্ছে আকিজ বশির গ্রুপের অধীনে।