সাপ-লুডু খেলার ছকে বিএনপি সরকার

হারুন ইবনে শাহাদাত
১৯ নভেম্বর ২০২৬ ১২:৫৪

জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজন সরকার ও বিরোধীদলের ঐকমত্য। কিন্তু সব চলছে উল্টোরথে। জুলাই সনদ ও গণভোট প্রশ্ন থেকে নজর সরাতে ভারতের ষড়যন্ত্রে দেশে জঙ্গিবাদী সন্ত্রাসী অপতৎপরতার নীলনকশা আঁকছে তাদের দোসর আওয়ামী লীগ। আসছে ডিসেম্বরে শেষ হবে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। তার আগে এমন অস্থিরতার নেপথ্যে চাণক্য ষড়যন্ত্রের অভিশাপ ও সাপ দেখছেন রাজনীতি বিশ্লেষকরা।
রাজনীতির অভিশাপ এবং সাপ আওয়ামী লীগমুক্ত করতে সরকারের ভূমিকায় সন্তুষ্ট নয় জনগণ। তারা তাকিয়ে আছে বিএনপি সরকার ও প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীর দিকে। তাদের প্রত্যাশা পূরণে এখনই কার্যকর পদক্ষেপ চায় জনগণ। সরকার কি পারবে তাদের প্রত্যাশা পূরণ করতে?
বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে— সাপের সাথে বসবাস না করার এ সুযোগ কাজে লাগাবে? নাকি অর্থলোভী সাপুড়ের মতো সাপের দংশনে মৃত্যুর জন্য অপেক্ষা করবে। কথাটি খুবই কঠিন এবং রহস্যজনক মনে হলেও রাজনীতির ছকে এখন বিএনপির সামনে সাপ-লুডু খেলার এমন কঠিন কঠিন পরিস্থিতি বিরাজ করছে। মাত্র একটি চালের ভুলে বিএনপি সরকার চলে যেতে পারে সাপেট পেটে। ৩৬ জুলাই বিপ্লবের পর জাতি একটি সুন্দর-সমৃদ্ধ আধিপত্যবাদমুক্ত গণতান্ত্রিক ও ইনসাফের বাংলাদেশ গড়ার দায়িত্ব তাদের হাতে তুলে দিয়েছে। গণভোটের রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করলে ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিষাক্ত সাপ কারো কোনো চান্স থাকে না। পাঁচ বছর পরপর অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। সরকারের পালাবদল হলেও গণতান্ত্রিক বন্দোস্তের আলোকে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকে অথবা বিরোধীদলে থেকে দেশ ও জনগণের জন্য কাজ করার সুযোগ পাবে। কিন্তু এর ব্যত্যয় ঘটলে ভারতের আধিপত্যবাদের ঘাড়ে সওয়ার হয়ে ফ্যাসিবাদের বিষাক্ত সাপ ফিরে আসবে। তাদের সাথে মিলেমিশে জনগণকে শোষণ, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতির সাম্রাজ্য হয়তো বড় করতে পারবে বিএনপি ও সরকার। কিন্তু তারপর সেই সাপের ছোবলে লুটের মালের দায়ে জনগণের ধাওয়া খেয়ে দেশছাড়া, নয়তো চৌদ্দশিকের ভেতর থেকে ভবলীলা সাঙ্গ হবে।
পর্যবেক্ষকদের এমন বিশ্লেষণের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে— রাজনীতির এ আলোচনায় সাপ এলো কোথা থেকে।
রাজনীতির অভিশাপ এবং সাপ
বাংলাদেশের রাজনীতির অভিশাপ এবং সাপ জাতিকে চিনিয়ে দিয়ে সতর্ক করেছিলেন বাংলাদেশের সর্বজনশ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০১২ সালের ২৬ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া রাজধানীতে তার বিভিন্ন পথসভায় বলেছিলেন, ‘সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নয়। উত্তরে তৎকালীন সংসদের উপনেতা সাজেদা চৌধুরী বলেছিলেন, ‘খালেদা জিয়া সাপ চেনেন ভালো। কারণ জাতে জাত চেনে। আওয়ামী লীগ সাপ নয়। আমরা সাপ থেকে জাতিকে রক্ষা করেছি।’ সাজেদা চৌধুরী ‘খালেদা জিয়া সাপ চেনেন ভালো’ মন্তব্য করলেও এ বিতর্কের সূচনা করেছিলেন তার দল আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা। তিনি এর আগে অর্থাৎ ২০১২ সালের নভেম্বরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘সাপ হয়ে দংশনের পর ওঝা হয়ে ঝাড়ার’ খেলা বন্ধ করতে বলেছিলেন। এর জবাবে তৎকালীন বিএনপি মহাসচিব বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আওয়ামী লীগ সাপ হয়ে দংশন করে জাতিকে নীল করে ফেলেছে। তারা ‘ওঝা’ ও ‘সাপুড়ের’ ভূমিকায় রয়েছে।
ওঝারা সাপ লালন-পালন করেন না। এ কাজ করে সাপুড়েরা। এর বিনিময়ে তারা মানুষকে ধোঁকা দিয়ে টাকা কামায়। ওঝারা সাপের দংশনের রোগীদের বিষমুক্ত করার দাযিত্ব পালন করেন। এর বিনিময়ে অধিকাংশ ওঝাই কোনো অর্থ গ্রহণ করেন না। অমঙ্গলের ভয়ে। এটি তারা করেন আক্রান্তকে সুস্থ করার সমাজ ও জনসেবার মানসিকতা থেকে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১২ সালের ডিসেম্বরে জাতিকে যে কথা দিয়েছেন, ‘আওয়ামী সাপের দংশনে নীল হয়ে যাওয়া জাতিকে বিষমুক্ত করার— এবার সেই কথা রাখার সুযোগ তারা পেয়েছেন। প্রশ্ন হলো— এ সুবর্ণ সুযোগ কি কাজে লাগাতে পারবে? পৃথিবীর অনেক দেশই পেরেছে। তাহলে বাংলাদেশ কেন পারবে না?
পৃথিবীর অনেক দেশই পেরেছে?
বিশ্ব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিভিন্ন দেশে সন্ত্রাসবাদ, সশস্ত্র বিদ্রোহ বা সংবিধানবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দল নিষিদ্ধ করার নজির রয়েছে। কারণ সন্ত্রাসী অপতৎপরতার মাধ্যমে ভয় দেখিয়ে জনমতকে নিয়ন্ত্রণের অপচেষ্টা কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না। রাজনৈতিক দল পরিচালিত হয় গণতান্ত্রিক সহিষ্ণুতার আদর্শে। গণসংযোগ, সভা-সেমিনার, শান্তিপূর্ণ মিছিল, মানববন্ধনের মাধ্যমে জনমত গঠন হলো তাদের কর্মসূচির অংশ। সংখ্যাগরিষ্ঠ জনগণের রায়ের আগে তাদেরই প্রচলিত সংবিধানের অনুসরণ করতে হবে। সংবিধান সংস্কার বা পরিবর্তনের জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষের গণরায়ের পরই তারা নিজেদের আদর্শের প্রতিফলন ঘটানোর সুযোগ পায়।
অতীতে কী করেছে, স্বাধীনতাযুদ্ধে কী ভূমিকা পালন করেছে, তার ওপর ভিত্তি করে তাদের জঙ্গিবাদী অপকর্ম ক্ষমার চোখে দেখা হয় না। কয়েকটি দেশের উদাহরণ সংক্ষেপে তুল ধরা হলো—
ইন্দোনেশিয়া : ইন্দোনেশিয়ান কমিউনিস্ট পার্টির (পিকেআই) ডাচ উপনিবেশবিরোধী স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে ১৯৬৫ সালে অবৈধপথে সামরিক শক্তি ব্যবহার করে ক্ষমতা দখলের চেষ্টা করলে সে দেশের সরকার ১৯৬৬ সালে দলটিকে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগে নিষিদ্ধ করে, যা আজও বহাল রয়েছে।
স্পেন : ইউরোপের দেশ স্পেনের রাজনৈতিক দল বাতাসুনাকে ২০০৩ সালে স্পেনের সুপ্রিম কোর্ট সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে নিষিদ্ধ করে। কারণ তারা বাস্ক অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী ‘ইটা’ (ইটিএ)-একে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতো। বাতাসুনা ইউরোপীয় মানবাধিকার আদালতে (ইসিএইচআর) নিষেধাজ্ঞা বাতিলের আবেদন করেছিলো। কিন্তু সরকার দলটির বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রমাণ উপস্থাপনের পর ইউরোপীয় মানবাধিকার আদালতও নিষেধাজ্ঞা বহাল রেখেছেন।
জার্মানি : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসিবাদের পুনরুত্থান ঠেকাতে পশ্চিম জার্মানির সংবিধানে ‘প্রতিরক্ষামূলক গণতন্ত্র’নীতি যুক্ত করা হয়। এর অধীনে ১৯৫২ সালে নব্য নাৎসি দল সোশ্যালিস্ট রাইখ পার্টি (এসআরপি) এবং ১৯৫৬ সালে কমিউনিস্ট পার্টি অব জার্মানি (কেপিডি) নিষিদ্ধ করা হয়েছে, যা আজও বহাল আছে।
ইতালি : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৩ সালের জুলাই মাসে বেনিতো মুসোলিনি ক্ষমতাচ্যুত হলে ইতালির তৎকালীন রাজা ভিক্টর ইমানুয়েল এবং মার্শাল পিয়েত্রো বাদোগলিওর সরকার ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি বিলুপ্ত ও নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর ১৯৪৮ সালের ১ জানুয়ারি ইতালির নতুন গণতান্ত্রিক সংবিধান কার্যকর হয়। এই সংবিধানের দ্বাদশ অন্তর্বর্তীকালীন ও চূড়ান্ত বিধানে বিলুপ্ত ফ্যাসিস্ট পার্টিকে যেকোনো রূপে বা নামে পুনর্গঠন করা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ১৯৫২ সালে ‘শেলবা আইন’ পাসের মাধ্যমে ফ্যাসিবাদের প্রচার ও পুনর্গঠনের চেষ্টাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়। দেশটির আইন অনুযায়ী, কোনো সংগঠন বা রাজনৈতিক দল যদি সরাসরি পুরোনো ফ্যাসিবাদী আদর্শ বা সহিংসতা ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে আদালত ও সরকারের মাধ্যমে সেটি নিষিদ্ধ করার বিধান এখনো বহাল রয়েছে।
সার্বিকভাবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, গণতান্ত্রিক উত্তরণের সময় অতীতের মানবতাবিরোধী অপরাধ ও সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী ব্যবস্থার জন্ম না হয়, সেজন্য শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশ কি পারবে
বাংলাদেশ এবং বিএনপি সরকার কি পারবে ওপরে উল্লেখিত দৃষ্টান্তগুলো অনুসণ করে জাতিকে আওয়ামী সাপমুক্ত করতে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় স্বাধীনতার আগে অবাঙালি বিহারী মুসলিমদের বিরুদ্ধে আওয়ামী লীগের গণহত্যা, ১৯৭০-এর জাতীয় নির্বাচনের আগে সব দলের মিছিল সমাবেশে হামলা, ভোট ডাকাতি এবং দেশ স্বাধীন হওয়ার পর সদ্য স্বাধীন দেশের ১৯৭৩ সালের প্রথম জাতীয় নির্বাচনে হেলিকপ্টার দিয়ে ভোট ডাকাতি, এরপর ভোটাধিকার হরণ করে ফ্যাসিজম বাকশালী শাসন এবং হাসিনার দেড় দশকের ফ্যাসিস্ট দুঃশাসনের দলিল বিশ্বের যেকোনো আদালতে তথ্য-প্রমাণসহ বিএনপি সরকার উপস্থাপন করতে পারলে ইন্দোনেশিয়ান কমিউনিস্ট পার্টি (পিকেআই), ইতালির ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি, স্পেনের রাজনৈতিক দল বাতাসুনা, জামার্নির নব্যনাৎসি দল সোশ্যালিস্ট রাইখ পার্টি (এসআরপি) এবং কমিউনিস্ট পার্টি অব জার্মানির (কেপিডি) পরিণতিই বরণ করতে হবে আওয়ামী লীগকে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা।
সরকার ও বিরোধীদলের নেতারা কী ভাবছেন
আওয়ামী লীগ ফ্যাসিস্ট ও সন্ত্রাসী দল— এতে দেশের গণতন্ত্রের পক্ষের রাজনীতি বিশ্লেষকদের মধ্যে কোনো বিতর্ক নেই। আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল নয়। একটি সন্ত্রাসী মাফিয়াগোষ্ঠী। রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট মিনার রশীদ বলেন, ‘আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, দিস ইজ মেইডিন ফর ইন্ডিয়া, অব দ্য ইন্ডিয়া, বাই দ্য ইন্ডিয়া এন্ড ফর দ্য ইন্ডিয়া।’
ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে দলটিকে একটি দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগ’ এবং পরিবারকেন্দ্রিক দল হিসেবে অভিহিত করেছেন। ২০২৬ সালের ১৬ নভেম্বর রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি আরও বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগানের অপব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও তাণ্ডব সৃষ্টির মাধ্যমে শেখ হাসিনা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক সাবেক এমপি হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও বর্তমান সরকারের ভূমিকা প্রসঙ্গে বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদ ঠেকাতে ব্যর্থ হচ্ছে এবং সাম্প্রতিক নাশকতা, বোমাবাজি ও অগ্নিকাণ্ডের মতো সহিংসতা দমনে সরকারের নিষ্ক্রিয়তা ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একাধিকবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয় বরং একটি ‘মাফিয়া পার্টি’, ‘মাফিয়া গোষ্ঠী’ এবং ‘স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি’ হিসেবে অভিহিত করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র মানেই পরস্পর সহানুভূতি ও শুভেচ্ছাবোধ। একে অপরের বিরোধ থাকতে পারে, তবে মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকার থাকতে হবে। সেজন্য বিএনপি দেশের মানুষের কাছে জনপ্রিয়। শেখ হাসিনা বিগত সাড়ে ১৫ বছর তার ফ্যাসিবাদী দুঃশাসন লুট-হরিলুটের সংস্কৃতি একটি মাফিয়া লীগ তৈরি করেছিল।
আওয়ামী লীগ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকার ও বিরোধীদল স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। তাদের মূল বক্তব্য হলো— দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না। জনগণ আর কোনো ফ্যাসিস্ট মাফিয়াদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেবে না। যারা এ অপচেষ্টা চালাবে, জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। অতএব সাবধান।

হারুন ইবনে শাহাদাত

আল্লামা ইকবাল ও মাওলানা মওদূদী
১৯ নভেম্বর ২০২৬ ১৩:৪৯

সম্পর্কিত খবর