হাসিনা ও আ’লীগের নির্বাসনই অনিবার্য পরিণতি
১২ নভেম্বর ২০২৬ ০৯:৫৯
উদার গণতান্ত্রিক ব্যবস্থার শত্রু প্রমাণিত হওয়ার পর আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছিল। সেই জাগরণে তাদের পতন হয়েছে। তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু তারপরও দেখা যাচ্ছে, একটি চিহ্নিত গোষ্ঠী এদের প্রশ্রয় দিচ্ছে। হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ধূয়া তুলে রাজধানীসহ সারা দেশে জঙ্গিবাদী তৎপরতা— বোমা হামলা, বাসে আগুন দেয়া, বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে হামলা; এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসে তালা দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। অথচ কিছু পত্রিকা তাদের রাজনৈতিক পরিচয় গোপন করে চিহ্নিত এই গোষ্ঠীকে অজ্ঞাত দুষ্কৃতকারী বলে নিউজ করছে। পুলিশের কাছ থেকে গ্রেফতার হওয়া জঙ্গিদের ছিনিয়ে নিচ্ছে।
রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, এমন আশ্রয়-প্রশ্রয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে সরকার, বিরোধীদল ও জুলাইযোদ্ধাদের জীবন বিপণ্ন হওয়ার সাথে সাথে আবার দেশ গণতন্ত্র হারাবে। আগ্রাসী ভারতের করদরাজ্যে পরিণত হবে দেশ। অতএব সাবধান। এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন আন্তর্জাতিক পর্যায়ের সমাজবিজ্ঞানী ও গবেষকরা।
সমাজবিজ্ঞানীদের সতর্কবার্তা
সভ্য সমাজে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া কেন বিপজ্জনক, সে প্রসঙ্গে ইতিহাসের অন্যতম প্রভাবশালী সমাজবিজ্ঞানী, দার্শনিক ও চিন্তাবিদ কার্ল পপার (Karl Popper) বলেছেন, ‘যদি আমরা অসহিষ্ণুদের আক্রমণের বিরুদ্ধে একটি সহনশীল সমাজকে রক্ষা করতে প্রস্তুত না থাকি, তবে সহনশীলরাই ধ্বংস হয়ে যাবে— আর তাদের সাথে বিলুপ্ত হবে সহনশীলতাও।’ (If we are not prepared to defend a tolerant society against the onslaught of the intolerant, then the tolerant will be destroyed, and tolerance with them. — Karl Popper, The Open Society and Its Enemies)
কার্ল পপারের এই তত্ত্বটি ‘সহিষ্ণুতার পারাডক্স’ (Paradox of Tolerance) নামে পরিচিত। ফ্যাসিবাদের মূল ভিত্তিই হলো উগ্রতা, ভিন্নমতের প্রতি চরম অসহিষ্ণুতা এবং মানুষের মৌলিক অধিকার হরণ করা। একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজকে টিকিয়ে রাখতে হলে ফ্যাসিবাদের মতো চরম অসহিষ্ণু ও ধ্বংসাত্মক আদর্শকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ তারা সুযোগ পেলেই পুরো সভ্য সমাজ ব্যবস্থাকেই ধ্বংস করে দেবে।
কার্ল পপারের এ দর্শনের বাস্তবতা কতটা নির্মম, তা হাসিনার দেড় দশকের দুঃশাসনে এদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রযন্ত্রকে কব্জা করে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত জনরোষ ও ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আয়নাঘর, বিচারবহির্ভূত হত্যা, গুম এবং চরম মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে গড়া তার ফ্যাসিস্ট রাজত্ব এক দিনেই ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু তার দুঃস্বপ্ন ছিল হাসিনা আজীবন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ যতদিন থাকবে, আওয়ামী লীগ ততদিন রাজত্ব করবে। এ লক্ষ্য পূরণে শেখ হাসিনার সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় ক্যাডার বাহিনীকে ব্যবহার করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিরোধী মত দমনে তৈরি করা হয়েছিল গোপন বন্দিশালা বা কুখ্যাত ‘আয়নাঘর’। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খুন, গুম, নির্বিচারে হত্যা এবং চরম নির্যাতনের মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও বঞ্চনা শেষ পর্যন্ত এমন এক তীব্র জনরোষের জন্ম দেয় যে, শত নির্যাতন ও দমন-পীড়ন চালিয়েও স্বৈরাচারী শাসক নিজের শেষ রক্ষা করতে পারেননি।
তাকে তাড়াতে ছাত্র-জনতাকে হাতে অস্ত্র তুলে নিতে হয়নি। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনেই তার পতন হয়েছে। এ সত্য ঘটনা প্রত্যক্ষ করার পরও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসের পথেই আছে। গণতান্ত্রিক আন্দোলন নয়, আইনের মুখোমুখি হয়ে নিজেদের অপরাধ স্বীকার নয়, সারা দেশে জঙ্গিবাদী তৎপরতা বাড়িয়ে ত্রাসের সৃষ্টি করে হাসিনাকে দেশে ফেরানোর নীলনকশা আঁকছে। এ পথে তাকে ফেরানো সম্ভব নয় বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের অভিমত হলো, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হাসিনার বাবা-মাসহ পরিবারের অধিকাংশ সদস্য নিহত হয়। এর কারণও একই, অর্থাৎ তার বাবাও ফ্যাসিবাদী দুঃশাসন বাকশাল কায়েম করেছিলেন। ভোটের মাধ্যমে ক্ষমতা বদল সম্ভব নয় বলে একদল দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেনাসদস্য সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য হয়।
এ ঘটনার দীর্ঘ একুশ বছর পর জনগণের কাছে ক্ষমা চেয়ে ১৯৯৬ সালে ক্ষমতায় আসার সুযোগ পেয়েছিল পতিত স্বৈরশাসক হাসিনা।। কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদ চরিত্র বদল হয়নি, তা দীর্ঘ দেড় যুগে আবার প্রমাণিত হয়েছে। এখনো বোমা হামলার মাধ্যমে জাতিকে জানাচ্ছে, তারা এখনো ফ্যাসিবাদী দর্শনই ধারণ করে।
জনমনে যত বেশি এ ধারণা বদ্ধমূল হবে তারা ফ্যাসিবাদের পথেই আছে— হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা ততই কঠিন হবে। তাছাড়া আরো কারণ আছে— ১. জাতিসংঘ তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হাসিনা ও আওয়ামী লীগ গণহত্যা করেছে। প্রায় দুই হাজার নিরীহ-নিরস্ত্র মানুষের রক্তের দাগ হাসিনার হাতে লেগেছে শুধু জুলাই আন্দোলনের সময়ই। সাড়ে পনেরো বছরের হিসাব তো আছেই। ২. পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে মোট ৬৭৩টি মামলা রয়েছে। ৫৭টিই হলো সরাসরি হত্যার অভিযোগে দায়ের করা মামলা।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) ইতোমধ্যে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরও ৬টি মামলা বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। ৩. আওয়ামী লীগের প্রতিহিংসা ও প্রতিশোধের ইতিহাস এদেশের সব নাগরিকের জানা। হাসিনা বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি রাজনীতি করেন তার বাবা-মা, ভাইদের হত্যার প্রতিশোধ নিতে। দেশ ও জনগণের জন্য আওয়ামী লীগের রাজনীতি নয়। একুশ বছর পর জনগণের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা দখলের পর সত্যি সত্যি তিনি প্রতিশোধ নিয়েছেন। বিচারবহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ডই তার প্রতিহিংসার প্রমাণ। জুলাই আন্দোলনে কোনো বিশেষ দল ও গোষ্ঠী এককভাবে ছিল না, দেশের ১৮ কোটি মানুষ রাস্তায় নেমেছিলো। হাসিনা ফিরলে তার প্রতিহিংসার অগ্নিমুখে পড়বে গোটা দেশ। তাই দেশপ্রেমিক নাগরিকরা হাসিনার স্বাভাবিক ফিরে আসা এবং আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন সহজভাবে নেবে না। বরং সরকার কিংবা এর কোনো অংশ বা কোনো সংস্থা ও ব্যক্তি এমন কিছু ঘটালে, তাদের জনগণ ক্ষমা করবে না। গণপ্রতিরোধে তাদের অস্তিত্ব বিপণ্ন হবে। তাই কেউ আইনগত পদক্ষেপ ছাড়া তাদের ফিরে আসা মেনে নেবে না। ফিরে এলে দ্রুত শাস্তি বাস্তবায়ন না করলে সরকার জনরোষে পড়বে। তাই সরকার ও বিরোধীদল কেউ চায় না প্রত্যর্পণ চুক্তি পাশ কাটিয়ে অন্য কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় হাসিনা দেশে ফিরুক। ফ্যাসিবাদী দল রাজনীতিতে ফিরুক, তাও কেউ চায় না।
হাসিনার ফেরা নিয়ে সরকারের বক্তব্য
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদনকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ অপরাধীদের পাসপোর্ট দেয় না। বরং সরকার তাদের প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় ফিরিয়ে এনে তাদের সাজা কার্যকর করতে চায়।
হুমায়ুন কবির বলেন, ‘তিনি (শেখ হাসিনা) পালিয়ে গেছেন। নতুন পাসপোর্ট নিয়ে ফিরে আসার নাটক করার কোনো সুযোগ নেই। তিনি যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে তার জন্য একটি সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তিনি ভারত সরকারকে বলতে পারেন যেন এই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। তিনি ফিরে আসুন, আদালতে আত্মসমর্পণ করুন এবং নিজের সাজা ভোগ করুন।’ গত ৮ নভেম্বর রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ ই-মেইলের মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার জন্য পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন জানিয়েছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশন ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তবে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আবেদনটি সত্যিই শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। কারণ আইনি প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলে শেখ হাসিনার স্বাক্ষরিত কোনো অনুমোদনের নথি বা পরিচয়পত্র ছিল না। সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্য কোনো সংস্থা আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির সুনির্দিষ্ট অনুমোদনের প্রয়োজন হয়।
প্রতিমন্ত্রী যুক্তরাজ্যভিত্তিক ওই আইনি প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিটিকে আইনি, নৈতিক ও নীতিগত— সবদিক থেকেই দুর্বল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘যেকোনো ল ফার্মের (আইন বিষয়ক প্রতিষ্ঠান) জানা উচিত যে তাদের মক্কেল আসলে কে। তাদের মক্কেল এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারেরও বেশি মানুষকে হত্যার পর বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন।’
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা অর্থের পেছনে না ছুটে, ওই প্রতিষ্ঠানের উচিত কিছু নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা। তিনি উল্লেখ করেন, একজন পলাতক অপরাধীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তাদের জন্য কেবল বিব্রতকর পরিস্থিতিই ডেকে আনবে। হুমায়ুন কবির আরও বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কোনো কাজে আসবে না। তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।
শেখ হাসিনার এই পদক্ষেপকে বাংলাদেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তারা মনে করছেন, ডিসেম্বর মাসে ফিরে আসার যে কথা তিনি বলছেন, তারই ক্ষেত্র তৈরি করতে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডাকা হয়েছে। সারা দেশে এর তেমন কোনো তৎপরতা দেখা না গেলেও গোপালগঞ্জ-নোয়াখালীসহ সেখানে সামান্য টের পাওয়া গেছে, তাও শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের ভাষা নয়, সন্ত্রাস ও জঙ্গিবাদী তৎপরতা। সরকার এ তৎপরতাকে আশকারা দিলে দেশ বিপদে পড়বে।
জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের কারণে বিশ্ব জনমত এখনো হাসিনা ও আওয়ামী লীগের বিপক্ষে। তারা ফ্যাসিবাদের উত্থান চায় না।
বিশ্ব জনমত এখনো হাসিনা ও আওয়ামী লীগের বিপক্ষে
জাতিসংঘের বিভিন্ন তদন্ত প্রতিবেদনেও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জোরালো চিত্র উঠে এসেছে। গণতন্ত্র হত্যা এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের দায়ে অভিযুক্ত এই সাবেক শাসক বিশ্ববাসীর কাছে একজন চিহ্নিত ফ্যাসিস্ট হিসেবে পরিচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন। এর আগে হিউম্যান রাইটস ওয়াচসহ(HRW) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও তার মানবতাবিরোধী কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল।
এখন অবশ্য হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না— এমন নিশ্চয়তা আদায়ে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়ে ৬ ব্রিটিশ রাজনীতিকের চিঠি ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের অনেকে মনে করছেন, হাসিনা দেশে ফিরবে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি বিশ্লেষণ করে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, বলা যত সহজ, করা ততই কঠিন। কারণ তারা তার বিচারের বিরোধিতা করেনি। তারা স্বচ্ছতার দাবি করেছেন। ইউরোপে মৃত্যুদণ্ড নিষিদ্ধ তাই এমন লবিস্ট গোষ্ঠী টাকার বিনিময়ে এমন দাবি বরাবরই করে থাকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সময়ও এমন দাবি করেছিলো পশ্চিমা বিশ্ব ও আমেরিকা। কিন্তু তারা তাকে বাঁচাতে পারনি।
এছাড়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসও বড় নির্মম। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে গণহত্যার মতো কোনো বড় অভিযোগ ছিলো না। তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন, তারপরও তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল আওয়ামী লীগের আজ্ঞাবাহী আদালত। বেগম খালেদা জিয়াকে হাসিনা সরকারের পতনের পূর্ব পর্যন্ত আমৃত্যু কারানির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুর জন্যও আওয়ামী লীগ দায়ী। প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীর শীর্ষনেতাদের বিচারের নামে ক্যাঙ্গারু কোর্টের রায়ে হত্যা করা হয়েছে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে, বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে শেখ হাসিনার দেশত্যাগের কোনো তুলনাই চলে না। তারেক রহমান কোনো খুন বা গণহত্যা চালিয়ে দেশ ছাড়েননি; তিনি তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। অন্যদিকে শেখ হাসিনা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়ে দেশ থেকে পালিয়েছেন।
ইতিহাসের এসব দৃশ্যপট বলে, হাসিনার নৈতিক মনোবল তাকে দেশে ফিরে কারাগার কিংবা ফাঁসিমঞ্চে যাওয়ার সায় দেবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে বব ব্ল্যাকম্যানও এমন ইঙ্গিত দিয়েছেন।
বব ব্ল্যাকম্যানের ইঙ্গিত
ব্রিটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে গত ৪ নভেম্বর প্রকাশিত এক নিবন্ধে বব ব্ল্যাকম্যান জানান, সহকর্মী আইনপ্রণেতাদের নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের স্বাধীন তদন্ত ও ন্যায়বিচারের পাশাপাশি অভিযুক্তের মানবাধিকার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তারা স্পষ্ট করেছেন, শেখ হাসিনার জন্য দায়মুক্তি কিংবা আগাম কোনো বিচারিক সিদ্ধান্ত চান না।
চিঠিতে চারটি বিষয়ে ব্রিটিশ সরকারের উদ্যোগ চাওয়া হয়েছে। প্রথমত, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে লিখিত নিশ্চয়তা এবং আটকের ক্ষেত্রে নির্যাতন, গুম ও সহিংসতার ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিত করা। দ্বিতীয়ত, তার পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং কার্যকর আইনি প্রতিকার নিশ্চিত করা। তৃতীয়ত, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহযোগিতায় বিচার প্রক্রিয়া ও সংশ্লিষ্ট অভিযোগের স্বাধীন তদন্ত এবং পর্যবেক্ষণের ব্যবস্থা করা। চতুর্থত, রাজনৈতিক সহিংসতা, প্রতিশোধ ও ভয়ভীতি বন্ধে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজনে কূটনৈতিক সহযোগিতা দেওয়া।
বব ব্ল্যাকম্যানের নিবন্ধে বলা হয়, ঢাকার ব্রিটিশ হাইকমিশনকে বাংলাদেশের সরকার, অংশীদার দেশগুলোর কূটনৈতিক মিশন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রস্তাবিত পদক্ষেপ ও মধ্যস্থতার সময়সূচি লিখিতভাবে জানাতেও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। যুক্তরাজ্য সরকার নীতিগতভাবে সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছে।
বিশ্ব জনমত ও আইনি পরিণতি নিয়ে ঐকমত্য
বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারের বিষয়ে দেশবাসীর মনে বা আন্তর্জাতিক অঙ্গনে কোনো নৈতিক মতপার্থক্য নেই। তিনি এখন একজন আইনগতভাবে দণ্ডিত আসামি। ফলে দেশে ফেরার পর তাকে আদালতের মুখোমুখি হতে হবে এবং নির্ধারিত সাজা ভোগ করতে হবে।
সন্ত্রাস ও গণহত্যার সুনির্দিষ্ট দায়ে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগ ইতোমধ্যে রাজনৈতিক ও আইনগতভাবে নিষিদ্ধ হয়েছে। বিগত সাড়ে ১৫ বছর ধরে যারা দেশজুড়ে হত্যা, লুণ্ঠন ও ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল, তারা আজও দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী ও জঙ্গিমূলক কর্মকাণ্ড চালানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রত্যর্পণ বিতর্ক ও ইতিহাসের নির্মম বাস্তবতা
বর্তমানে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কূটনৈতিক আলোচনা চলছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি আইনি প্রক্রিয়ায় ফিরবেন। অন্যদিকে বাংলাদেশ সরকারের জোরালো দাবি— যেহেতু তিনি একজন সাজাপ্রাপ্ত ও দণ্ডিত আসামি, তাই বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে অবিলম্বে ফেরত পাঠাতে হবে। তবে ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসক ক্ষমতাচ্যুত হয়ে পুনরায় দেশে ফিরে আসার কোনো নজির নেই। বিশ্লেষকদের মতে, নিশ্চিত মৃত্যুদণ্ড এবং চরম জনরোষের ঝুঁকি মাথায় নিয়ে শেখ হাসিনা সহজে স্বেচ্ছায় দেশে ফিরবেন না। একইসাথে তার অনুসারী বা পলাতক নেতারাও নিজেদের আখের গোছাতে ব্যস্ত, ফলে নির্বাসিত জীবনই তাদের অনিবার্য পরিণতি হয়ে দাঁড়িয়েছে।