ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য সময়ের অপরিহার্য দাবি
১৯ নভেম্বর ২০২৬ ১৩:৪৯
সারা দেশে হত্যা, সন্ত্রাস ও জঙ্গি হামলা চালাচ্ছে গণহত্যাকারী নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা এসব অপকর্মের দ্বারা নিজেদের চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করার বৈধতা নিশ্চিত করছে।
আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় বহুদলীয় রাজনীতির চর্চা একটি মৌলিক অধিকার। আমরা নীতিগতভাবে কখনো কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। তবে যখন কোনো গোষ্ঠী গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে ফ্যাসিবাদের আদর্শ হিসেবে গ্রহণ করে, তখন তা আর স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না।
বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, দলটির কর্মকাণ্ডে গণতান্ত্রিক সহনশীলতার অভাব ছিল স্পষ্ট। ইতিহাসের বিভিন্ন বাঁকে দলটির বিরুদ্ধে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। ১৯৫৪ সালের নির্বাচনের পর ভোট না দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের আদমজীতে চারশত অবাঙালি মুসলমানকে হত্যা করেছে। ১৯৭০-এর নির্বাচনের পূর্বে তৎকালীন জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশে হামলা চালিয়ে নিরস্ত্র রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে। ১৯৬৯ থেকে ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন ও পরবর্তী সময়ে হাজার হাজার অবাঙালি মুসলমান হত্যার ঘটনা ইতিহাসে প্রমাণিত। তাছাড়া স্বাধীন বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর জাসদসহ ভিন্নমতাবলম্বী রাজনৈতিক আদর্শের প্রায় ৩৬ হাজার নেতা-কর্মীকে হত্যার ঘটনাও কারো অজানা নয়।
গত দেড় দশকে শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চরম ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল। ২০০৯ সালে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে অভিযানের নামে কয়েকশত নিরীহ মাদরাসার এতিম ছাত্রকে হত্যা করেছে তারা। হাসিনার দুঃশাসনমালে অসংখ্য গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ‘আয়নাঘর’র মতো গোপন বন্দিশালা তৈরি করে ভিন্নমত দমনের ঘটনাগুলো মানবাধিকার লঙ্ঘনের চরম দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়ে আছে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে এবং ৫ আগস্ট পর্যন্ত চালিত নির্বিচারে গুলিবর্ষণ করে প্রায় ২০০০ নিরীহ-নিরপরাধ ছাত্র-জনতাকে হত্যা করেছে। আহত করেছে প্রায় ৪০ হাজার মানুষকে। এসব হত্যাকাণ্ডের ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। জাতিসংঘ তদন্ত প্রতিবেদনে তা তুলে ধরে বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জুলাই বিপ্লবের পর পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিশেষ করে সম্প্রতি বিভিন্ন গুজব ছড়িয়ে এবং নাশকতার মাধ্যমে দেশে পুনরায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে। বোমা হামলা, যানবহন ও অফিসে অগ্নিসংযোগ এবং সাধারণ মানুষকে পুড়িয়ে মারার মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির অপতৎপরতা অব্যাহত রেখেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী চরিত্রের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মানির নাৎসি বাহিনী এবং ইউরোপের ফ্যাসিস্ট গোষ্ঠীগুলোর সাদৃশ্য রয়েছে বলে তাদের গবেষণা নিশ্চিত করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও আমেরিকায় যেমন মানবতাবিরোধী অপরাধের দায়ে নাৎসি ও ফ্যাসিস্টদের রাজনীতির অধিকার চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। তাদের আর কখনো রাজনীতিতে ফিরে আসতে দেয়া হয়নি। এশিয়ার রাজনীতিবিদদেরও আজ এই ধরনের দায়িত্বশীল ও কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। পশ্চিমা বিশ্ব যখন মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলে, তখন তাদের সামনেও এই বাস্তবতায় জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন— তারা যদি নিজ দেশে নাৎসি ও ফ্যাসিস্টদের রাজনীতির অনুমতি না দেয়, তবে বাংলাদেশেও গণহত্যামূলক অভিযুক্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে ওকালতি করার নৈতিক অধিকার তাদের নেই।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জাতীয় সংসদে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে, আওয়ামী লীগের পরিণতি হবে জার্মানির নাৎসিদের মতো। দেশের সাধারণ মানুষ ও গণতন্ত্রকামী জনতা সরকারের এই বক্তব্যের কেবল মৌলিক প্রতিশ্রুতি নয়, বরং আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ায় এর দ্রুত বাস্তবায়ন দেখতে চায়। রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের উত্থান রুখতে অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার ও ফ্যাসিবাদী রাজনীতির চিরতরে অবসান ঘটানোই এখন সময়ের প্রধান দাবি। এজন্য প্রয়োজন আওয়ামী অপশক্তির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ সুদৃঢ় অবস্থান।