সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ


২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৬

ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন : ডুজারিক
ইরানকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। স্থানীয় সময় গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিয়মিত ব্রিফিং চলাকালে চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, ‘জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে ইরানের স্থায়ী মিশন যে চিঠি পাঠিয়েছে সে প্রসঙ্গে আমি আপনাদের বলতে পারি যে, এ অঞ্চলে সামরিক তৎপরতা, যুদ্ধমহড়া অথবা কেবল সামরিক নৌ-উপস্থিতি বৃদ্ধির কারণে আমরা যে তীব্র ভাষায় বক্তৃতা দেখতে পাচ্ছি। এতে আমরা খুবই উদ্বিগ্ন।’ তিনি আরো বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইরান উভয়কেই মতপার্থক্য মেটাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করছি।’ চিঠিতে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানিয়েছেন, ‘যেকোনো সামরিক আগ্রাসনের জবাবে দেশটি দৃঢ় ও সমানুপাতিক প্রতিক্রিয়া জানাবে এবং জাতিসংঘ সনদের অধীনে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।’ তিনি নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ মহাসচিবকে খুব দেরি হয়ে যাওয়ার আগেই পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। ডুজারিকের মতে, ইরানের স্থায়ী মিশনের অনুরোধ অনুযায়ী চিঠিটি জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ উভয়ের কাছেই পাঠানো হয়েছে। ইউএনবি।

ভারতে সাহরিতে ডাকতে মসজিদের মাইক ব্যবহার নিষিদ্ধ
পবিত্র রমজান মাসেও মসজিদে লাউডস্পিকার ব্যবহারের নিষেধাজ্ঞা বহাল রেখেছে ভারতের উত্তরপ্রদেশ সরকার। ফলে মসজিদের মাইক ব্যবহার করে সাহরিতে রোজাদারদের ডাকা যাবে না বলে জানিয়েছেন রাজ্যটির অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় একটি পত্রিকা জানিয়েছে, রাজ্যের বিধানসভায় সুরেশ কুমার খান্না বলেছেন, রমজানেও মসজিদে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত লাউডস্পিকার বাজানো যাবে না। এর আগে, সাহরি ও ইফতারের সময় মাইক ব্যবহারের অনুমতি চাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের অর্থমন্ত্রী সরকারের লাউডস্পিকারের ওপর কঠোর অবস্থান ধরে রেখে একথা জানান। সাহরি ও ইফতারের সময় মাইক ব্যবহারের অনুমতি চান সমাজবাদী পার্টির বিধায়ক কামাল আখতার। তিনি সরকারের কাছে আবেদন করেন যে মসজিদগুলোকে সেহরি ও ইফতারের জন্য সংক্ষিপ্ত ঘোষণা করার অনুমতি দেয়া হোক। আখতার যুক্তি দেন যে, হোলি, দীপাবলি, দশেরা, কাঁওয়ারযাত্রা এবং খ্রিস্টান ও শিখ উৎসবসহ সকল ধর্মের মানুষ রাজ্যজুড়ে অবাধে উদযাপন করে এবং পবিত্র মাসে মসজিদগুলোকেও একইভাবে সম্প্রসারিত করা উচিত। তিনি উল্লেখ করেন, মসজিদ থেকে সংক্ষিপ্ত ঘোষণা ঐতিহ্যগতভাবে রোজাদারদের সাহরি ও ইফতারের সময়সূচির হিসাব রাখতে সাহায্য করে আসছে। সিয়াসত ডেইলি।

পাক-আফগান উত্তেজনা চরমে
পাকিস্তানর সেনাবাহিনী গত রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানি সামরিক সূত্রের দাবি, অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী গোষ্ঠীর অন্তত সাতটি ঘাঁটি ধ্বংস হয়েছে এবং ৮০-এর বেশি জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের তথ্যমতে, নাঙ্গারহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে ‘গোয়েন্দাভিত্তিক নির্দিষ্ট অভিযান’ চালানো হয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ভেতরে আত্মঘাতী হামলা ও সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতার জন্য টিটিপিকে দায়ী করে ইসলামাবাদ বলছে, হামলাগুলোর নির্দেশনা আফগান ভূখণ্ড থেকেই দেওয়া হচ্ছিল। অভিযানে ইসলামিক স্টেটÑ খোরাসান প্রদেশ (আইএসকেপি)-ঘনিষ্ঠ উপাদানকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি। এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তালেবান প্রশাসন হামলাকে ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। কাবুলের দাবি, নাঙ্গারহারের বিহসুদ জেলায় একটি ধর্মীয় মাদরাসা ও বেসামরিক বসতবাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য ও ত্রাণ সূত্রের বরাতে জানানো হয়েছে, হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং নারী-শিশুসহ বহু মানুষ আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও লোক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। আফগান পক্ষ পাকিস্তানের ‘৮০ জঙ্গি নিহত’ দাবিকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এ হামলার উপযুক্ত ও পরিমিত জবাব দেওয়া হবে।’ সর্বশেষ তথ্যানুযায়ী, ডুরান্ড লাইনের বিভিন্ন পয়েন্টে সীমান্ত নজরদারি জোরদার করেছে দুই দেশ। অতিরিক্ত সেনা মোতায়েন ও আকাশপথে টহল বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং কিছু এলাকায় সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। প্রসঙ্গত, গত বছর অক্টোবরেও সীমান্ত সংঘর্ষে উভয় দেশের সেনা ও বেসামরিক নাগরিক হতাহত হয়। বিশ্লেষকদের মতে, টিটিপি ইস্যু এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের অবিশ্বাস দুই দেশের সম্পর্ককে জটিল করে রেখেছে। রমজান মাসের প্রাক্কালে এ হামলা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। ডন।

বিশ্বজুড়ে ‘পেশিশক্তির আধিপত্য’ বাড়ছে : জাতিসংঘ মহাসচিব
বিশ্বজুড়ে মানবাধিকার ‘পূর্ণমাত্রায় আক্রমণের’ মুখে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘প্রভাবশালীরাই অনেক সময় এ প্রবণতায় নেতৃত্ব দিচ্ছেন।’ জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল) উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আইনের শাসনকে পেশিশক্তির শাসন পরাস্ত করছে। এ আক্রমণ হঠাৎ করে আসছে না। এটি সবার চোখের সামনেই ঘটছে। আর প্রায়ই নেতৃত্ব দিচ্ছেন তারাই, যারা সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী।’ মহাসচিব নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করলেও ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের নিন্দা জানান। তিনি বলেন, ‘চার বছরের সহিংসতায় সেখানে ১৫ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। রক্তপাত বন্ধ করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।’ এছাড়া জাতিসংঘ মহাসচিব দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ‘মানবাধিকার, মানবিক মর্যাদা ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘনের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘ইসরাইলি দখলদারিত্বের অধীনে থাকা ওই সংঘাতপূর্ণ এলাকায় বর্তমান গতিপথ স্পষ্ট, পরিষ্কার ও উদ্দেশ্যমূলক দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে প্রকাশ্যে সরিয়ে দেয়া হচ্ছে।’ এ সময় গুতেরেস জোর দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় এটি ঘটতে দিতে পারে না। শুধু যুদ্ধবিধ্বস্ত এলাকাই নয়, বিশ্বজুড়েই অধিকার ক্ষয় হচ্ছে। বিশ্বজুড়ে মানবাধিকার ইচ্ছাকৃতভাবে, কৌশলগতভাবে ও কখনো কখনো গর্বের সাথেই পিছিয়ে দেয়া হচ্ছে।’ অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে ব্যাপক মানবিক ভোগান্তিকে অজুহাতে ঢেকে ফেলা হয়। মানুষকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এবং আন্তর্জাতিক আইনকে তুচ্ছ বাধা হিসেবে দেখা হয়।’ এ সময় মানবাধিকার ভেঙে পড়লে অন্য সব কিছুই ভেঙে পড়বে বলে সতর্ক করেন মহাসচিব। গুতেরেস বলেন, ‘মানবাধিকারের প্রতি সম্মানের সঙ্কট প্রতিটি বৈশ্বিক ভাঙনকে প্রতিফলিত ও তীব্রতর করছে। মানবিক চাহিদা বাড়ছে অথচ তহবিল কমছে এবং একই সময়ে বৈষম্য দ্রুত বাড়ছে। দেশগুলো ঋণ ও হতাশায় ডুবে যাচ্ছে।’ জাতিসংঘ মহাসচিব বলেন, ‘জলবায়ু বিপর্যয় ত্বরান্বিত হচ্ছে। প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এমনভাবে ব্যবহৃত হচ্ছে, যা অধিকার দমন করছে, বৈষম্য বাড়াচ্ছে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অনলাইন ও অফলাইনে নতুন ধরনের বৈষম্যের মুখে ফেলছে। প্রতিটি ক্ষেত্রে যারা আগে থেকেই ঝুঁকিপূর্ণ, তারা আরো প্রান্তিক হয়ে পড়ছে।’ এ প্রবণতা ঠেকাতে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান জাতিসঙ্ঘ প্রধান। জাতিসংঘ মহাসচিব জোর দিয়ে বলেন, ‘জাতিসংঘ সনদ, সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের দলিলগুলো কোনো পছন্দমতো বেছে নেয়ার মেনু নয়। তিনি বলেন, ‘নেতারা পছন্দের অংশটা নেবেন আর বাকিটা উপেক্ষা করবেন, এটি চলতে পারে না।’ বাসস।

মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে আরববিশ্বে সমালোচনা
মধ্যপ্রাচ্য ও ইসরাইল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আরব দেশগুলোয় কড়া সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি এক সাক্ষাৎকারে ইঙ্গিত দেন যে মধ্যপ্রাচ্যের বিশাল একটি অংশের ওপর ‘বাইবেলসম্মত অধিকার’ রয়েছে ইসরাইলের। এমনকি ইসরাইল যদি ওইসব অংশে সম্প্রসারণ ঘটাতে চায়, তা সমর্থনযোগ্য। এর অর্থ এই দাঁড়ায় যে, ইসরাইল চাইলে ওইসব অঞ্চল বা দেশকে দখল করে নিতে পারে। এটা তাদের বৈধ অধিকার। কিন্তু তার এমন মন্তব্যকে আরব বিশ্ব ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘বেপরোয়া’ বলে অভিহিত করেছে। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, মাইক হাকাবি সাবেক ব্যাপ্টিস্ট ধর্মযাজক এবং ইসরাইলের একজন দৃঢ় সমর্থক। তিনি কট্টর ডানপন্থী ভাষ্যকার ও ইসরাইল সমালোচক টাকার কার্লসনের পডকাস্টে সম্প্রতি কথা বলছিলেন। প্রকাশিত ওই পর্বে হাকাবিকে বাইবেলের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন করেন কার্লসন, যা অনেক সময় এমনভাবে ব্যাখ্যা করা হয় যে ইসরাইল মিশরের নীল নদ থেকে শুরু করে সিরিয়া ও ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের দাবিদার। এর জবাবে মাইক হাকাবি বলেন, তারা (ইসরাইল) যদি সবটাই নিয়ে নেয়, তাতেও সমস্যা নেই। তবে পরে চাপের মুখে তিনি বলেন, ইসরাইল ‘এসবের সবটাই নেয়ার দাবি করছে না’ এবং মন্তব্যটি ‘কিছুটা অতিরঞ্জিত’ ছিল। কয়েকটি আরব দেশ মার্কিন কূটনীতিকের এ মন্তব্যের কঠোর সমালোচনা করে। সৌদি আরব মন্তব্যটিকে ‘বেপরোয়া’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দেয়। জর্ডান বলেছে, এটি এ ‘অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্বের ওপর আঘাত।’ কুয়েত একে ‘আন্তর্জাতিক আইনের নীতিমালার সুস্পষ্ট লংঘন’ বলে উল্লেখ করেছে। ওমান জানিয়েছে, এ মন্তব্য এ ‘অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে।’ এএফপি।

ভারতে জাকাত সংগ্রহ করতে গিয়ে হিন্দুত্ববাদীদের হামলার শিকার ৩ মুসলিম
ভারতে আবারো হিন্দুত্ববাদীদের পৈচাশিকতার শিকার মুসলমানরা। এবার একটি মুসলমান মহল্লায় জাকাত সংগ্রহের সময় হামলার শিকার হলেন তিন মুসলিম ব্যক্তি। ভারতের উত্তরপ্রদেশের বাদোয়ান জেলায় এ ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। গত ২৩ ফেব্রুয়ারি সোমবার পাকিস্তানের সংবাদপত্র ডেইলি জং জানিয়েছে, এরই মধ্যে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আর হামলার শিকার ওই তিন ব্যক্তি হলেন- আব্দুস সালাম (৬০), মোহাম্মদ আরিফ (৩৫) ও জাভেদ খান (৫৫)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী একজন হিন্দু মোটরসাইকেল আরোহীর কাছে মুসলিম মহল্লার রাস্তা জিজ্ঞেস করেন তিনজন মুসলমান ব্যক্তি। তাদের কাছ থেকে জাকাত সংগ্রহের বিষয়টি জেনেই তাদের মারধর ও গালিগালাজ করতে থাকেন ওই কট্টর হিন্দু ব্যক্তিটি। ভিডিওটি কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরাও তার বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করেছে। ভিডিওটি বিশ্বব্যাপী বেশ তোলপাড় সৃষ্টি করেছে এবং এর মাধ্যমে ভারতে মুসলিম নিপীড়নের মাত্রা আবারো সবার সামনে উন্মোচিত হয়েছে। তবে পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় আইনবিরোধী পদক্ষেপ নেয়ায় ওই ব্যক্তির নামে মামলা হয়েছে এবং এরপর তাকে গ্রেফতার করে বিষয়টির ‘গভীর তদন্ত’ করা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন অংশে মারাত্মক মুসলিম নির্যাতনের খবর গণমাধ্যমে এসেছে। বিশেষ করে গো-রক্ষা আন্দোলনের নামে কট্টর হিন্দুত্ববাদীদের দ্বারা অনেক মুসলমান হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া বাংলাদেশি সন্দেহেও অনেককে নির্যাতন ও আটকের ঘটনাও ঘটেছে। ডেইলি জং।

প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করতে মালয়েশিয়ায় নতুন আইন
জবাবদিহি বৃদ্ধি এবং নির্বাহী ক্ষমতার অতিরিক্ত ব্যবহার রোধের লক্ষ্যে মালয়েশিয়া গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর দায়িত্বকাল সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ রাখতে নতুন আইন প্রণয়ন করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে এতদিন প্রধানমন্ত্রী কত মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন তার কোনো নির্দিষ্ট সীমা ছিল না। দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দুই দফায় মোট ২৪ বছর ক্ষমতায় ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতি দমন ও সুশাসন জোরদারের অংশ হিসেবে দুই মেয়াদের সীমা নির্ধারণের ঘোষণা দেন। ২০২২ সালের নির্বাচনী ইশতেহারেও তার নেতৃত্বাধীন পাকাতান হারাপান (পিএইচ) জোট এ প্রতিশ্রুতি দিয়েছিল। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সংস্কার প্রক্রিয়ার ধীরগতির কারণে সমালোচনা রয়েছে। কেউ কেউ মনে করছেন, আগামী বছরের সাধারণ নির্বাচন সামনে রেখে শহুরে ভোটারদের আকৃষ্ট করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আনোয়ার গত সপ্তাহে বলেন, আইনটি কার্যকর হলে সেটি প্রথমে তার ওপরই প্রযোজ্য হবে। তার ভাষায়, দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য ১০ বছর যথেষ্ট সময়। তিনি বলেন, ‘আমি অন্যদের জন্য আইন তৈরি করব না। আইনটি প্রথমে আমার ওপর প্রয়োগ করতে হবে।’ প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তন পাস করতে হলে নিম্নকক্ষের ২২২টি আসনের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ১৪৮ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে। এএফপি।

ফিলিস্তিনে গণহারে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে ইসরাইল
অধিকৃত পশ্চিমতীরে গণহারে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। রমজান মাস শুরু হওয়ার পর থেকে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এদের মধ্যে নারী, শিশু এবং ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরাও রয়েছেন। গত ১৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইলি সেনাবাহিনী জেরুসালেমসহ পশ্চিমতীরের বিভিন্ন স্থানে গ্রেপ্তার অভিযান জোরদার করেছে। রমজানের সাজসজ্জা নিষিদ্ধ এবং পবিত্র মাস উদযাপন সীমিত করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি কর্তৃপক্ষ অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের রমজানের প্রথম জুমার নামাজ আদায় করতে বাধা দেয়। যদিও তাদের কাছে পূর্বে জারি করা অনুমতিপত্র ছিল। অধিকার গোষ্ঠীর মতে, বর্তমানে ৯,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দি রয়েছেন, যার মধ্যে ৩৫০ জন শিশু। সংগঠনটি জানায়, গাজায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে প্রায় আড়াই বছর ধরে হাজার হাজার বন্দিকে সামান্য খাবার দেয়ার নীতি গ্রহণ করেছে ইসরাইল। বন্দিদের জামাতে নামাজ পড়ার অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। কিছু আটক কেন্দ্রে তাদের কুরআন পড়তে এবং নামাজ পড়তেও বাধা দেওয়া হয়েছে। ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার কারণে অনেক ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। আল-জাজিরা।

রমজানই আমার বছরের সবচেয়ে প্রিয় মাস : মেয়র মামদানি
পবিত্র রমজান শুরু হওয়ার পর মাসটিকে নিজের জীবনের সবচেয়ে প্রিয় সময় হিসেবে উল্লেখ করেছেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে তার এ অনুভূতির কথা তুলে ধরা হয়েছে। রমজানের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে মেয়র মামদানি বলেন, এটি কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার বিষয় নয়; বরং আত্মসমালোচনা, আত্মশুদ্ধি ও সামাজিক সংহতির এক বিশেষ সময়। রমজানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হালকা রসিকতার সুরে তৃষ্ণার কথা উল্লেখ করলেও জোর দিয়ে বলেন, এ মাস মানুষকে আত্মিক পরিশুদ্ধি ও আর্তমানবতার পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। নিউইয়র্ক সিটিতে বর্তমানে প্রায় ১০ লাখের বেশি মুসলমান রোজা পালন করছেন। মেয়র মামদানি নিজেও রোজা রেখে নিয়মিত দাপ্তরিক দায়িত্ব ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি এক আবাসন-সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, বিভিন্ন ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশ নিয়ে নগরীর বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। কাজের ব্যস্ততার মধ্যেও সাহরি করা কিংবা রাতের শিফটে কর্মরতদের সঙ্গে স্বল্প সময়ের ইফতার ভাগ করে নেওয়াকে তিনি বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখেন। রমজান উপলক্ষে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি ইউটিউবে একটি ‘রমজান মোবারক’ বার্তাও প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনেও রমজান তার কাছে আবেগঘন। উগান্ডার কাম্পালায় শৈশব কাটালেও পরবর্তীতে বিভিন্ন মহাদেশে বেড়ে ওঠায় তার জীবনদর্শনে বহুসাংস্কৃতিক প্রভাব স্পষ্ট। সেই বৈচিত্র্যের ছাপ দেখা যায় তার ইফতারের টেবিলে। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে তিনি দেখান, তার ইফতারে মধ্যপ্রাচ্যের ফালাফেল, কাবাব, হুমুস ও ডলমাসের পাশাপাশি দক্ষিণ এশীয় পকোড়া, জিলাপি ও সামোসাও রয়েছে। মেয়র মামদানি মনে করেন, রমজানের শৃঙ্খলা ও ত্যাগের শিক্ষা ব্যক্তি ইবাদতের গণ্ডি ছাড়িয়ে সমাজে সংহতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। তার মতে, এই সহমর্মিতা যদি সারা বছর ধরে রাখা যায়, তবে নিউইয়র্কের মতো ব্যস্ত নগরীতেও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। গালফ নিউজ।

কলম্বিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে রমজান
দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় খ্রিস্টধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ এবং তাদের প্রায় ৬৩ শতাংশ ক্যাথলিক। দেশটিতে মুসলিমদের সংখ্যা প্রায় ৮৫ হাজার থেকে এক লাখের মধ্যে এ মোট জনসংখ্যার অতি ক্ষুদ্রাংশ হলেও কলম্বিয়ার রাজধানী বোগোতা ও মেদেয়িনসহ বিভিন্ন শহরের সাজসজ্জা, নামাজ এবং সমবেত ইফতারের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের রমজান। মেদেয়িনে চার বছর আগে মিশর থেকে আগত ইমাম মু‘তাসেম আবদো বলেন, ‘মসজিদে যারা আসেন তাদের বেশিরভাগই স্থানীয় নাগরিক। তবে ত্রিনিদাদ ও টোবাগো, তিউনিসিয়া, পাকিস্তান এবং বিভিন্ন আরব দেশ থেকেও মুসল্লিরা আসেন। মুসলিম সম্প্রদায়ের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় নতুনরা প্রায়ই নিজ দেশের উৎসবমুখর অভিজ্ঞতার জন্য আকুলতা অনুভব করেন।’ বিশ শতকের শুরুতে উসমানীয় সাম্রাজ্যের পতনের পর লাতিন আমেরিকায় মুসলমানদের আগমন বৃদ্ধি পায়। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে অভিবাসন ঘটে। ২০২০ সালে সীমান্তবর্তী শহর মাইকাও-এ দেশের প্রথম মুসলমান পৌরপ্রধান নির্বাচিত হন। বর্তমানে কলম্বিয়ায় ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এবং ইবাদতালয়গুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বোগোতার পশ্চিমাঞ্চলে কুর্তুবি ইসলামী কেন্দ্রের শায়খ আহমাদ কুর্তুবি জানান, তার জামাতে প্রায় ১০ থেকে ১৫টি ভিন্ন দেশের মানুষ সমবেত হন। সরকারি পরিসংখ্যান না থাকলেও তিনি লক্ষ্য করেছেন যে, সম্প্রতি ইসলাম গ্রহণকারীর সংখ্যা বাড়ছে। তার জামাতে প্রায় ১শ’ থেকে ২শ’ নতুন অনুসারী রয়েছেন। ভিন্ন পটভূমির মানুষদের মধ্যে ঐক্য গড়ে তোলা কিছুটা জটিল হলেও, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে তারা একত্রিত হন। কলম্বিয়ায় রমজানের প্রতিটি রাতে এক একটি ভিন্ন পরিবার ইফতারের জন্য খাবার তৈরি করে। শায়খ কুর্তুবি বলেন, ‘খাবারের ধরন ভিন্ন হয়, কারণ প্রত্যেক পরিবারের নিজস্ব সংস্কৃতি ও খাদ্যাভ্যাস থাকে। কেউ মরক্কান খাবার দেন, কেউ পাকিস্তানি, আবার কেউ কলম্বিয়ার খাবার। এ বৈচিত্র্য আমাদের সম্প্রদায়কে আরও ঘনিষ্ঠ করে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ায়। জ্ঞান ও সহযোগিতাই একটি সম্প্রদায়কে বিকশিত করে এবং কলম্বিয়ায় মাটিতে তাদের প্রতিষ্ঠা করতে সাহায্য করে।’ আল জাজিরা।

মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি
মসজিদে নববীর নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। এক রাজকীয় আদেশে তাকে এ দায়িত্ব দেয় সৌদি আরব। ১৯৬৩ সালে মদিনায় জন্মগ্রহণ করেন শেখ সালেহ আল-মাগামসি। অল্প বয়স থেকেই তিনি ইসলামী শিক্ষায় মনোনিবেশ করেন। পরবর্তীতে কুরআনের তাফসিরে বিশেষজ্ঞতা অর্জন করে তিনি আলেম হিসেবে পরিচিতি পান। দীর্ঘদিন ধরে তিনি মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পবিত্র কুরআনের ব্যাখ্যায় তার শান্ত, সাবলীল ও প্রাঞ্জল উপস্থাপনা বিশেষভাবে প্রশংসিত। ধর্মীয়বিষয়কে সমসাময়িক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা দেওয়ার জন্যও তিনি সুপরিচিত। সৌদি আরবের ভেতরে ও বাইরে তার ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি অসংখ্য ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এবং কুরআন চিন্তন, সীরাতুন্নবী (সা.) ও ইসলামী মূল্যবোধ নিয়ে বক্তৃতা দিয়েছেন। এছাড়া বিভিন্ন ইসলামী সম্মেলন ও সেমিনারে অংশ নিয়ে তিনি বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় বিষয়াবলি নিয়ে বক্তব্য রেখেছেন। এসব বক্তব্যে তিনি সংযম ও ভারসাম্যের ওপর গুরুত্বারোপ করেছেন। জ্ঞানগভীরতা বজায় রেখে সহজ ভাষায় ইসলামী জ্ঞান উপস্থাপনের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। সৌদি গেজেট।

পারমাণবিক শক্তি বাড়ানো রাশিয়ার অগ্রাধিকার: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, পারমাণবিক শক্তি বাড়ানো তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। পুতিন এক ভিডিও বার্তায় বলেন, পারমাণবিক শক্তির উন্নয়ন রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। খবর আল আরাবিয়ার। গত ২২ ফেব্রুয়ারি রোববার দেওয়া বার্তায় পুতিন বলেন, পারমাণবিক শক্তি উন্নয়ন রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত, কার্যকর কৌশলগত প্রতিরোধ শক্তি বৃদ্ধি এবং বিশ্বে শক্তির ভারসাম্য নিশ্চিত করবে। এখন এটি অন্যতম প্রধান অগ্রাধিকার। ভাষণে রাশিয়ার সেনাবাহিনী ও নৌবাহিনীকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন পুতিন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সব শাখা উন্নত করা হবে, যার মধ্যে রয়েছে তাদের যুদ্ধ প্রস্তুতি এবং সব পরিস্থিতিতে এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও কাজ করার ক্ষমতা। বিশ্বের দুই প্রধান পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ মাসের শুরুতে ‘নিউ স্টার্ট চুক্তির’ মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন করেনি। তবে রাশিয়া জানিয়েছে, তারা কৌশলগত পারমাণবিক সক্ষমতার জন্য দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। আল-আরাবিয়া।

লিবিয়ায় বিভাজন ও মূল্যস্ফীতির চাপে ম্লান রমজানের আমেজ
রমজান উপলক্ষে উৎসব, আতশবাজি ও পারিবারিক আয়োজনে মুখর লিবিয়া। তবে লাগামহীন মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও রাজনৈতিক বিভাজনের কারণে অনেকের আনন্দ ম্লান হয়ে গেছে। দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের ১৫ বছর পরও দেশটি পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিভক্ত। বিপুল তেল ও গ্যাস সম্পদ থাকা সত্ত্বেও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে জনজীবন বিপর্যস্ত। ত্রিপোলি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। রমজানে সাধারণত ইফতার ও সাহরি ঘিরে বাজারে কেনাকাটার ধুম পড়ে। কিন্তু এ বছর সুপারমার্কেটগুলো পণ্য রেশনিং করে সীমিত পরিমাণে বিক্রি করছে। অনেক পেট্রলপাম্পে জ্বালানি নেই, আর রাজধানী ত্রিপোলিতে অধিকাংশ এটিএমে নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। ৩৭ বছর বয়সী ফিরাস জ্রিগ বলেন, অর্থনীতি ক্রমেই খারাপ হচ্ছে। তার অভিযোগ, মুদ্রা ব্যবসায়ীদের কারসাজির কারণে দিনারের দরপতন হয়েছে, যার প্রভাব পড়ছে মানুষের দৈনন্দিন জীবনে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় রান্নার তেলের দাম দ্বিগুণ হয়েছে আর মাংস ও পোলট্রির দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ। সরকার নির্ধারিত দাম ১ দশমিক ৫ দিনার হলেও রাষ্ট্রীয় সরবরাহে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ফলে কালোবাজারে তা ৭৫ দিনার বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। ২০১১ সালের আরব বসন্তের পর সৃষ্ট অস্থিরতা কাটিয়ে উঠতে এখনো সংগ্রাম করছে লিবিয়া। বর্তমানে দেশটি জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলিভিত্তিক সরকার এবং পূর্বাঞ্চলে সামরিক নেতা খলিফা হাফতার সমর্থিত প্রশাসনের মধ্যে বিভক্ত। চলতি মাসেই গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল, তবু সহিংসতার আশঙ্কা পুরোপুরি কাটেনি। গত মাসে পশ্চিমাঞ্চলীয় কেন্দ্রীয় ব্যাংক দিনারের দাম প্রায় ১৫ শতাংশ কমিয়েছে- এক বছরের কম সময়ে দ্বিতীয়বারের মতো। প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা স্বীকার করেছেন, এই অবমূল্যায়নে নাগরিকদের ওপর চাপ বেড়েছে। লিবিয়ায় জাতিসংঘ সহায়তা মিশনের প্রধান হান্না টেটেহ সতর্ক করে বলেছেন, দারিদ্র্য ও সামাজিক চাপ বাড়ছে। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, নাজুক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে অর্থনৈতিক সংকট মিললে নতুন রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। রাজনৈতিক বিভাজনের কারণে অভিন্ন জাতীয় বাজেটের অভাব, দ্বৈত প্রশাসনিক কাঠামো এবং তেল খাতের আয় কমে যাওয়া অর্থনীতিকে আরও চাপে ফেলেছে বলে বিশ্লেষকদের মত। গাদ্দাফি পতনের আন্দোলনের ১৫ বছর পূর্তি উপলক্ষে ত্রিপোলিতে আতশবাজি ফুটলেও অনেক লিবীয় নাগরিকের জন্য জীবন এখনো কঠিন সংগ্রামের। ফিরাস জ্রিগের ভাষায়, নিরাপত্তা পরিস্থিতিতে সামান্য উন্নতি হলেও অর্থনৈতিক চ্যালেঞ্জ এখনো বড় বাধা হয়ে আছে। এএফপি।
গ্রন্থনা ও সম্পাদনা : আবদুল কাইউম খান