আল মাহমুদের গল্পে প্রেম ও প্রকৃতি


১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৫

রফিক মুহাম্মদ : আল মাহমুদ (১৯৩৬-২০১৯) বাংলা সাহিত্যের এক বহুমাত্রিক প্রতিভা। তবে এখন এ নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে যে অভিধাটি যুক্ত হয়, তা হলো কবি। কবি আল মাহমুদের নামটি বলার সাথে সাথেই পাঠকের মনে পড়ে যায় তার অন্যতম সেরা সৃষ্টি ‘সোনালী কাবিন’র কথা। অনেকে তখন অজান্তেই গুনগুন করে বলে ওঠেন, ‘সোনার দিনার নেই, দেনমোহর চেয়ো না হরিণী/যদি নাও, দিতে পারি কাবিনবিহীন হাত দুটি… ‘গাঙের ঢেউয়ের মতো বল কন্যা কবুল কবুল’। তবে বিশ্ব সাহিত্যে যে ক’জন কবি তাদের কাব্যজগতের পাশাপাশি কথাসাহিত্যেও ব্যাপক আলোচিত তাদের মধ্যে অন্যতম আল মাহমুদ।
গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা কবি আল মাহমুদ সারা জীবন সাংবাদিকতার সাথে সম্পৃক্ত থাকায় সমকালীন সমাজচিত্র সম্পর্কে ছিলেন সমধিক পরিচিত ও সচেতন। তাই তার গল্পে আবহমান বাংলার নারী-পুরুষের চিরায়ত প্রেম ও প্রকৃতির বৈচিত্র্যময় রূপের নিপুণ বহিঃপ্রকাশ ঘটেছে। আল মাহমুদের ৯টি গল্পগ্রন্থ রয়েছে। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো ‘পানকৌড়ির রক্ত’ (১৯৭৫), ‘সৌরভের কাছে পরাজিত’ (১৯৮৩) এবং ‘গন্ধবণিক’ (১৯৮৬)। এছাড়া তাঁর গল্পসমগ্র এবং ‘ছোটগল্প’ শীর্ষক সংকলন রয়েছে। এসব গল্পে নর-নারীর প্রেম ও প্রকৃতির রূপ শৈল্পিকভাবে চিত্রিত হয়েছে।
বিশ্ব সাহিত্য কিংবা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের একজন কবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা সাহিত্যে বিশ্ব কবি হিসেবে সুপরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোটগল্পের জনক। তিনি ছোটগল্পকে আধুনিক রূপ দিয়েছেন। তাঁর গল্পে গ্রামীণ প্রকৃতি, সাধারণ মানুষের মনস্তত্ত্ব এবং সামাজিক সমস্যার শৈল্পিক উপস্থাপন রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, ছুটি ও নষ্টনীড়।
অন্যদিকে আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি ছোটগল্প তথা কথাশিল্পেও রবীন্দ্রনাথের মতো অত্যন্ত উজ্জ্বল। তার গল্পে লোকজ উপাদান, মিথ, গ্রাম্য জীবনের চিত্রায়ন এবং মানবজীবনের কামুকতার শৈল্পিক প্রকাশ ঘটেছে। আল মাহমুদের বিখ্যাত গল্পগুলোর মধ্যে রয়েছে পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, কালো নৌকা ও গন্ধবনিক উল্লেখযোগ্য।
বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির রূপ-বৈচিত্র্য ও নানা রস রহস্যের কবি। প্রকৃতিকে এত গভীরভাবে অন্তরে ও বাহিরে উপলব্ধি আর কেউ করেননি। বাংলা সাহিত্যের যে কয়টি অঙ্গনে রবীন্দ্রনাথের সার্থক পদচারণা রয়েছে তার মধ্যে একটি সফল দিক হল ছোটগল্প। আধুনিক মানব চৈতন্যের সমুদ্র বিস্তৃত বিসঙ্গতি ও বিপর্যয়, অন্তরগূঢ় বেদনা ও উজ্জ্বল আশাবাদ এসব প্রবণতা প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে উনবিংশ শতাব্দীতে নতুন শিল্প আঙ্গিক রূপে আত্মপ্রকাশ করেছে ছোটগল্প। যার রূপকার রবীন্দ্রনাথ নিজেই। মূলত রেনেসাঁস উত্তর কালের উদ্ভূত পুঁজিবাদী সমাজের বহুমাত্রিক জটিলতা গল্পের বিষয় বিন্যাসে স্থান পেয়েছে, পেয়েছে চরিত্র সৃষ্টি ও প্রকৃতির নিবিড় মেলবন্ধন। রবীন্দ্রনাথের ছোটগল্প সাধারণ জীবনপ্রধান। মানুষের জীবন জিজ্ঞাসা, আবেগ, অভিমান আত্মবলিদান এবং মানব হৃদয়ের রহস্য উন্মোচন করেছেন নিখুঁতভাবে। তিনি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ গল্পের বিষয়বস্তুতে তুলে ধরেননি। আঁকেননি মধ্যবিত্ত জীবনের সামাজিক, রাজনৈতিক এবং মূল্যবোধের সংকটের ছবি। বরং তিনি প্রকৃতির একান্নবর্তী সংবেদনশীল চরিত্রসমূহের মনোময় অন্তর্জগৎকে উন্মোচনের পাশাপাশি বেদনা ও সংবেদনের রূপ দেখিয়েছেন। রবীন্দ্রনাথ প্রকৃতির নিজস্ব নগ্ন সৌন্দর্য ও অনির্বচনীয় মাধুর্য এমন সূক্ষ্মভাবে তুলে ধরেছেন যে তিনি ছোট গল্পের প্রতিটি ক্ষেত্রেই প্রকৃতি দেখেন।
রবীন্দ্রনাথের ‘পোস্টমাস্টার’ গল্পের চরিত্রগুলো প্রকৃতিকে আবেষ্টন করে আছে। এখানে প্রকৃতিই প্রধান চরিত্র। ‘মিট মিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার ওপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল।’ প্রকৃতির এই প্রতীকী উপস্থাপনা যেন রতনের হৃদয়ের রক্তক্ষরণের চিত্র। প্রকৃতির সন্তান রবীন্দ্রনাথ তার জীবন ও বিচিত্র সাধনায় প্রকৃতিকে এক পৃথক স্থান দিয়েছেন। তার ছোটগল্পে বিষয় নির্বাচনেও তা পরিলক্ষিত। কোনো নিছক কিংবা ঠুনকো কিছু তার গল্পে ছিল না। ‘সুভা’ গল্পে আমরা এমনটাই দেখতে পাই। সুভা যেন প্রকৃতির অব্যক্ত ভাষা, প্রকৃতি সুভার মধ্যে মানবী রূপ ধারণ করে মানুষের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। তার বর্ণনায় ‘নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সব মিশিয়া চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা।’ রবীন্দ্রনাথ প্রকৃতির ভাষা বুঝেন। তিনি প্রকৃতির রূপ, সূক্ষ্ম ইঙ্গিত ও অদৃশ্য সংকেতগুলো তার গল্পের উপজীব্য বিষয়। ‘মেঘ ও রৌদ্র’ গল্পে গিরিবালা ও শশীভূষণের মধ্যে যে আদান-প্রদান, লুকোচুরি খেলা তা যেন মেঘ ও রৌদ্রের ছায়ালোকের মতোই। প্রকৃতি রহস্যময়। রবীন্দ্রনাথ সে রহস্য উদ্ঘাটনে সফল। তার গল্পগুচ্ছের প্রতি মুহূর্তে প্রকৃতির সেই অজ্ঞাত রূপ, শব্দ, গন্ধ অনির্দেশ্য মাধুরী মিশিয়ে তার রহস্য তুলে ধরেছেন।
আল মাহমুদের ছোট গল্পেও প্রকৃতির রূপ নিপুণভাবে চিত্রিত হয়েছে। তার গল্পে মূলত গ্রামীণ জনজীবন, নদীমাতৃক রূপ এবং মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্কের নিপুণ চিত্রায়ণ। তাঁর গল্পে মেঘ, বৃষ্টি, পাখি, পানকৌড়ি, মাছ, নদী, এবং বাঁশঝাড়ের মতো উপাদানগুলো মানুষের কামনা-বাসনা ও আবেগের সাথে মিশে এক অদ্ভুত রোমান্টিক ও বাস্তববাদী দৃশ্য তৈরি করেছে। প্রকৃতির সজীব বর্ণনা তাঁর গল্পের ভাষাচিত্রকে অনন্য করেছে।
আল মাহমুদের ‘পানকৌড়ির রক্ত’, ‘কালনৌকা’ ইত্যাদি গল্পে নদী, বিল, বাঁশবাগান ও হাওর-বাঁওড়ের অকৃত্রিম চিত্র ফুটে ওঠে। প্রকৃতি এখানে কেবল পটভূমি নয়, বরং চরিত্রের সুখ-দুঃখের অংশীদার। তার গল্পে মানুষ ও প্রকৃতির এক নিপুণ মিথস্ক্রিয়া পরিলক্ষিত হয়। তার গল্পে মানুষ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। কবি আল মাহমুদের বিভিন্ন গল্পে দেখা যায়, বর্ষা, চষা মাটি, বা নদীর পানির সাথে মানুষের আবেগ, প্রেম ও কামনা-বাসনা অদ্ভুতভাবে মিশে আছে। এটি তার ‘বুনো বৃষ্টির প্ররোচনা’র মতো শিরোনামে স্পষ্ট হয়ে উঠে। তাঁর গল্পে প্রকৃতির রূপ, গন্ধ ও শব্দ যেমন- ভেজা মাটি, মাছের গন্ধ, জোনাকির আলো, পাখি, নদী এগুলোর চিত্রায়নের মাধ্যমে মানুষের প্রেমের বহিঃপ্রকাশও একাকার হয়ে গেছে। ‘কালো নৌকা’ গল্পে সমুদ্রের তীরে সূর্যাস্তের মনোরম দৃশ্য ও রোমান্টিক চিত্রায়ণ এর উদাহরণ।
আল মাহমুদের বিখ্যাত ছোটগল্প ‘পানকৌড়ির রক্ত’ (১৯৭৫) গ্রামীণ প্রকৃতি, মানুষের আদিম প্রবৃত্তি, যৌনতা এবং নিয়তির অমোঘতাকে কেন্দ্র করে রচিত একটি শিল্পসফল সৃষ্টি। গল্পে গভীর গ্রামপ্রীতি, নারীর রূপ ও প্রকৃতির নিবিড় তুলনা এবং সম্পর্কগুলোর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ফুটে উঠেছে। আল মাহমুদ এই গল্পে গ্রামীণ জীবনের নিবিড় চিত্র ফুটিয়ে তুলেছেন। পুকুরের পাড়, বগা (বক), পানকৌড়ি এবং প্রকৃতির অন্যান্য উপাদানগুলো মানুষের আদিম প্রবৃত্তির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। গল্পে নারীর শারীরিক সৌন্দর্য ও প্রকৃতির বর্ণনায় এক ধরনের অবদমিত কামনার চিত্র কাব্যিকভাবে ফুটে উঠেছে। গল্পটি গ্রামীণ সমাজের প্রেক্ষাপটে রচিত হলেও এটি মানুষের চিরন্তন আবেগ ও সম্পর্কের জটিলতাকে তুলে ধরে, যা বাস্তবজীবনে প্রাসঙ্গিক। সামগ্রিকভাবে, ‘পানকৌড়ির রক্ত’ আল মাহমুদের গ্রামীণ প্রকৃতি, জীবন ও মানব-মানবীর মনস্তত্ত্বের এক গভীর শৈল্পিক রূপায়ণ, যা বাংলা ছোটগল্পের ধারায় এক অনন্য সংযোজন।
আল মাহমুদের ছোটগল্প ‘কালনৌকা’ গ্রামীণ বাংলার নিভৃত জনপদের জেলে জীবনের বাস্তবচিত্র। নর-নারীর আবেগ এবং যৌবিক আকাক্সক্ষার এক অনন্য শৈল্পিক দলিল। জলদাস রাসু মাঝির জীবনের ঘাত-প্রতিঘাত, পেশল হাতের শক্তি এবং যান্ত্রিক জীবনের বাইরে এক প্রবল মানবীয় যৌন-সচেতনতা গল্পটিতে ফুটে উঠেছে। গল্পের মূল চরিত্র রাসু জলদাস, যিনি পঞ্চাশোর্ধ হলেও প্রবল শক্তিশালী ও কর্মঠ। প্রকৃতির রূঢ় বাস্তবতার মাঝে তার জীবন আবর্তিত হয়। কথ্য ভাষার ব্যবহার এবং আঞ্চলিক শব্দের নান্দনিক প্রয়োগ গল্পটিকে স্বতন্ত্র ও জীবনঘনিষ্ঠ করেছে। জীবনবোধ: রাসু জলদাসের হাঁটাচলা, তার আত্মকেন্দ্রিক জীবন এবং প্রকৃতির সাথে লড়াই সব মিলিয়ে জীবনের এক অনিশ্চিত ও ধোঁয়াশাচ্ছন্ন অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। সামগ্রিকভাবে, ‘কালনৌকা’ শুধু জেলে জীবনের গল্প নয়, বরং এটি মানুষ ও প্রকৃতির এবং সর্বোপরি মানুষের আদিম ইচ্ছার এক মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ।
প্রবল জীবনমুখী দৃষ্টি নিয়ে আল মাহমুদের গল্পে প্রকৃতি একাকার হয়ে চিত্রিত হয়েছে। কত সামান্য ঘটনাকে এই কবি ও কথা শিল্পী, একটি নিখুত গল্পে পরিণত করছেন। পানকৌড়ির রক্ত থেকে শুরু করে তার সর্বশেষ গল্পগ্রন্থ চার পাতার প্রেম পর্যন্ত বিশাল এই গল্প ভাণ্ডারে কি নেই! মানবজীবনের এক রহস্যময় বিশ্বাস ও প্রকৃতির নিটোল রূপ যেন আল মাহমুদের গল্পগুলোর প্রাণ। তার গল্পে প্রকৃতি এক ধরনের রহস্যময়তা নিয়ে হাজির হয়েছে। এই রহস্যময়তা রোমান্টিক। যেমন- নিশুতি রাতের প্রকৃতি, জোনাকি পোকার আলো, বা জলাভূমির রহস্য তাঁর গল্পে উঠে আসে, যা মানুষের কামনাবাসনা ও মানসিক অবস্থার প্রতীক হিসেবে কাজ করে। সব মিলিয়ে আল মাহমুদ গ্রামীণ প্রকৃতির রূপকার, যেখানে প্রকৃতির রূপসত্তা মানুষের আদিম আবেগ ও অনুভূতির সাথে মিশে এক গভীর জীবনবোধ তৈরি করে।