ডা. শফিকুর রহমানের আবেগঘন স্ট্যাটাস: আমাদের ক্ষমা করো মা

সোনার বাংলা অনলাইন
২০ মে ২০২৬ ১৫:১৬

শিশু রামিসা আক্তার ও বিরোধীদলীয় নেতার কোলাজ ছবি

আট বছরের ফুটফুটে শিশু রামিসা হত্যার ঘটনায় আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ঢাকা-১৫ আসনের এমপি ডা. শফিকুর রহমান। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন,‘ প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন। তুমি চলে গেছ—তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।
আল্লাহ তা’আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।’
গত মঙ্গলবার সকালে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার পাশের ফ্ল্যাট থেকে রামিসার দুই টুকরো দেহ উদ্ধার করা হয়। দেহ পাওয়া যায় খাটের নিচে আর বিচ্ছিন্ন মাথা বাসার শৌচাগারে। এ ঘটনায় ঘাতক সোহেল রানা (৩৪)কে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সোহেল রানার স্ত্রীকে আটক করেছে পুলিশ। ঘাতক সোহেল পেশায় রিকশার মেকানিক। রামিসা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষুদ্ধ। গত বুধবার রামিসা হত্যার বিচার, চাঁদাাবাজি বন্ধ ও সন্ত্রাস আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ডা. শফিকুর রহমান

সম্পর্কিত খবর