সম্পাদকীয়

দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের উদাহরণ সৃষ্টি করল বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রিন্ট ভার্সন
১১ ডিসেম্বর ২০২৫ ১২:১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন

দেশের রাজনীতিতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বিপ্লবী ছাত্র-জনতাসহ অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় সরকার গঠন করে কমপক্ষে এক মেয়াদ পূর্ণের পক্ষে মতামত ব্যক্ত করেছিল। মূলধারার এবং বড় দল হিসেবে গর্বিত একটি রাজনৈতিক দল দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ এমন কিছু প্রস্তাব উত্থাপন করেÑ যার ফলে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত সাফল্য নস্যাৎ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। কারণ বিচার ও সংস্কারের আগে নির্বাচন মানেই আবারও ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানানো এ সত্য জুলাই বিপ্লবের পক্ষের শক্তি বুঝতে পেরেছিল বলেই তারা তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে বিচার, সংস্কার এবং একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অবাধ নির্বাচন আয়োজনে সহযোগিতা করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ফ্যাসিবাদবিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের সহযোগিতায় বিচার, সংস্কার, জুলাই সনদ তৈরি এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি জন্য কাজ করছে ড. মুহাম্মদ ইঊনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল ও ব্যক্তিকে নির্বাচিত করার প্রত্যাশা করছে। ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবার আগে তিনশত আসনে সম্ভাব্য নমিনিদের নাম ঘোষণা করেছে। নমিনিরা কাজও শুরু করেছেন। তারপরও তারা সবাই প্রস্তুত যেকোনো সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে, তা মেনে নিতে। এটি শুধু তাদের মুখের কথা নয়, ইতোমধ্যে প্রমাণ দিচ্ছেন। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের এ শৃঙ্খলা ও আনুগত্য বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনীতির জন্য শিক্ষণীয় বলে মন্তব্য করছেন সচেতন নাগরিকরা। তারা মনে করেন, এমন একটি সুশৃঙ্খল রাজনৈতিক দলের নেতৃত্বে সরকার গঠন হলে রাষ্ট্রের সর্বস্তরে শৃঙ্খলা ফিরে আসবে এবং শান্তি প্রতিষ্ঠা হবে, এতে সন্দেহ নেই।
আমরা জানি, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনয়ন পাওয়া মুখলিছুর রহমান সংগঠনের সিদ্ধান্তে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, ‘মনোনয়ন পাওয়ার পর তিনি নিয়মিত গণসংযোগ করেছেন এবং স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন।’ তাঁর ভাষায়, ‘সাধারণ মানুষের এ ভালোবাসা আমার রাজনৈতিক জীবনের বড় সম্পদ।’ তিনি আরও লেখেন, ‘রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত সিদ্ধান্ত বিবেচনায় কেন্দ্রীয় সংগঠন তাঁর সঙ্গে আলোচনা করে অলিউল্লাহ নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়। সংগঠনের প্রতি সম্মান ও আনুগত্য থেকে তিনি সে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’ উল্লেখ্য, অলিউল্লাহ নোমান দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক। সাংবাদিকতা পেশায় যুক্ত থাকলেও তিনি দীর্ঘসময় যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফেরেন। হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোশাহেদ আহমদ বলেন, ‘সংগঠনের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মাঠের বাস্তবতা, প্রার্থীর গ্রহণযোগ্যতা ও কৌশলগত বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে দল। মাওলানা মুখলিছুর রহমান সংগঠনের নিষ্ঠাবান কর্মী। তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং জামায়াতের মনোনীত অলিউল্লাহকে সমর্থন দিয়ে সরে এসেছেন। নোমান প্রবাসে থাকলেও দেশের রাজনীতির সঙ্গে তিনি নিয়মিত যুক্ত ছিলেন। তাঁকে নিয়ে কর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া আছে। আমরা আশাবাদী, এ আসনে দাঁড়িপাল্লা প্রতীক ভালো ফল করবে।’ এছাড়া খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আসনটিতে নতুন প্রার্থী হিসেবে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেছে জামায়াত। বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা নিয়ে গঠিত খুলনা-১ আসনে এর আগে বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমীর শেখ আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করছিল জামায়াত। তিনি নমিনি পরিবর্তনের পর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকেই আমি খুলনা-১ আসনের প্রতিটি ইউনিয়নে আপনাদের সঙ্গে মিলে গণসংযোগ, কর্মিসভা, মানুষের বাড়ি বাড়ি ঘুরে দেখা এবং সংগঠনের দায়িত্বশীলদের অক্লান্ত সহযোগিতায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছি। এ এলাকার মানুষের ভালোবাসা, ভোটারদের আস্থা এবং কর্মীদের নিঃস্বার্থ ত্যাগ এগুলো আমার জীবনের অমূল্য সম্পদ। রাজনৈতিক বাস্তবতা, স্থানীয় পরিস্থিতি, সাংগঠনিক মূল্যায়ন এবং কেন্দ্রীয় কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন আমার সঙ্গে আলোচনা করেই খুলনা-১ আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হিসেবে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী সনাতনী শাখার সম্মানিত সভাপতি বাবু কৃষ্ণ নন্দী সাহেবকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে। অনেকে ইতোমধ্যেই বিষয়টি জেনে গেছেন, তবুও আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে জানানো আমার দায়িত্ব। আমার অবস্থান স্পষ্ট, আমি পরিষ্কারভাবে বলতে চাইÑ আমাদের সংগ্রাম ব্যক্তিগত পদ, নাম বা মনোনয়ন নিয়ে নয়। আমাদের লক্ষ্য অনেক বড়Ñ ১. ন্যায়নীতি প্রতিষ্ঠা করা, ২. দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা, ৩. ইসলামী মূল্যবোধের রাজনীতি, ৪. মানুষের অধিকার ও মর্যাদা সুরক্ষা করা, ৫. সংগঠনের সিদ্ধান্তই আমাদের মাথার ওপর আর ইসলামী চেতনা ও আনুগত্যই আমাদের পথপ্রদর্শক। সুতরাং সম্পূর্ণ আন্তরিকতা ও দায়িত্ববোধ থেকে আমি এ সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করছি এবং মেনে নিয়েছি। যারা প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশে তিনি লিখেছেন, জামায়াতে ইসলামী কোনো ব্যক্তিকে কেন্দ্র করে দাঁড়িয়ে থাকে না। এ দল আদর্শের দল, ন্যায়ের দল, সাহসী সংগ্রামের দল। ব্যক্তি বদলাতে পারে। নাম বদলাতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য, আদর্শ ও ন্যায়ভিত্তিক রাজনীতি কখনো বদলায় না। এখন আমাদের করণীয় এবং এখন আমাদের একটাই দায়িত্বÑ সবাই একসাথে, একই লক্ষ্য নিয়ে, দলের সিদ্ধান্তকে সম্মান করে, নতুন প্রার্থী বাবু কৃষ্ণ নন্দীকে স্বাগত জানানো এবং দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করা। আমরা সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ খুলনা-১ আসনে দাঁড়িপাল্লার বিজয় হবে নিশ্চিত। শেষে একটাই কথাÑ আমরা ব্যক্তির জন্য নয়, আদর্শের জন্য কাজ করি এবং সেই আদর্শের পথে আমি আগের মতোই অটল আছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বটিয়াঘাটা উপজেলা আমীর শেখ মোহাম্মদ আবু ইউসুফের বক্তব্যটি শুধু একটি ঘোষণা নয়, বরং দায়িত্ব, আনুগত্য, ভালোবাসা ও ত্যাগের জায়গা থেকে লেখা একটি হৃদয়ের বার্তা বলেই মনে করছেন সচেতন নাগরিকরা।
সত্যি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের রাজনীতিতে আনুগত্য ও শৃঙ্খলার এক ঐতিহাসিক উদাহরণ সৃষ্টি করল। আমরা আশা করি, জামায়াতে ইসলামীর বাইরে রাজনৈতিক দলগুলোর যে সকল নেতা-কর্মী দেশ ও জনগণের জন্য রাজনীতি করেন, রাজনীতির ব্যানারের আড়ালে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও জনগণের সম্পদ লুটের ধান্ধা করেন না, জামায়াতে ইসলামীর দৃষ্টান্ত অনুসরণ করে তারা দেশের রাজনীতিতে স্বচ্ছধারা অভ্যুত্থান ঘটাবেন। ৩৬ জুলাই বিপ্লবের চেতনার আলোকে চাঁদাবাজি, ঘুষ-দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত দেশ গড়ার নতুন রাজনৈতিক বন্দোবস্ত জাতিকে উদাহরণ দেবেন।

দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের উদাহরণ সৃষ্টি করল বাংলাদেশ জামায়াতে ইসলামী

সম্পর্কিত খবর