অন্য জমির ফসল

আজকের পত্রিকা: ‘সন্ত্রাস দমনে কড়া নজর’

সোনার বাংলা অনলাইন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫ ১১:১৯

পত্রিকা

কালের কণ্ঠ পত্রিকার খবর –সন্ত্রাস দমনে কড়া নজর

দেশজুড়ে আইন–শৃঙ্ঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে। খুন, মব সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনা পরিস্থিতির অবনতিকে আরও স্পষ্ট করেছে। সামাজিক মাধ্যমে সম্ভাব্য হামলার তালিকা ছড়ানোয় উদ্বেগ আরও বেড়েছে।

এই প্রেক্ষাপটে পুলিশ কড়া নজরদারি ও অভিযান জোরদার করেছে। পুলিশ সূত্র বলছে, সম্ভাব্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে জুলাই আন্দোলনে সক্রিয়রা, নির্বাচনে অংশগ্রহণকারীরা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও নির্বাচন কমিশনের কর্মকর্তারাও রয়েছেন। কয়েকজনের নিরাপত্তায় আনসার ও পুলিশ সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন, নিরাপত্তাহীনতার অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম- ‘ভোটের আগে আতঙ্ক জন

মনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই ঘটনায় সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক নেতারা এবং জুলাই আন্দোলনের সক্রিয়রা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

জাতীয় নির্বাচন সামনে রেখে চোরাগোপ্তা হামলা, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং নাশকতার আশঙ্কার মধ্যে এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে থমথমে ভাব নেমে এসেছে। তফসিলের পর যে উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছিল, তাও কমে গেছে।

সূত্র বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাঠপর্যায়ের সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক হয়েছে, যেখানে চোরাগোপ্তা হামলা ও নাশকতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পুলিশ জানিয়েছে, নতুন নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক।

প্রথম আলোর প্রথম পাতার খবর- ‘ভারত থেকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধ চায় ঢাকা

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা। রোববার সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে। সেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত উদ্বেগ ও অবস্থান জানানো হয়।

ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও জুলাই গণ–অভ্যুত্থানের সমর্থক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনার দুই দিন পর এই তলবের ঘটনা ঘটে। বাংলাদেশ দাবি করেছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা যদি ভারতে প্রবেশ করে থাকে, তাহলে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানো হোক।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কার্যক্রমে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়া হয় না। বিবৃতিতে আরও বলা হয়, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস নোটে উত্থাপিত অভিযোগ ও দাবিগুলো ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

নয়া দিগন্ত পত্রিকার আজকের প্রধান খবর- ‘নানকের পরিকল্পনায় হাদিকে গুলি

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার পরিকল্পনা ভারতে বসে করা হয়েছে, এমন দাবি করেছে একাধিক গোয়েন্দা সূত্র। তাদের ভাষ্য অনুযায়ী, ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিকল্পনায় এই হত্যাচেষ্টার ঘটনা ঘটে।

গোয়েন্দা সূত্রগুলো বলছে, কিলিং মিশনে জড়িত প্রধান দুই সন্দেহভাজন- যুবলীগ নেতা শেখ মো. আলমগীর হোসেন ও ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল; ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তদন্ত সংশ্লিষ্ট ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে গুরুতর আহত শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। সরকারি সূত্র জানায়, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রধান উপদেষ্টার নির্দেশে আজ এভারকেয়ার হাসপাতাল থেকে থাইল্যান্ড বা সিঙ্গাপুরের কোনো হাসপাতালে পাঠানো হতে পারে।

বণিক বার্তা পত্রিকার আজকের খবর –উচ্চশিক্ষায় অধ্যয়নরত ভোটার এবার অর্ধকোটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা। সংবিধান অনুযায়ী ১৮ বছর বয়স পূর্ণ করা সব নাগরিকের ভোটাধিকার থাকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত প্রায় ৫২ লাখ শিক্ষার্থীর অধিকাংশই এবার প্রথমবারের মতো ভোটার হিসেবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এই শিক্ষার্থীদের বড় একটি অংশ চব্বিশের গণ–অভ্যুত্থানে সক্রিয় ছিলেন এবং পরবর্তী সময়ে রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কারের দাবিতেও সোচ্চার ভূমিকা রাখেন। সে ধারাবাহিকতায় আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তাদের মধ্যে বাড়তি আগ্রহ ও রাজনৈতিক সচেতনতা লক্ষ করা যাচ্ছে।

ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে দেশের উচ্চশিক্ষা স্তরে মোট শিক্ষার্থী ছিলেন প্রায় ৫১ লাখ ৭৮ হাজার। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে এই সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, এই বড় ভোটারগোষ্ঠী ভোট দেওয়ার ক্ষেত্রে দল বা প্রতীকের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা, ব্যক্তিগত সততা ও অতীত কর্মকাণ্ডকে গুরুত্ব দিতে চান।

নিউ এইজ পত্রিকার আজকের খবর-Bureaucrats, politicians blamed for ruining reform অর্থাৎ সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার জন্য আমলাতন্ত্র ও রাজনীতিকদের দায়ী করেছেন বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা। রোববার রাজধানীতে এক আলোচনায় বক্তারা বলেন, জনগণের প্রবল প্রত্যাশা সত্ত্বেও আমলাতন্ত্রসহ সংস্কারবিরোধী শক্তি, যার মধ্যে কিছু রাজনৈতিক দলও রয়েছে যারা সংস্কারের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

‘সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এসডিজিস, বাংলাদেশ’-এর আয়োজনে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার উদ্বোধন উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, অন্তর্বর্তী সরকার জনগণের সংস্কার আকাঙ্ক্ষা পূরণে একাধিক কমিশন গঠন করলেও এবং সেগুলো সুপারিশ জমা দিলেও এখন পর্যন্ত সেগুলোর প্রায় কোনোটিই বাস্তবায়ন হয়নি।

দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ওই কমিশনের মাত্র তিনটি সুপারিশ বাস্তবায়নের সম্ভাবনা আছে, বাকিগুলো কাগজেই থেকে যাবে। তাঁর ভাষায়, জুলাইয়ের অভ্যুত্থান থেকেও রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কারবিরোধী শক্তি কোনো শিক্ষা নেয়নি।

তিনি আরও বলেন, প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হলে দুর্নীতি দমন কমিশনকে একটি স্বাধীন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হতো। পাশাপাশি নতুন সরকার গঠনের পর সচিবালয় থেকেই ‘মব কালচার’ চালু হওয়ার জন্য আমলাতন্ত্রকে দায়ী করেন তিনি।

মানবজমিন পত্রিকার শিরোনাম- কে এই শুটার মাসুদ?

রাজধানীর বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। হামলার ঘটনায় জড়িত দুজনের পরিচয় শনাক্ত করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হাদির ওপর গুলি চালানো সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে ধরিয়ে দিতে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এ ঘটনায় দেশজুড়ে অভিযান জোরদার করা হয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর আদাবর এলাকায় বসবাস করছেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামালের পক্ষে ‘আসনভিত্তিক সমন্বয়ক কমিটি’র সদস্য ছিল সে। এরপরই ২০১৯ সালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে নাম আসে তার।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বুদ্ধিজীবী দিবস জাতির জন্য এক গভীর বেদনার দিন। একাত্তরে স্বাধীনতার ঠিক আগে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল দেশকে মেধাশূন্য করা। তাঁর ভাষায়, এটি ছিল স্বাধীনতাবিরোধী শক্তির একটি সুপরিকল্পিত নীলনকশা।

তিনি বলেন, পাক হানাদার বাহিনীর সহযোগিতায় যাঁরা বাড়ি বাড়ি গিয়ে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়েছিল, তাঁরা বাঙালিই ছিলেন এবং আজ ইতিহাসে তাদের পরিচয় স্পষ্ট। মির্জা ফখরুলের দাবি, যেসব রাজনৈতিক শক্তি তখন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিল। বিষয়টিকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে একই ধরনের ঘটনা ভিন্ন আঙ্গিকে ঘটেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর- Clamp down now, ensure security অর্থাৎ নির্বাচনের আগে কড়া ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ ইসির।

জাতীয় নির্বাচন সামনে রেখে আইন–শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীতে গত শুক্রবার ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর এই নির্দেশনা দেওয়া হয়।

আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন, সংঘবদ্ধ অপরাধ দমন এবং অবৈধ বা নিখোঁজ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জোর দেওয়ার কথা বলা হয়। বৈঠক শেষে ইসি জানায়, সামনে গোপন হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, তফসিল ঘোষণার পরদিনই হাদির ওপর হামলার ঘটনা ছিল অত্যন্ত মর্মান্তিক। এদিকে সরকার জানিয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাইয়ের অভ্যুত্থানে সক্রিয় ব্যক্তিদের এবং সম্ভাব্য প্রার্থীদের জন্য পুলিশি নিরাপত্তা জোরদার করা হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত দুই সন্দেহভাজন দেশ ছেড়ে পালিয়েছেন কি না—তা নিয়ে তদন্ত চলছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ জানিয়েছে, হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানো হোক। তবে পুলিশ বলছে, বৈধ পথে তারা দেশ ছাড়েনি। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার বিষয়ে তথ্য পেতে শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আবদুল হান্নানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।

'সন্ত্রাস দমনে কড়া নজর'

সম্পর্কিত খবর