ডেঙ্গুতে ৩১৬ ও হামে ১১৭০ জনের প্রাণহানি
১৪ অক্টোবর ২০২৬ ২২:২৮
স্টাফ রিপোর্টার : দেশে ডেঙ্গু ও হামের প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত ১২ অক্টোবর সোমবার সকাল ৮টা থেকে ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত শুধু ডেঙ্গুতেই ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩১৬ জন এবং গত মার্চ থেকে হামে নিশ্চিত ও উপসর্গজনিত মৃত্যু মিলিয়ে ১ হাজার ১৭০ জনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। হামের ক্ষেত্রেও নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। দুই রোগের সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
ডেঙ্গুতে এক দিনেই ৯ জনের প্রাণহানি
স্বাস্থ্য অধিদপ্তরের গত ১৩ অক্টোবর প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গত ১২ অক্টোবর সকাল ৮টা থেকে ১৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। নতুন করে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮, খুলনা বিভাগে ২৩০, বরিশাল বিভাগে ১৯৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯, রাজশাহী বিভাগে ১৮৪, ময়মনসিংহ বিভাগে ৯৭, রংপুর বিভাগে ৭১ এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন। এ সময় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুজন, খুলনা বিভাগের দুজন, চট্টগ্রাম বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩১৬ জনের।
হামের উপসর্গে এক দিনে ৬ শিশুর মৃত্যু
ডেঙ্গুর পাশাপাশি হাম পরিস্থিতিও উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের ১৩ অক্টোবরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (গত ১২ অক্টোবর সকাল ৮টা থেকে ১৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৪৯ জনের। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ৭৪ জন। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ২৯৫ জন, সিলেটে ১৪২, চট্টগ্রামে ২৪৬, রাজশাহীতে ৩৭, ময়মনসিংহে ৭২, বরিশালে ১৩২, খুলনায় ১২৬ এবং রংপুরে ২৪ জন রয়েছেন। নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ১৪৯ জনের মধ্যে ঢাকায় ৬৩, চট্টগ্রামে ৬৭ এবং খুলনায় ৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকায় তিনজন, সিলেটে একজন এবং চট্টগ্রামে দুজন রয়েছে।
হামে নিশ্চিত মৃত্যু ১০৪, উপসর্গ নিয়ে প্রাণহানি ১,০৬৬
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৬৬ জন। অর্থাৎ নিশ্চিত হাম ও উপসর্গজনিত মৃত্যু মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ জনে। এ সময়ে দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৭১২ জনের। হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের মধ্যে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
দুই রোগে বাড়ছে উদ্বেগ
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, ডেঙ্গু ও হাম— দুই রোগেই নতুন আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু এবং হামের উপসর্গে ৬ শিশুর প্রাণহানি পরিস্থিতি যে উদ্বেগজনক তা ইঙ্গিত করছে। ডেঙ্গুতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে হামের উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। ফলে দুই রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ, আক্রান্তদের চিকিৎসা এবং জনসচেতনতা বাড়ানো জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ডেঙ্গুতে চলতি বছরে এ পর্যন্ত ৩১৬ জন এবং গত মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৭০ জনের মৃত্যু হয়েছে।