ইসকন মন্দিরপ্রধানের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ, বিক্ষুব্ধ যশোর


২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৫

যশোর সংবাদদাতা : যশোর সদর উপজেলার চাঁচড়া বাজার মোড় এলাকার ইসকন মন্দিরে এক নারীকে মারধর ও গালিগালাজের অভিযোগের পর তার ১৭ বছর বয়সী মেয়ের আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে প্রেস ক্লাব যশোরের সামনে মরদেহ রাস্তায় রেখে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘শিপ্রার আত্মহত্যার বিচার চাই, শ্রী শ্রী দশ মহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ ও সদস্যদের প্ররোচনায় শিপ্রার আত্মহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। প্রচারে এলাকাবাসী।’
বিক্ষোভকালে মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাস ও অভিযুক্ত অন্যান্য সদস্যদের বিচারের দাবি করা হয়।
পরিবারের অভিযোগ, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শহরতলির চাঁচড়া বাজার মোড়ের ইসকন মন্দিরে মীনা ঘোষের সঙ্গে মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অপার গোবিন্দ দাস মীনা ঘোষকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন।
পরে মীনা ঘোষের মেয়ে ১৭ বছর বয়সী শিপ্রা ঘোষ তার মাকে বাড়িতে নিয়ে যান। পরিবারের দাবি, এ সময় শিপ্রা ঘোষ ও মীনা ঘোষের সঙ্গেও অপার গোবিন্দ দাস এবং মন্দিরের অধ্যক্ষসহ কয়েকজন ব্যক্তি দুর্ব্যবহার ও মারধর করেন।
মীনা ঘোষকে বাড়িতে নিয়ে যাওয়ার পরও শিপ্রা ঘোষকে ডেকে অপার গোবিন্দ দাস অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এই ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় শিপ্রা ঘোষ ক্ষোভে অপমানে আত্মহত্যা করেন। পরিবারের দাবি, মাকে মারধর ও অপমানের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েই শিপ্রা আত্মহত্যা করেছে।
এদিকে শিপ্রা ঘোষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত ১৯ সেপ্টেম্বর শনিবার তারা প্রেস ক্লাব যশোরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বেশ কিছুক্ষণ সড়কে অবস্থান নেওয়ায় শহরে যান চলাচলে বিঘ্ন ঘটে।
মানববন্ধন থেকে জানানো হয়, কয়েক বছর আগে মন্দিরটির নাম ছিল ‘দশমা বিদ্যা মন্দির’। পরে ইসকনপন্থীরা মন্দিরটির দায়িত্ব নেওয়ার পর এটি ইসকন মন্দির হিসেবে পরিচিতি পায়। এরপর থেকে মন্দিরের আশপাশে বসবাসকারী স্থানীয়দের সাথে মন্দির কর্তৃপক্ষের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ শুরু হয়। মন্দিরের প্রধান অপার গোবিন্দ দাস আশপাশের সরকারি জায়গায় বসবাসকারী লোকজনকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও দুর্ব্যবহার করে আসছেন।
মীনা ঘোষকে মারধর ও অপমানের ঘটনায় তার মেয়ে শিপ্রা ঘোষের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপার গোবিন্দ দাসসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।