প্রতিদিনই চলছে হত্যাকাণ্ড, উদ্ধার হচ্ছে খণ্ডিত ও অজ্ঞাত লাশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫০
স্টাফ রিপোর্টার : গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হত্যা, হত্যার পর লাশ গুমের চেষ্টা, অজ্ঞাত লাশ এবং খণ্ডিত লাশ উদ্ধারের যেসব খবর সংবাদমাধ্যমে এসেছে, তাতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার এ রিপোর্ট লেখার দিনের আগের সাত দিনে পারিবারিক বিরোধ, অর্থ লেনদেন, জমি নিয়ে বিরোধ, পূর্বশত্রুতায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। কোনো কোনো অপরাধ সংঘটিত করার পর আলামত মুছে ফেলার চেষ্টাও করা হয়েছে। হত্যার পর লাশ গুম করার চেষ্টা এবং খণ্ডিত লাশ উদ্ধারের কয়েকটি ঘটনা নৃশংসতার কিছু চিত্র রেখে গেছে। শুধু ১৪ সেপ্টেম্বর সোমবার ঢাকায় অজ্ঞাত পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত ৮ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। নিরাপত্তাকর্মীরা তাকে আটক করার পর মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে; পুলিশ ঘটনাটি তদন্ত করছে। একই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা গাজীপুরের জয়দেবপুরে, সেখানে ডলি আক্তার নামে এক নারীকে হত্যা করা হয়। পিবিআইয়ের তদন্ত অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর রাতে প্রেমিক মিশনের বাসায় গিয়ে বিয়ের জন্য চাপ দেওয়ার পর ডলিকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। তবে তার লাশ উদ্ধার হয় ১১ সেপ্টেম্বর।
গত ৯ সেপ্টেম্বর খিলগাঁওয়ের জিরানী খাল থেকে অজ্ঞাতপরিচয় জজ মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার স্ত্রী লাশ শনাক্ত করেন। শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং ঘটনাটি হত্যা হিসেবে তদন্ত শুরু হয়। অর্থাৎ অজ্ঞাত লাশ উদ্ধারের আড়ালেও একটি পরিকল্পিত হত্যাকাণ্ড থাকার প্রমাণ মেলে।
গত ১০ সেপ্টেম্বর সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলায় একাধিক আসামিকে রিমান্ডে নেওয়া হয়।
গত ১১ সেপ্টেম্বর দিনে রাজধানীর লালবাগে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটে।
গত ১২ সেপ্টেম্বর রাজধানীর আদাবরের হাক্কারপাড় খাল থেকে স্কুলব্যাগে কিশোরীর খণ্ডিত লাশের চারটি অংশ উদ্ধার করা হয়। পরদিন আরও দুই পা উদ্ধার হয়। কিশোরীর বয়স ১৪ থেকে ১৬ বছর বলে ধারণা করলেও পরিচয় শনাক্ত করা যায়নি। একই দিনে জাতীয় ঈদগাহের আশপাশের দুটি স্থান থেকে দুই অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়।
গত ১৩ সেপ্টেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি আরও উদ্বেগজনক হয়ে ওঠে এ কারণে যে, প্রায় আড়াই মাস আগে তার ভাতিজাকেও একইভাবে হত্যা করা হয়েছিল। গত ১৪ সেপ্টেম্বর কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনা প্রকাশিত হয়। রাজশাহীর বাঘায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।