গ্রন্থ পরিচিতি


১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১

‘রক্ত দিয়ে কেনা আমার আসল স্বাধীনতা’
‘রক্ত দিয়ে কেনা আমার আসল স্বাধীনতা’ বইটি লিখেছেন বিশিষ্ট নাট্যকার হাসান আকতার। বইটিতে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই বিপ্লবের নানা গল্প তুলে ধরেছেন লেখক। বইটি জুলাই শহীদ ও আহতদের উৎসর্গ করা হয়েছে। আর বইটি প্রকাশ করেছে বাংলা সাহিত্য পরিষদ।
চব্বিশের জুলাই বিপ্লবকে নিয়ে লেখা বইটিতে গল্পের মাধ্যমে সে সময়ের ঘটনা প্রবাহ সুনিপুণভাবে তুলে ধরেছেন লেখক। ৩৬ জুলাই শহীদদের গল্পসংবলিত ৮০ পৃষ্ঠার বইটিতে শহীদ আনাসের চিঠি; পূরণ হলো না বাবার স্বপ্ন; মায়ের কান্না কখনো শেষ হয় না; ছেলের খোঁজে গণকবরে; ধলার অভিমান; আমি যে একা হয়ে গেলাম; ভেঙে গেল পরিবারের স্বপ্ন; হায়রে পৃথিবী তুমি এত নিষ্ঠুর কেন; আল্লাহ তুমি শ্রেষ্ঠ বিচারক; আমরা আবার স্বাধীন হয়েছি; কোথাও কেউ নেই; পূরণ হবে কি শহীদ ফরহাদের শেষ ইচ্ছা? শিরোনামে গল্পগুলো সন্নিবেশিত হয়েছে বইটিতে। এসব গল্প জুলাই বিপ্লবের নানা ঘটনা, জুলাই শহীদ ও আহতদের আকাঙ্ক্ষাকে তুলে ধরেছে। তুলে ধরেছে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট।
লেখক জুলাই-আগস্টের অনেক হৃদয়স্পর্শী ঘটনাকে তুলে ধরেছেন গল্পের মাধ্যমে। জুলাই আন্দোলনের সময় সন্তান হারানোর পর একজন বাবা, মা, কিংবা আপনজন দিনের পর দিন কীভাবে কাতর ছিলেন, খুঁজে বেড়িয়েছেন কিংবা সন্ধান পাননি, তাও তিনি তুলে ধরেছেন।
চব্বিশের আগুনঝরা ৩৬ জুলাই সময়টায় তরুণরা কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক পেতে দিয়ে দেশকে স্বাধীন করেছিল, কীভাবে ফ্যাসিবাদী সরকার গণহত্যা চালিয়েছিল- সেই নির্মম ইতিহাসই উঠে এসেছে বিশিষ্ট নাট্যকার হাসান আখতারের কলমে। বইটি পাঠ করলে পাঠকমহল অনুভব করতে পারবে সেই সময়ের করুণ ও নির্মম পরিস্থিতির।
নাট্যকার হাসান আখতারের জন্ম পুরান ঢাকায়। তবে তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সদর উপজেলার গোগনগরে। ১৯৮৫ সালে এ নাট্যকার লেখালেখির জগতে পা রাখেন। বাস্তব ঘটনা অবলম্বনে ৩৬ জুলাই শহীদদের নিয়ে তার গল্পগুলো খুবই হৃদয়স্পর্শী, যা পাঠকদের হৃদয়কে নাড়া দিতে সক্ষম। বই সংগ্রহ করতে আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭৩৩২৯৬৩৮৪ (হাসান আখতার)।

‘আকাশছোঁয়া গান’
কবিতা জীবনের কথা বলে সময়কে তুলে ধরে। কবির স্বকালের স্মৃতি অনুভব, জীবনাচার, সমাজবাস্তবতা এবং ভবিষ্যৎ কামনাকে চিত্রিত হয় কবিতায়। আবেগ অনুভূতি ও বিশ্বাসের মিশ্রণে এক ছন্দময় প্রকাশ থাকে কালের ফ্রেমে। ‘আকাশছোঁয়া গান’ কাব্যগ্রন্থটি এমনি একটি সৃষ্টি প্রথিতযশা কবি আবদুল হালীম খাঁয়ের। কবি হিসেবে তাঁর জীবনের একটি অন্যতম সৃষ্টি এটি।
কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে দেশজ প্রকাশন। ২০২৫ সালের বই মেলায় এটি প্রথম প্রকাশ পায়। মাত্র ৪৮ পৃৃষ্ঠার কাব্যগ্রন্থটি একগুচ্ছ অসাধারণ কবিতার সন্নিবেশ করেছে।
স্বপ্নের ঝড়; দিগন্ত প্রতীক্ষায় অস্থির; আমারও আছে অধিকার; এখানে দিও না হাত; ক্ষুধা; অলৌকিক আনন্দ; পঞ্চাশ বছর পর; চলে যাবার আগে; ফিলিস্তিনের আর্তনাদ; আকাছ ছোঁয়া গান; খুব শখ; বৃক্ষ এবং নদীর দিকে; সময় পাল্টে গেছে; এমন ভীষণ কালো অন্ধকার; তবু মাঝে মাঝে; প্রতিদিন মৃত্যু আসে; নির্বাচন; সবখানে শুধু তুমি; পঙ্গু প্রাপক; লোকটা; দুঃশাসন; বিশাল ক্ষুধা; সময় তুমুল; আমার ভয়; প্রচ্ছদ; আবার আসবেন; আমার অঙ্গীকার; সময় ফুরিয়ে এলো— এসব কবিতা স্থান পেয়েছে এ কাব্যগ্রন্থে। কবি তার ঢঙে সময়ের উপলব্ধিকে তুলে ধরেছেন।
এ কাব্যগ্রন্থটির মাধ্যমে পাঠকরা উপলব্ধি করতে পারবে কবি জীবনের উদ্দেশ্য, অভিজ্ঞতা, আকাঙ্ক্ষাকে; কবি জীবনের বিশ্বাস, কবি জীবনের নানা বাঁক ও সামাজিক দায়বদ্ধতাকে। আবদুল হালীম খাঁ কবিদের সাদামাটা জীবনাচারকে তুলে ধরেছেন নিজের মাধ্যমে। তিনি শুনিয়েছেন ফিলিস্তিনের কংঙ্কর প্রান্তরে বর্বর ইসরাইলি কর্তৃক নির্যাতিত মুসলিম নারী-শিশু ও আবাল-বৃদ্ধের আর্তনাদ কবিতার মাধ্যমে। তিনি বার্তা দিতে চেয়েছেন আগত ও অনাগত প্রজন্মকে।
আবদুল হালীম খাঁ জন্মগ্রহণ করেন ১৯৪৪ সালের ১৭ জুলাই। ষাটের দশক থেকে তিনি লেখালেখি করে আসছেন। তিনি একাধারে, গল্পকার কবি, প্রাবন্ধিক, সাংবাদিক ও নাট্যকার। সাহিত্যের বহুমাত্রিক পদচারণা রয়েছে এ গুণী লেখকের। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও পেয়েছেন সম্মাননা। পাঠক মহল তার অনবদ্য সাহিত্যকর্ম থেকে উপকৃত হয়ে আসছে। আকাশছোঁয়া গান কাব্যগ্রন্থ থেকে পাঠকরা নতুন করে লেখককে আবিষ্কার করতে পারবে। বইটি অনলাইন শপ রকমারিতে সহজপ্রাপ্য। এছাড়া যোগাযোগ করতে পারেন সরাসরি কবির মোবাইলে : ০১৯৩৩৬৮৫৯৭৭।

স্মৃতি-বিস্মৃতি-১
হায়রে আমার মন মাতানো দেশ
স্মৃতি-বিস্মৃতি-১ হায়রে আমার মন মাতানো দেশ সংকলন বইটি মূলত লেখকের জীবনের নানা বাকের স্মৃতি ও উপলব্ধির সংকলন। বইটি লেখকের জীবনঘনিষ্ঠ নানা ঘটনার মাধ্যমে বাংলাদেশের নানা প্রান্তের; বিশেষত জয়পুরহাট ও ঢাকার জীবনের চ্যালেঞ্জ ও অসংগতিকে চিত্রিত করেছে। লেখক জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার মাধ্যমে সমাজ ব্যবস্থার নানা দিক তুলে আনার চেষ্টা করেছেন।
সংকলন গ্রন্থটির লেখক সৈয়দ মাসুদ মোস্তফা নিজের শৈশব, কৈশোর নিজ জেলার প্রকৃতি ও প্রাণের অভিজ্ঞতা ও অভিজ্ঞানকে তুলে ধরেছেন। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে জীবনের নানা পরিবর্তনকেও তুলে এনেছেন। ১২৩ পৃষ্ঠার এ সংকলন গ্রন্থটিতে হায়রে আমার মন মাতানো দেশ; জয়পুরহাট আমার অহংকার; সন্তুষ্টিই আশীর্বাদ: অসন্তুষ্টি অভিশাপ; স্মৃতি-বিস্মৃতি; মূলের দিকেই ফিরছে সভ্যতা; খোঁপেলা বিবির আমলনামা; ওয়াজ ও ওয়াজ মাফিল; রাজকন্যার অভিমান; ছাগলের উপপদ্রব; কাঁদায় কেন তুলসীগঙ্গা; বীরের জাতি: বীরের মতো থাকি; ওঁরাও দুহিতার চোখে সাংবাদিকতা; শিক্ষা ভিক্ষা ও উপাসনালয়; স্মৃতিতে বাবু গৌরাঙ্গ দাস; নারী অধিকারের স্বরূপ; রেল ভ্রমণ উপাখ্যান; দুলু মিয়ার কবিরাজি; হারিয়ে যাওয়া মানিকরা শিরোনামে প্রায় দেড় ডজন গল্প অন্তর্ভুক্ত করেছেন এ গল্পগ্রন্থে।
লেখক আত্মজীবনের গল্পের ছলে সমাজের নানা অসংগতি ও অনাচারকেও তুলে ধরেছেন। তুলে ধরেছেন দেশের অপরূপ সৌন্দর্যকে। চিত্রিত করেছেন ক্রমেই ধসে যাওয়া সম্ভাবনাগুলোর কথা। তুলে ধরেছেন দেশের আমলা ও সরকারি কর্মচারীদের নীতি ও বিবেকহীনতা এবং নাগরিকদের ভোগান্তি ও হয়রানির তিক্ত অভিজ্ঞতা।
লেখক সৈয়দ মাসুদ মোস্তফা পেশাগত জীবনে শিকক্ষতা দিয়ে শুরু করেন। তিনি একাধারে কবি, উপন্যাসিক, প্রাবন্ধিক, গাল্পিক ও নিবন্ধকার এবং কলামিস্ট। ১৯৭১ সালে জন্ম নেয়া এ লেখক নানাভাবে প্রশাসনিক ও সামাজিক জুলুমের শিকার হয়েছেন। বাংলা সাহিত্য পরিষদ প্রকাশিত হায়রে আমার মন মাতানো দেশ বইটির পরিবেশক অনলাইন শপ রকমারিডটকম। পাঠকরা ১২৮ পৃষ্ঠার বইটি পড়ে দেশের অপরূপ সৌন্দর্যের বর্ণনার পাশাপাশি ইতিহাসেরও পাঠ নিতে পারবে। সুখপাঠ্য গ্রন্থটি সংগ্রহ করতে যোগাযোগ করুন : ০১৫৪০৩১০২২২। গ্রন্থনা- আবু জায়েদ আনসারী।

বাংলা ভাষায় নবীপ্রেমের কবিতা ও গান
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯

প্রতিশোধ নয়, উদারতা
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬

সাহিত্যে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫

গ্রন্থ পরিচিতি
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১

মোশাররফ হোসেন খান
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০