রফিক মুহাম্মদ-এর কবিতা
বাড়ছে শুধু ঋণ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৮
গিন্নি বলে বাজারে যাও, নিয়ে এসো ডিম
তেল চিনি আর আটার সাথে বাসন মাজার ভিম।
লং এলাচি জিরা এনো শেষ হয়েছে চা
বাজারের এই লিস্টি শুনে চলতে চায় না পা।
গায়ের রক্ত হঠাৎ কেমন ঠাণ্ডা হয়ে আসে
গিন্নি কি আর জানে আমার কামাই কত মাসে?
তেলের দামটা দিগুণ হলো বাড়লো রাতারাতি
তেল নিয়ে যে চললো কেমন আজব তেলেসমাতি।
চাল ডাল আর লবণ চিনি রসুন পটোল আলু
দাম শুনলেই প্রেসার বাড়ে গরম মাথার তালু।
মাছ গোশতের দামও বেশি কেনার সাধ্য নাই
বছরজুড়েই শাক করলা সবজি কিনে খাই।
শাকসবজির দামও এখন নানা ছুঁতোয় বাড়ে
মূল্য বাড়ার অসহ্য চাপ পড়ছে শুধু ঘাড়ে।
সব জিনিসের দাম লাফিয়ে বাড়ছে প্রতিদিন
আমার তো আর আয় বাড়ে না বাড়ছে শুধু ঋণ।