ইয়াসিন মাহমুদ-এর কবিতা

আত্মজিজ্ঞাসা


১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৭

মানুষের যখন বিপদ আসে চারদিক থেকে ঘিরে ধরে
আপন মানুষও হয়ে যায় পর; যেন এক অচেনা শহর
ভিন্নজগতের বাসিন্দা; এমনও সময় আসে জীবনে।

সহজ-সরল, সদাই নন্দ মানুষের
জীবনে নাকি ঝামেলা কম
অবশ্য আমাকে বারবার তাগিদ দেওয়া হয়—
মানুষকে একটু বিশ্বাস কম করো।

ঠগবাজ মানুষের কাজই হলো ঠকানো—
উদ্ধার হয়ে যায় সময়ের স্রোতে
মানুষের গলার ওপর পা পাড়িয়ে তবুও সে খুঁজে তার মঞ্জিল
আমাকে মানুষের প্রতি আস্থাহীন করে তোল না—
এপারের মানুষের কাছে আমি না হয় ঠকে গেলাম;
তারপর দৃষ্টি প্রসারিত করে দেখি,
দূর দিগন্তে দু’হাত উঁচিয়ে আমায় ডাকছে
এক মহামানব—
কী প্রশস্ত বুক তার!
কেউ না কেউ মূল্য রাখে ভালোবাসা-বিশ্বাস ও আস্থা
আমাকে কখনো মানুষের প্রতি বিশ্বাসী হতে
নিষেধ করো না।