কোনো বাবা-মাকে যেন বৃদ্ধাশ্রমে থাকতে না হয় – ড. ইলিয়াস মোল্লা এমপি
৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১২
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা : ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা বলেছেন, কোনো বাবা-মাকে যেন বৃদ্ধাশ্রমে থাকতে না হয়, মাদকাসক্ত সন্তানের কাছে যেমন বাবা-মা নিরাপদ নয়, লুটপাটকারীদের হাতে তেমন দেশ নিরাপদ নয়।
গত ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় ফরিদপুরের মধুখালী উপজেলা হলরুমে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মধুখালী উপজেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু জিএস মো. মাজহারুল ইসলাম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন মোল্লা, শহর শাখার সভাপতি মুয়াজ বিল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলীমুজ্জামান, মধুখালী পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম প্রমুখ। এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নওশের আলী চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি খলিলুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবকসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
ড. ইলিয়াস মোল্লা বলেন, কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবী, দক্ষ ও নৈতিক তরুণদের হাত ধরেই একটি বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে উঠবে। প্রযুক্তির পাশাপাশি মেধা ও জ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য আমাদের অনেক পরিশ্রম ও কষ্ট করতে হবে, লেখাপড়া করে মানুষ হতে হবে, কোনোভাবে ফাঁকি দেয়া যাবে না। অনুষ্ঠানে ৭৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শোয়াইব হোসেন।