মৌলভীবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন

শ্রমিকের ঘামের টাকা পকেটে ঢোকাতে দেব না -এডভোকেট আতিকুর রহমান


২৭ আগস্ট ২০২৬ ০৯:৫১

মৌলভীবাজার সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেছেন, চাঁদাবাজরা শ্রমিকদের ঘামের টাকা পকেটে ঢোকাবেন, আর আমরা তাকিয়ে দেখবো, তা হবে না। আমরা এমন নেতা চাই, যে নেতা নিজে খায় না, অন্যকেও খেতে দেয় না। শ্রমিক ময়দানে আর কোনো মাফিয়া হতে দেবো না।
গত ২১ আগস্ট শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এডভোকেট আতিক চাঁদাবাজ সিন্ডিকেটদের উদ্দেশে বলেন, আমার জেলা আমি কন্ট্রোল করবো, আপনি কে? তিনি বলেন, শ্রমিক নামে দুটি সংগঠন ছিল। একটি হাওয়া হয়ে গেছে। এখন একটি রয়েছে।
তিনি বলেন, জাসদ ও বাম সংগঠনের কালমার্কস এর পথে হাঁটলে প্রকৃতভাবে শ্রমিকদের অধিকার আদায় করা যাবে না। একমাত্র ইসলামই পারে শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে। তিনি শ্রমিক নেতাদের লক্ষ করে বলেন, যে নেতা ঘুমিয়ে থাকেন আর আদর্শের কথা বলেন ওই নেতা দিয়ে শ্রমিকরা কিছুই পাবে না। আমরা ১৭ বছর কাজ করতে পারিনি। এখন আমরা উন্মুক্তভাবে কাজ করার সুযোগ পেয়েছি। এখন থেকে যেখানে চাঁদাবাজ সেখানে প্রতিরোধ।
তিনি বলেন, ফখরুল ইসলাম আলমগীর যদি কৃষকদের নেতা থেকে রাষ্ট্রপতি হতে পারেন, একসময় শ্রমিকদের নেতাও রাষ্ট্রপতি হবেন।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আলাউদ্দিন শাহর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মুমিতের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণের সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন।