সম্পাদকীয়

জুলাই চেতনা বাস্তবায়নে সরকারের শৈথিল্যের সুযোগ নিচ্ছে পতিত ফ্যাসিস্টরা


২৫ নভেম্বর ২০২৬ ১৯:৫৭

২০২৪ সালের আগস্ট বিপ্লবের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন, ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজিমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা। ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত সেই বিজয়ের পর দেশের মানুষ বুক বেঁধেছিল এক নতুন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার আশায়। সেই গণআকাঙ্ক্ষার বাস্তব রূপরেখা হিসেবে সামনে এসেছিল জুলাই সনদ, গণভোটের দাবি এবং তার আলোকে সংবিধান সংস্কারের প্রশ্ন— যাতে কোনো শাসক বা গোষ্ঠী আর কখনো জনগণের অধিকার হরণ করতে না পারে।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বিএনপি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি শপথের দিন থেকেই গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়। তারা প্রায় শতকরা ৭০ ভাগ মানুষের ভোটের রায়ের প্রতি অশ্রদ্ধা জানিয়ে প্রকাশ্য দ্বিমুখীনীতির কথা ঘোষণা করে বলে, ‘তারা নির্বাচন দ্রুত করার জন্য গণভোটের কথা মুখে বললেও অন্তর থেকে মেনে নেয়নি। দলের নীতিনির্ধারকদের এমন দ্বিমুখী আচরণের সুযোগ নেয় একদল স্বার্থান্বেষী গোষ্ঠী। তারা বিএনপি সরকার গঠনের পর দলীয় ব্যানার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে স্বজনপ্রীতি, ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিতে মেতে ওঠে। এই সুবিধাবাদী গোষ্ঠী জুলাই বিপ্লবের মূল চেতনার বিপরীতে অবস্থান নিয়ে জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়। এতে জনমনে ক্ষোভ বাড়তে থাকে। কারণ জনগণ প্রত্যক্ষ করে অতীতের ফ্যাসিবাদী আমলের মতোই বিভিন্ন খাতে চাঁদাবাজি, দখলবাজি এবং টেন্ডারবাজির চর্চা আবারও দৃশ্যমান হয়ে উঠছে। পাশাপাশি বাজার সিন্ডিকেট ও ব্যাংক লুটেরা গোষ্ঠীর দৌরাত্ম্য নিয়ন্ত্রণে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের ঘাটতিতে ভঙ্গুর অর্থনীতি আরও চাপে পড়েছে। এর সরাসরি অভিঘাত গিয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণি চরম সংকটে দিন কাটাচ্ছে, আর সমাজে ধনী-গরিবের বৈষম্য আরও প্রকট হয়ে উঠছে।
এই সংকট ও অব্যবস্থাপনার সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী আবারও মাথাচাড়া দেওয়ার এবং ফিরে আসার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সুকৌশলে ‘আগেই ভালো ছিলাম’— এমন একটি বিভ্রান্তিকর বয়ান তৈরি করে সাধারণ মানুষের হতাশাকে পুঁজি করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ ইতিহাস সাক্ষ্য দেয়, অতীতের সেই স্বৈরশাসন ছিল লুণ্ঠন, গুম-খুন ও জুলুমের নামান্তর। সেই অন্ধকার অধ্যায়কে আড়াল করে জনগণকে বিভ্রান্ত করার যেকোনো প্রয়াস রুখে দেওয়া এখন সময়ের অনিবার্য দাবি। এই পরিস্থিতিতে সরকারের দায়িত্ব কেবল প্রশাসনিক রুটিনমাফিক কাজ চালিয়ে যাওয়া নয়; বরং আগস্ট বিপ্লবের চেতনা ও জুলাই সনদের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে গণভোটের আলোকে অবিলম্বে প্রয়োজনীয় সংবিধান সংস্কার ও রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করা। দলীয় পরিচয় বা প্রভাব যাই হোক না কেন, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে ফ্যাসিবাদী দুঃশাসন ও গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করে পতিত ফ্যাসিস্টদের রাজনীতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে।
আমরা মনে করি, জুলাই চেতনা বাস্তবায়নে সরকারের শৈথিল্যের সুযোগ নিচ্ছে পতিত ফ্যাসিস্টরা। সবচেয়ে বড় কথা, দেশ গড়ার এই কঠিন পথ একা পাড়ি দেওয়া সম্ভব নয়। সরকারকে বিরোধীদলসহ ফ্যাসিবাদবিরোধী সকল শ্রেণি-পেশা ও রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বৈষম্যমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হলেই কেবল দ্রব্যমূল্য ও অর্থনীতির সংকট কাটবে এবং পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী আর কখনোই মাথা তুলে দাঁড়ানোর সাহস পাবে না।