জাতীয় ঐক্য কোনো সাময়িক রাজনৈতিক সমঝোতার বিষয় নয় : ড. হামিদুর রহমান আযাদ
২৫ নভেম্বর ২০২৬ ১৭:২৭
জাতীয় ঐক্য কোনো সাময়িক রাজনৈতিক সংকট মোকাবিলার কৌশলও নয়। জাতীয় ঐক্য হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, জনগণের অধিকার, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থের ভিত্তিতে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই—গণভোটের রায় নিয়ে কোনো টালবাহানা, ছলচাতুরী কিংবা বেছে বেছে বাস্তবায়নের সুযোগ নেই। জনগণের ম্যান্ডেট পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। এটি সরকারের অনুগ্রহ নয়, জনগণের প্রতি রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণের রায় উপেক্ষা করে একদিকে জাতীয় ঐক্যের আহ্বান, অন্যদিকে রাজনৈতিক সুবিধামতো সিদ্ধান্ত গ্রহণ—এ দুটো একসঙ্গে চলতে পারে না। ঐক্যের কথা বলতে হলে আগে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। ক্ষমতা চিরস্থায়ী নয়, রাষ্ট্রের মালিক জনগণ।
ড. আযাদ বলেন, জাতীয় ঐক্য টেকসই করতে হলে পারস্পরিক রাজনৈতিক সম্মান, সহনশীলতা, গণতান্ত্রিক অধিকার এবং জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কোনো পক্ষের একতরফা সিদ্ধান্ত নয়, জনগণের ম্যান্ডেটই হতে হবে রাষ্ট্র পরিচালনার প্রধান ভিত্তি।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতার ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই। সাময়িক সমঝোতা নয়, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা চাই। কথার ঐক্য নয়, বাস্তবায়নের ঐক্য চাই।
তিনি গণভোটের গণরায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে তোলার আহ্বান জানান।