সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
২৫ নভেম্বর ২০২৬ ১৯:৩১
ভারতে আদমশুমারির আড়ালে দেশজুড়ে মুসলিমদের রাষ্ট্রহীন করার ছক!
ভারতের ২০২৭ সালের আসন্ন আদমশুমারি এবং জনসংখ্যাগত পরিবর্তন সংক্রান্ত নবগঠিত একটি সরকারি কমিটি দেশব্যাপী জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাস্তবায়নের ভিত্তি তৈরি করতে পারে বলে জাতিসংঘকে সতর্ক করেছে ‘সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন’ (এসএজেসি)। মানবাধিকার সংস্থাটির আশঙ্কা, এর ফলে মুসলিম এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গত ১৪ নভেম্বর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ওএইচসিএইচআর) জমা দেওয়া এক প্রতিবেদনে নাগরিক সমাজের এই সংগঠনটি ওই সরকারি কমিটি এবং আদমশুমারির প্রস্তুতির প্রভাব খতিয়ে দেখার জন্য জাতিসংঘের ‘স্পেশাল প্রসিডিউরস’-এর প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটি এই প্রক্রিয়াগুলোর সঙ্গে দেশব্যাপী ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) কার্যক্রমের যোগসূত্র তুলে ধরে সতর্ক করেছে যে, এগুলো সম্মিলিতভাবে নাগরিকদের গোপনীয়তা, সমতা ও নাগরিকত্বের অধিকারকে ক্ষুণ্ন করতে পারে। পাশাপাশি এটি সাম্প্রদায়িক মেরুকরণকে আরও গভীর করবে এবং মুসলিম ও সংখ্যালঘুদের বৈষম্য ও রাষ্ট্রহীনতার ঝুঁকিতে ফেলবে। উদাহরণ হিসেবে আসামের কথা উল্লেখ করে সংস্থাটি জানায়, ২০১৯ সালের ৩১ আগস্ট প্রকাশিত আসামের চূড়ান্ত এনআরসি তালিকা থেকে প্রায় ১৯ লাখ মানুষ বাদ পড়েছিলেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার ১৪ দশমিক ২ শতাংশ বা প্রায় ১৭ কোটি ২০ লাখ মানুষ মুসলিম। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আদমশুমারির প্রশ্নপত্রে উত্তরদাতাদের বাবা-মায়ের নাম, জন্মস্থান ও ধর্মের পাশাপাশি মোবাইল নম্বর, ভোটার আইডি এবং আধার নম্বরের মতো ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। সিপআই (এম)-সহ সমালোচকদের মতে, এ ধরনের প্রশ্নাবলি আদমশুমারিকে এনআরসির পূর্বসূরিতে পরিণত করতে পারে। তবে এসএজেসির এই প্রতিবেদনের বিষয়ে ভারত সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং জাতিসংঘও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে কি না, তা স্পষ্ট করেনি। আল-জাজিরা।
তিন দশকের রেকর্ড ভাঙল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) ঐতিহাসিক জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। দেশের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) অন্তত ২৫৮টি আসন নিশ্চিত করার মাধ্যমে গত তিন দশকের মধ্যে যেকোনো জাতীয় নির্বাচনে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অস্থির শাসনব্যবস্থা, নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম এবং ইরানের সঙ্গে অজনপ্রিয় যুদ্ধের বিরুদ্ধে মার্কিন ভোটারদের তীব্র ক্ষোভের প্রতিফলন ঘটেছে এই ফলাফলে। নির্বাচন কর্মকর্তারা এখনো কিছু আসনের ভোট গণনা চালিয়ে যাচ্ছেন এবং কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, রক্ষণশীল অঙ্গরাজ্যগুলোতেও বড় ধরনের ধস নামিয়ে ১৯৯০-এর দশকের শুরুর পর সর্বোচ্চ আসন নিজেদের ঝুলিতে পুরেছে ডেমোক্র্যাটরা। এর আগে ২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামার জোয়ারে ডেমোক্র্যাটরা ২৫৭টি আসন পেয়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল দলটি। গত ২২ নভেম্বর রোববার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ বারের রিপাবলিকান কংগ্রেস সদস্য ভার্জিনিয়া ফক্সকে পরাজিত করেন ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক সংবাদকর্মী চাক হাবার্ড। পুনর্গণনা শেষে তার জয়ের মধ্য দিয়েই ২৫৮ আসনের মাইলফলক স্পর্শ করে ডেমোক্র্যাটরা। সর্বশেষ ১৯৯২ সালে বিল ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় কোনো দল জাতীয় নির্বাচনে ২৫৮টি আসন পেয়েছিল। নির্বাচনের আগে রিপাবলিকান-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যগুলোর আইনসভায় নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ (জেরিম্যান্ডারিং) করে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ডেমোক্র্যাটদের এই গণজোয়ারের সামনে সেই কৌশল পুরোপুরি ভেস্তে গেছে। নিউইয়র্ক, ইন্ডিয়ানা থেকে শুরু করে অ্যারিজোনা পর্যন্ত রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে হানা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এই জয়ের পর প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হওয়ার পথে থাকা নিউইয়র্কের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস এক বিবৃতিতে বলেন, ‘আমেরিকাকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনার লড়াই চালিয়ে যেতে দেশের জনগণ আমাদের এই ঐতিহাসিক ম্যান্ডেট দিয়েছে। জনগণের আকাক্সক্ষা অনুযায়ী আমূল পরিবর্তন আনতে আমরা একযোগে কাজ করব।’ তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হবেন। অন্যদিকে শোচনীয় পরাজয়ের পর প্রতিনিধি পরিষদের বর্তমান রিপাবলিকান স্পিকার মাইক জনসন আগামী বছর আর দলীয় নেতৃত্বের দৌড়ে না থাকার ঘোষণা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও ওহাইওর আইনপ্রণেতা জিম জর্ডানকে নির্বাচিত করেছেন রিপাবলিকানরা। সাবেক রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাকার্থি এই ফলাফলকে ডেমোক্র্যাটদের ‘প্রজন্মগত বিজয়’ হিসেবে আখ্যায়িত করে স্বীকার করেছেন যে, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের কৌশল বরং তাদের বিপক্ষেই গেছে। আরেক সাবেক স্পিকার নিউট গিংরিচ যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে রিপাবলিকানদের ভরাডুবির মূল কারণ বলে উল্লেখ করেছেন। রয়টার্স।
মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল ব্রিটেন
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আদালতের এমন রায়ের পর এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত ও, কিয়াও সোয়ে ও এবং কিয়াও সোয়ার ও। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়ায় মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। একইসঙ্গে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যার সময় মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। ওইসময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী। ২০২১ সালেই তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য। মিলিব্যান্ড আরো বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে হবে। মিয়ানমারে অবিলম্বে সংঘাত বন্ধেরও আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করতে অবিলম্বে সংঘাত বন্ধ করতে হবে। বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা থামাতে হবে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। পাশাপাশি সবার অংশগ্রহণে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরু করতে হবে। দেশটিতে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নতুন আইন প্রণয়নের কথাও জানিয়েছেন মিলিব্যান্ড। ১৯৮৯ সাল পর্যন্ত মিয়ানমার বার্মা নামে পরিচিত ছিল। গত সপ্তাহে আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করেছিলেন মিলিব্যান্ড। গত ২৩ নভেম্বর সোমবার পার্লামেন্ট সদস্যদের তিনি জানান, চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ের প্রতি সমর্থন জানিয়েছে আরো কয়েকটি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডা। বিবিসি।
ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে আড়াই বিলিয়ন ডলার উদ্ধার
ইরাকে চলমান দুর্নীতিবিরোধী অভিযানে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। এর মধ্যে নতুন করে জব্দ করা হয়েছে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ইরাকি দিনার, যার মূল্য প্রায় ১ দশমিক ৭ বিলিয়ন ডলার। এর আগে আরো ৭৮০ মিলিয়ন ডলার জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে উদ্ধার করা অর্থের পরিমাণ প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার। ইরাক সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি এ তথ্য জানিয়েছেন। তিনি এ অভিযানকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন। তার ভাষ্য, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের মধ্য দিয়ে অভিযানের ফলাফল স্পষ্ট হয়ে উঠছে। দোষী ব্যক্তিদের মধ্যে রাজনীতিবিদ, সংসদ সদস্য এবং প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন। ইরাকি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-আবুদি বলেন, উদ্ধার করা অর্থ ২০২৭ সালের প্রস্তাবিত জাতীয় বাজেটে একটি তহবিলে জমা রাখা হবে। এই তহবিলের উদ্দেশ্য হলো ‘ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তেলের রাজস্ব ও রাষ্ট্রীয় কোষাগারকে শক্তিশালী করতে আর্থিক সহায়তা জোগানো’। ইরাকে সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযান মূলত জুরফ আল-সাখার এলাকাকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। বাগদাদের কাছের এই এলাকাটি ইরান-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ এলাকায় তেল চোরাচালানের একটি বিস্তৃত চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও নিরাপত্তা বিভাগের পরিচালকদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তারা এই চোরাচালান চক্রের কার্যক্রমে অংশ নিয়েছেন। তবে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ তাদের বিরুদ্ধে ওঠা আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। গোষ্ঠীটি বলেছে, সরকার ‘মিথ্যা অভিযোগ তৈরি করছে’। আল-জাজিরা।
ভারতে মসজিদ থেকে মাইক খুলে নিয়ে গেল পুলিশ
ধর্মীয় ও জনসমাগমস্থলে শব্দযন্ত্র ব্যবহারের নির্ধারিত বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে বারানসির নূর নগর এলাকার নূরমানিয়া মসজিদ থেকে তিনটি লাউডস্পিকার খুলে জব্দ করেছে দেশটির পুলিশ। গত রোববার (২২ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। ভেলুপুর থানার অধীনস্থ বাজারডিহা পুলিশ ফাঁড়ি এলাকার দেব পোখরির ওই মসজিদে দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ দাবি করেছে, ফাঁড়ির ইনচার্জ প্রশান্ত শিবহারে খবর পান যে, শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ও হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ওই মসজিদে লাউডস্পিকার ব্যবহার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভেলুপুরের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) গৌরব কুমার পুলিশের একটি দল নিয়ে মসজিদে পৌঁছান। সেখানে কর্মকর্তারা নির্ধারিত সীমার অতিরিক্ত তিনটি লাউডস্পিকার দেখতে পান বলে তারা দাবি করেন। পরে পুলিশের তত্ত্বাবধানে সেগুলো খুলে জব্দ করা হয়। অভিযান চলাকালে পুলিশ কর্মকর্তারা মসজিদ কমিটির সদস্য ও উপস্থিত অন্যদের শব্দদূষণের মাত্রা এবং ধর্মীয় ও জনসমাগমস্থলে লাউডস্পিকার ব্যবহারের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা ও প্রচলিত বিধিমালা সম্পর্কে অবহিত করেন। এসিপি গৌরব কুমার জানান, নির্ধারিত মানদণ্ড লঙ্ঘন করে স্থাপন করা লাউডস্পিকারের বিরুদ্ধে পুলিশের এ অভিযান চলমান রয়েছে। শব্দদূষণ-সংক্রান্ত বিধিমালা যথাযথভাবে মেনে চলা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। পুলিশের দাবি অনুযায়ী, অভিযান চলাকালীন পুরো এলাকার পরিস্থিতি শান্ত ছিল এবং মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় মুসল্লিরা পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা করেছেন। তবে ওই মসজিদের ঠিক কী ধরনের অনুমতি ছিল, সেখানে কতটি লাউডস্পিকার ব্যবহারের অনুমোদন রয়েছে কিংবা ঘটনাস্থলে শব্দের মাত্রা কতটুকু পরিমাপ করা হয়েছিল— সে বিষয়ে পুলিশ বিস্তারিত কোনো তথ্য দেয়নি। উল্লেখ্য, উত্তর প্রদেশে শব্দদূষণ নিয়ন্ত্রণে লাউডস্পিকার অপসারণের এই ধরনের অভিযান নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও বিতর্ক রয়েছে। সমালোচক, নাগরিক অধিকার কর্মী এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, আইনের প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনের আচরণ প্রায়ই পক্ষপাতদুষ্ট হয়ে থাকে এবং এ ধরনের অভিযানে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা বা উৎসবের চেয়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মসজিদগুলোকেই বেশি লক্ষ্যবস্তু করা হয়। তাদের মতে, শব্দদূষণের নিয়ম সবার জন্য সমান হলেও বাস্তবে এর প্রয়োগে বৈষম্য দেখা যায়। ভারতজুড়ে পূজা এবং দিপাবলীর সময় ভয়াবহ শব্দদূষণের ঘটনা ঘটলেও তা কখনো সাম্প্রদায়িক প্রশাসনের নজড় কাড়তে পারে না। অন্যদিকে রাজ্য প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে দাবি করা হয় যে, আদালতের নির্দেশনা এবং সরকারি নীতিমালা অনুযায়ী কোনো ধর্ম বা সম্প্রদায়কে আলাদা করে নয়, বরং নির্ধারিত ডেসিবেল সীমা লঙ্ঘনকারী সকল ধর্মীয় ও জনসমাগমস্থলের বিরুদ্ধেই নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। সিয়াসত ডেইলি।
নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা প্রদর্শন ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম নতুন উৎক্ষেপণব্যবস্থা দেখিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, নতুন এই ব্যবস্থায় একই সময়ে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। তবে উৎক্ষেপণব্যবস্থাটির কার্যকারিতা ও সক্ষমতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গত শনিবার (২১ নভেম্বর) ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি। তাদের পরিদর্শনের ভিডিও প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন উৎক্ষেপণব্যবস্থাটি একইসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এর আগে ইরান একই ধরনের দ্বৈত উৎক্ষেপণব্যবস্থায় কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। নতুন ব্যবস্থাটিকে আগেরটির তুলনায় উন্নত বলে দাবি করছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মাজিদ মুসাভি বলেন, গত দুই দফা সংঘাতের মধ্যবর্তী সময়ে ইরানের সামরিক সক্ষমতা বেড়েছে। নতুন অস্ত্র ও প্রযুক্তির মাধ্যমে যুদ্ধক্ষেত্রে অপ্রত্যাশিত চমক তৈরি এবং প্রতিপক্ষকে মোকাবিলার সক্ষমতা বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। আইআরআইবির দাবি, নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা যায়। এগুলোর গতি ও গতিপথ নিয়ন্ত্রণের সক্ষমতা রয়েছে, যা শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তা করতে পারে। তবে এ সক্ষমতার বিষয়ে স্বাধীন কোনো মূল্যায়ন পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও দাবি করেছে, দেশটির নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের পাল্লা, লক্ষ্যভেদে নির্ভুলতা ও পথনির্দেশনা সক্ষমতা বেড়েছে। এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) ওপর নির্ভর না করেও লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে বলে দাবি করা হয়েছে। তবে এসব তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রের কিছু সুবিধা থাকলেও সেগুলো উৎক্ষেপণের প্রস্তুতিতে তুলনামূলক বেশি সময় লাগে। সামরিক বিশ্লেষক ইভা রেননের মতে, তরল জ্বালানির ব্যবহার নিজে থেকেই ক্ষেপণাস্ত্রের সামগ্রিক সক্ষমতা বাড়িয়ে দেয় না। উৎক্ষেপণের আগে জ্বালানি প্রস্তুত করতে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতরে শত শত ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণযান ও অন্যান্য সামরিক সরঞ্জাম দেখা গেছে। তবে স্থাপনাটির অবস্থান এবং ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা স্পষ্ট নয়। রয়টার্স, টাইমস অব ইসরাইল।
‘মুসলিমবিদ্বেষ গণহত্যাকে স্বাভাবিক করার হাতিয়ার’: বর্ণবাদবিষয়ক গবেষক ড. আমিনা শরিফ
মুসলিমবিদ্বেষ কেবল ব্যক্তিগত ঘৃণা, কুসংস্কার কিংবা বৈষম্যের বিষয় নয়; বরং এটি বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত এমন এক বর্ণবাদী ক্ষমতাকাঠামো, যা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও গণহত্যাকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করে তুলছে। এমন মন্তব্য করেছেন মুসলিমবিদ্বেষী বর্ণবাদবিষয়ক গবেষক ড. আমিনা শরিফ। তিনি বলেন, গাজা, ইরান ও লেবাননে চলমান ধ্বংসযজ্ঞ মুসলমানদের বিরুদ্ধে দীর্ঘদিনের বর্ণবাদী ও বৈষম্যমূলক ব্যবস্থারই ধারাবাহিকতা। এই ব্যবস্থা মুসলমান এবং মুসলিম হিসেবে চিহ্নিত জনগোষ্ঠীকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উপস্থাপন করে। ফলে তাদের ওপর নিপীড়ন, সহিংসতা ও সামরিক অভিযানকে নিরাপত্তার স্বার্থে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হয়। ড. আমিনার মতে, এই ব্যবস্থার কেন্দ্রে রয়েছে ‘মুসলিম সন্ত্রাসী’র একটি নেতিবাচক ধারণা। এর মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক অবস্থান ও অধিকার আদায়ের প্রচেষ্টাকেও স্বভাবগতভাবে হুমকি হিসেবে চিত্রিত করা হয়। এই মানসিকতা কেবল নজরদারি, আটক কিংবা সামরিকীকৃত সীমান্তব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং যুদ্ধ, রাজনৈতিকভাবে পরিত্যাগ এবং মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ ধ্বংসের ক্ষেত্রেও এর প্রতিফলন ঘটে। তিনি বলেন, ফিলিস্তিন এমন একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেখানে আধুনিক নিরাপত্তাব্যবস্থা, নিয়ন্ত্রণপ্রযুক্তি ও দমন-পীড়নের কৌশল পরীক্ষা ও পরিমার্জিত হয়েছে এবং পরবর্তী সময়ে বিশ্বের অন্যান্য অঞ্চলেও তা ব্যবহার করা হয়েছে। এ প্রক্রিয়াকে তিনি ‘প্যালেস্টাইন বুমেরাং’ ধারণার মাধ্যমে ব্যাখ্যা করেছেন। ড. আমিনার মতে, ইরান, লেবানন, কাশ্মীর, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও আফগানিস্তানের সংঘাতগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট ভিন্ন হলেও এসব ক্ষেত্রে একটি অভিন্ন প্রবণতা লক্ষ করা যায়। তা হলো, মুসলিম জনগোষ্ঠীকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরা এবং তাদের ওপর সংঘটিত সহিংসতা ও দুর্ভোগকে সহজেই ন্যায্যতা দেওয়ার পরিবেশ তৈরি করা। ড. আমিনা শরিফ বলেন, মুসলিমবিদ্বেষের বিরুদ্ধে লড়াই মূলত মানুষের জীবন, মর্যাদা ও মানবিক অধিকার রক্ষার সংগ্রাম। এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে ধারাবাহিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি, যে ব্যবস্থা গোটা জনগোষ্ঠীকে অকালমৃত্যু ও ধ্বংসের ঝুঁকির মুখে ঠেলে দেয়। তিনি আরো বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ অনিশ্চিত হলেও সেই লক্ষ্যে কাজ করার দায়িত্ব থেকে সরে আসার সুযোগ নেই। মিডল ইস্ট আই।
এআই নিয়ন্ত্রণে এক বছরের মধ্যে বিশ্বকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে বৈশ্বিক নীতিমালা ও তদারকি কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এজন্য জাতিসংঘের সদস্য দেশগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। গত সোমবার (২৩ নভেস্বর) বার্বাডোসে অনুষ্ঠিত এআই নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। গুতেরেস বলেন, এআইয়ের ঝুঁকি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে এমন একটি বহুপক্ষীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে বিশ্বের সব দেশের অংশগ্রহণ থাকবে এবং নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হবে। পাশাপাশি এ কাঠামোর কার্যক্রম তদারকির জন্য স্বাধীন ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা থাকতে হবে। চলতি বছরের ডিসেম্বরে জাতিসংঘ মহাসচিব হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা। মেয়াদ শেষ পর্যায়ে এসে উন্নত প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ক্রমেই সোচ্চার হয়েছেন তিনি। তার আশঙ্কা, যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে ভবিষ্যতে ‘ঘাতক রোবট’ বাস্তবে পরিণত হতে পারে। সোমবার বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে অনুষ্ঠিত ‘ব্রিজটাউন বিশেষ এআই নিরাপত্তা সম্মেলনে’ গুতেরেস বলেন, বৈশ্বিক শাসনব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠান এখনো ১৯৪৫ সালের বিশ্বের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে এসব প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন। এ সংস্কারের প্রয়োজন জাতিসংঘের ক্ষেত্রেও রয়েছে। একইভাবে আন্তর্জাতিক আর্থিক কাঠামো এবং বিশ্ব বাণিজ্যব্যবস্থারও পরিবর্তন দরকার। নতুন বছরের শুরুতে জাতিসংঘের পরবর্তী মহাসচিব দায়িত্ব নেবেন। তবে এখনো তার উত্তরসূরি নির্বাচন করা হয়নি। গুতেরেস জানিয়েছেন, উত্তরসূরিকে তিনি পরামর্শ দেবেন, মানবজাতির নিজেদের পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হলে এআইকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বিধিবিধান তৈরির সম্ভাবনা এখনো দূরবর্তী বলে মনে করা হচ্ছে। কারণ এ প্রযুক্তির দুই প্রধান শক্তি যুক্তরাষ্ট্র ও চীন গবেষণা এবং উন্নয়নে এগিয়ে থাকার প্রতিযোগিতায় ব্যস্ত। নতুন নতুন প্রযুক্তিগত সাফল্য অর্জনের মাধ্যমে একে অপরের ওপর প্রাধান্য বিস্তারের চেষ্টা করছে দেশ দুটি। এ পরিস্থিতিতে এআইয়ের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত কাঠামো গড়ে তোলা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আল-জাজিরা।
১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যা ইসরাইলি সেনাদের
২০২৬ সালে ইসরাইলি সেনাবাহিনীতে কর্মরত ২৩ সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এ বছরই সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা সর্বোচ্চ। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে আত্মহত্যা করা ২৩ সেনা ও কর্মকর্তা কর্মরত অবস্থায় ছিলেন। এছাড়া গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের সময় নিয়মিত বাহিনী ও রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালন করা আরো ১৭ সেনা চাকরি ছাড়ার পর এ বছর আত্মহত্যা করেছেন। একই সময়ে ইসরাইলের পাঁচজন পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। যুদ্ধ শুরুর আগের এক দশকে ইসরাইলি সেনাবাহিনীতে বছরে গড়ে প্রায় ১২ সেনা আত্মহত্যা করতেন। সাম্প্রতিক এই পরিসংখ্যান দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতার চিত্র তুলে ধরেছে। আল-জাজিরা।
গাজায় ইসরাইলি হামলায় ইউএনআরডব্লিউ-এর কর্মী নিহত, সুরক্ষার আহ্বান জাতিসংঘের
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ-এর এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সংস্থাটির আরো তিন কর্মী আহত হয়েছেন। গত সোমবার (২৩ নভেম্বর) গাজার জাবালিয়া এলাকায় একটি পানির কূপে দায়িত্ব পালন করার সময় তারা হামলার শিকার হন। এ ঘটনার পর মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত কর্মীদের সব সময় সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউএনআরডব্লিউএ জানায়, নিহত কর্মীর নাম আদেল আল-হেলো। সংস্থাটির মহাসচিব ক্রিস্টোফার সন্ডার্স তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে আহত তিন কর্মীর বিষয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। ইউএনআরডব্লিউএ জানায়, হামলার শিকার কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। তারা একটি পানির কূপে কাজ করছিলেন এবং স্থানীয় জনগোষ্ঠীকে গুরুত্বপূর্ণ সেবা দিচ্ছিলেন। সংস্থাটির তথ্যানুযায়ী, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউএনআরডব্লিউ-এর ৩৯৭ জন কর্মী এবং সংস্থাটির কার্যক্রমে সহায়তাকারী ব্যক্তি নিহত হয়েছেন। ইউএনআরডব্লিউএ বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে গাজাই জাতিসংঘের মানবিক সহায়তাকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থানে পরিণত হয়েছে। মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে সংস্থাটি বলেছে, তাদের দায়িত্ব পালনের সময় সব পরিস্থিতিতে সুরক্ষা দিতে হবে। আল-জাজিরা।
রুশ যুদ্ধজাহাজে হামলার দায় স্বীকার জেলেনস্কির
লিবিয়া উপকূলে ইউক্রেনীয় নৌ-ড্রোন হামলায় রাশিয়ার একটি আধুনিক যুদ্ধজাহাজ ডুবে গেছে এবং একটি মালবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত সোমবার (২৩ নভেম্বর) তিনি এই দাবি করেন। অন্যদিকে দেশটির উপকূলে সংঘটিত এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে রাশিয়ার অন্যতম নতুন যুদ্ধজাহাজ ‘মারকারি’ ডুবিয়ে দেওয়া হয়েছে। ২০২৩ সালে রুশ নৌবহরে যুক্ত হওয়া এই কর্ভেট শ্রেণির যুদ্ধজাহাজটির পাশাপাশি রাশিয়ার একটি কেএ-২৭ (কধ-২৭) যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন। জেলেনস্কির তথ্যমতে, হামলার দ্বিতীয় লক্ষ্যবস্তু ছিল ‘এমভি আঙ্গারা’ নামক একটি শুষ্ক পণ্যবাহী জাহাজ, যা রাশিয়া অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নির্ধারিত জলসীমায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ এর আগে গত ২২ নভেম্বর রোববার পূর্ব লিবিয়ার বেনগাজি উপকূলে হামলার খবর পাওয়া যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলায় একটি রুশ জাহাজ এবং অপর একটি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে। তবে জাহাজ দুটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে এবং সামান্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় লিবিয়ায় নিযুক্ত জাতিসংঘের সহায়তা মিশন ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে অবিলম্বে একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সংস্থাটি জানায়, ‘বিদেশি কোনো সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার মতো সামর্থ্য লিবিয়ার নেই এবং এটি হতে দেওয়াও উচিত নয়।’ হামলা ও বিস্ফোরণের প্রকৃতি নিয়ে লিবিয়া কর্তৃপক্ষের প্রাথমিক বক্তব্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। শুরুতে একটি নৌঘাঁটির গোলাবারুদের ডিপোতে অগ্নিকাণ্ডের কথা বলা হলেও পরবর্তীতে পূর্বাঞ্চলীয় প্রশাসন জানায়, বন্দরে নোঙর করা একটি রুশ জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ড্রোন হামলার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য বেনগাজিতে বিরতি নিয়েছিল। এপি।
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় অন্তত ১৫ জন নিহত
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে একাধিক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলায় পাঁচতলা একটি আবাসিক ভবনের একাংশ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া বাসিন্দাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। গত সোমবার (২৩ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কিয়েভের প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে ডাইমার শহরে পাঁচতলা একটি আবাসিক ভবনে রাতভর হামলা চালায় রাশিয়া। এতে ভবনটির একাংশ ধসে পড়ে এবং অন্তত ১১ জন নিহত হন। কিয়েভ অঞ্চলের কর্মকর্তা তিমুর তাকাচেঙ্কো সোমবার এ তথ্য জানান। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এতে ওই ভবনে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। ইউক্রেনের জরুরি পরিস্থিতি মোকাবিলা বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন কিশোরও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও ১১ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। আটকেপড়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও জানানো হয়। তবে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তাদের মধ্যে ৭৯ বছর বয়সী এক নারী ও একটি শিশুও রয়েছে বলে জানান তাকাচেঙ্কো। কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অড্রে ম্যাকঅ্যালপাইন জানান, ধসে পড়া ভবনের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা তাদের জীবিত কিংবা মৃত অবস্থায় উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে কিয়েভের দক্ষিণে ভিশনেভ শহরের একটি সুপারমার্কেটে রুশ হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে বলে শহরটির মেয়র ইলিয়া ডিকভো ফেসবুকে জানিয়েছেন। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাকাচেঙ্কো বলেন, মানুষজন কেবল নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে গিয়েছিলেন। সাধারণ একটি কেনাকাটা রুশ হামলার কারণে মর্মান্তিক ঘটনায় পরিণত হয়েছে। এছাড়া কাছের বিলয়া তসেরকভা শহরে একটি ব্যক্তিগত বাড়িতে হামলায় আরও একজন নিহত হয়েছেন। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায় বলে জানান তিনি। অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রধানমন্ত্রী সেরহি কোরেতস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে আসায় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে মস্কো। এর আগে গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, কের্চ সেতুতে ইউক্রেনের হামলার জবাবে রাশিয়া আরও ‘অনেক বেশি যন্ত্রণাদায়ক’ পাল্টা হামলা চালাবে। আল-জাজিরা।
গ্রন্থনা ও সম্পাদনা : আবদুল কাইউম খান