মুর্শিদ-উল-আলম-এর কবিতা

আমি তোমাকেই খুঁজব


২৫ আগস্ট ২০২৬ ২১:৪৯

যদি শ্রেষ্ঠ সুগন্ধির কথা বলতে বলা হয় আমি তোমার ঘামের কথা বলব।
যদি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চেয়েও উঁচু শিরের কথা জিজ্ঞেস করা হয়, তোমার শিরের কথাই বলব।
আমাকে যদি সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রেম অনুভবের কথা জিজ্ঞেস করা হয়, তোমার প্রতি হ্যাঁ ইঙ্গিতই করব।
আমাকে যদি শ্রেষ্ঠ কথার কথা জিজ্ঞেস করা হয়, তোমার কথার প্রতি ইঙ্গিত করব।
আমি খুঁজব তোমাকে খুঁজব
ওয়াটসন বে থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আটলান্টিক অন্তে খুঁজতে থাকব
তায়েফের রক্ত স্পর্শী মাটি ছুঁয়ে দিকে দিকে ঢালুতে ওপরে সিদরাতুল মুনতাহার দিকেও শুধু খুঁজব উসিলা হিসেবে খুজব
তোমাকে খুঁজে খুঁজে ক্লান্ত হব
তোমাকে খুঁজে খুঁজে প্রসন্ন হব
তোমাকে খুঁজে পেতে ব্যাকুল বিভোর হব।

খুঁজে পেতে হবে তোমাকে খুঁজেই পেতেই হবে
তোমাকে খুঁজে পেতে বিরহী বেলাল হতে চাই
তোমাকে খুঁজে পেতে আলীর মগ্নতা পেতে চাই
তোমাকে খুঁজে পেতে ওসমানের দানের দিল চাই
তোমাকে খুঁজে পেতে ওমরের দৃঢ় শুদ্ধতা চাই
তোমাকে খুঁজে পেতে আবু বকরের বিশ্বস্ততা চাই
তোমাকে খুঁজে পেতে কুরআন পাঠের তৃষ্ণা চাই।

তোমাকে খুঁজে পেতে ফুলের দিকে দৃষ্টি দিব
তোমাকে খুঁজে পেতে দুধের বাটিতে ঠোঁট দিব
তোমাকে খুঁজে পেতে নারীকে শ্রদ্ধার চাদর দিব
তোমাকে খুঁজে পেতে শিশুদের স্নেহ দিব
তোমাকে খুঁজে পেতে মা বাবাকে শিরে নিব।

খুঁজে পেতে হবে স্বপ্নে, তোমাকে খুঁজে পেতে হবে
মনে
সন্ধানে!