রাসূলুল্লাহ সা. : সামাজিকতার অনুপম আদর্শ
২৫ আগস্ট ২০২৬ ২১:৪৮
॥ এইচ এম জোবায়ের ॥
মানুষ স্বভাবতই সামাজিক জীব। পরিবার, প্রতিবেশ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বৃহত্তর সমাজকে ঘিরেই তার জীবন আবর্তিত হয়। কিন্তু সামাজিকতা কেবল মানুষের সঙ্গে মিশে যাওয়ার নাম নয়। বরং মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, সম্পর্ক রক্ষা করা, সৌহার্দ্য গড়ে তোলা, অন্যের অধিকার আদায়ে সচেষ্ট থাকা এবং সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার প্রচেষ্টাই প্রকৃত সামাজিকতা। এই অর্থে বিশ্বমানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মহানবী হযরত মুহাম্মদ সা. তাঁর সমগ্র জীবন ছিল সমাজকেন্দ্রিক, মানুষকেন্দ্রিক এবং মানবকল্যাণমুখী।
কুরআনের আলোকে সামাজিক ব্যক্তিত্ব
আল্লাহ তায়ালা রাসূলুল্লাহ সা.-এর কোমল আচরণ ও সামাজিক নেতৃত্ব সম্পর্কে বলেন, ‘আল্লাহর রহমতেই আপনি তাদের প্রতি কোমল হয়েছেন। যদি আপনি কঠোর হৃদয়ের হতেন, তবে তারা আপনার চারপাশ থেকে সরে যেত।’ (সূরা আলে ইমরান : ১৫৯)। এই আয়াত স্পষ্ট করে যে, মানুষের হৃদয় জয় করার অন্যতম উপায় হলো নম্রতা, সহমর্মিতা ও সামাজিক আচরণ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সূরা আল-আহযাব : ২১)। রাসূলুল্লাহ সা.-এর এই আদর্শ কেবল ইবাদতে সীমাবদ্ধ নয়; বরং পারিবারিক জীবন, সামাজিক সম্পর্ক, প্রতিবেশীর অধিকার, রাষ্ট্র পরিচালনা এবং মানবিক আচরণের প্রতিটি ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে।
মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক
সিরাতের প্রতিটি অধ্যায়ে দেখা যায়, রাসূলুল্লাহ সা. মানুষের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি শুধু মসজিদে ইবাদত করতেন না; বাজারে যেতেন, অসুস্থদের দেখতে যেতেন, জানাজায় অংশগ্রহণ করতেন, শিশুদের সঙ্গে কথা বলতেন, সাহাবীদের খোঁজখবর নিতেন এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতেন। আনাস ইবন মালিক রা. বলেন, ‘রাসূলুল্লাহ সা. ছিলেন মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী।’ (সহিহ আল-বুখারি, সহিহ মুসলিম)।
দয়া
রাসূলুল্লাহ সা.-এর সামাজিকতার মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে দয়াশীলতা। আল্লাহ বলেন, ‘আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি।’ (সূরা আল-আম্বিয়া : ১০৭)। এখানে ‘রাহমাতুল্লিল আলামিন’ শুধু মুসলিমদের জন্য নয়; বরং সমগ্র মানবজাতি; এমনকি পশুপাখি ও পরিবেশের প্রতিও তাঁর দয়ার নির্দেশনা প্রকাশ করে।
মক্কার তায়েফ সফরে রাসূলুল্লাহ সা.-কে রক্তাক্ত করা হয়। ফেরেশতা পাহাড়চাপা দিয়ে তাদের ধ্বংস করার অনুমতি চাইলে তিনি বলেন, ‘না, আমি আশা করি তাদের বংশধরদের মধ্য থেকে এমন লোক জন্মাবে, যারা এক আল্লাহর ইবাদত করবে।’ (সহিহ বুখারি, সহিহ মুসলিম)। এটি মানব-ইতিহাসে ক্ষমাশীলতার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। প্রতিশোধের পরিবর্তে তিনি ভবিষ্যৎ প্রজন্মের হেদায়েত কামনা করেছেন। আধুনিক সংঘাত-সমাধান তত্ত্বেও দীর্ঘমেয়াদি শাস্তির জন্য প্রতিশোধের বদলে পুনর্মিলনকে গুরুত্ব দেওয়া হয়; রাসূলুল্লাহ সা. তার বাস্তব উদাহরণ স্থাপন করেছেন।
শিশুদের প্রতি অকৃত্রিম ভালোবাসা
রাসূলুল্লাহ সা. শিশুদের সঙ্গে মিশতেন, তাদের সালাম দিতেন এবং স্নেহ করতেন। আনাস রা. বলেন, ‘তিনি শিশুদের পাশ দিয়ে গেলে তাদের সালাম দিতেন।’ (সহিহ আল-বুখারি, সহিহ মুসলিম)। হাসান ও হুসাইন রা.-কে কাঁধে তুলে নেওয়া, নামাজে সিজদা দীর্ঘ করা, শিশুদের প্রতি হাসিমুখে কথা বলা- এসব ঘটনা তাঁর সামাজিক ব্যক্তিত্বের উজ্জ্বল নিদর্শন।
প্রতিবেশীর অধিকার
ইসলামে প্রতিবেশীর অধিকারকে অত্যন্ত গুরুত দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সা. বলেন, ‘জিবরাইল (আ.) আমাকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বেশি উপদেশ দিয়েছেন যে, আমি ধারণা করেছিলাম তিনি হয়তো তাকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন।’ (সহিহ আল-বুখারি, সহিহ মুসলিম)। এটি প্রমাণ করে, একজন মুসলিমের সামাজিকতার সূচনা হয় তার প্রতিবেশীর সঙ্গে সুন্দর সম্পর্কের মাধ্যমে।
অসুস্থদের খোঁজ নেওয়া
রাসূলুল্লাহ সা. নিয়মত অসুস্থদের দেখতে যেতেন। এমনকি একজন ইহুদি কিশোর অসুস্থ হলে তাকেও দেখতে গিয়েছিলেন। (সহিহ আল-বুখারি)। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন, মানবিক সম্পর্ক ধর্ম-বর্ণের সংকীর্ণতার ঊর্ধ্বে।
আত্মীয়তার সম্পর্ক রক্ষা
তিনি বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (সহিহ আল-বুখারি, সহিহ মুসলিম)। আরও বলেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ আল-বুখারি, সহিহ মুসলিম)।
মানুষের প্রয়োজনে এগিয়ে যাওয়া
রাসূলুল্লাহ সা. মানুষের সমস্যা সমাধানে নিজেই এগিয়ে যেতেন। তিনি বলেন, ‘মানুষের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।’ আল-মু’জামুল আওসাত (তাবারানি), হাদিসটি বিভিন্ন মুহাদ্দিস হাসান পর্যায়ের বলে উল্লেখ করেছেন।
পরিবেশবান্ধব রাসূল সা.
রাসূলুল্লাহ সা. পরিবেশ রক্ষাকে মানবজীবনের নৈতিক ও ধর্মীয় দায়িত্বের অংশ হিসেবে শিক্ষা দিয়েছেন। তাঁর জীবন ও হাদিসে প্রকৃতি, প্রাণী, পানি এবং গাছপালার প্রতি যত্নশীল হওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। যেমন- তিনি গাছ লাগাতে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, যদি কোনো মুসলিম একটি গাছ লাগায় বা ফসল ফলায়, আর তা থেকে মানুষ, পাখি বা অন্য কোনো প্রাণী খায়, তবে তা তার জন্য সদকার সওয়াব হিসেবে গণ্য হয়। তিনি অকারণে গাছ কাটা নিরুৎসাহিত করেছেন। যুদ্ধের সময়ও অকারণে গাছপালা ও ফসল নষ্ট না করার নির্দেশ দেওয়া হয়েছে।
পানির অপচয় রোধের শিক্ষা দিয়েছেন। ওজুর সময়ও অতিরিক্ত পানি ব্যবহার করতে নিষেধ করেছেন; এমনকি যদি প্রবহমান নদীর তীরেও অজু করা হয়। পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ‘পরিচ্ছন্নতা ঈমানের অংশ।’ রাস্তা, জনপথ ও আশপাশ পরিষ্কার রাখা এবং মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে এমন জিনিস সরিয়ে ফেলাকে তিনি সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করেছেন।
প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের শিক্ষা দিয়েছেন। তিনি প্রাণীদের অযথা কষ্ট দেওয়া, ক্ষুধার্ত রাখা বা নির্যাতন করতে নিষেধ করেছেন। প্রাণীদের প্রতি দয়া প্রদর্শনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম হিসেবে বর্ণনা করেছেন। তিনি প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারকে গুরুত্ব দিতেন। অপচয় ও অতিভোগ থেকে বিরত থাকতে বলেছেন এবং সম্পদের সংযত ব্যবহারের শিক্ষা দিয়েছেন, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ।
সহজলভ্য নেতা ও সহজতা
আজকের পৃথিবীতে অনেক নেতা সাধারণ মানুষের নাগালের বাইরে। কিন্তু রাসূলুল্লাহ সা. ছিলেন সবার জন্য উন্মুক্ত। যে কেউ তাঁর কাছে এসে প্রশ্ন করতে পারত, অভিযোগ জানাতে পারত কিংবা পরামর্শ নিতে পারত। উম্মুল মুমিনীন আয়িশা রা. বলেন, ‘তিনি ঘরের কাজেও পরিবারের সদস্যদের সাহায্য করতেন।’ (সহিহ আল-বুখারি)। এতে বোঝা যায়, তিনি পরিবার ও সমাজ- উভয় ক্ষেত্রেই ছিলেন সমান সক্রিয়। রাসূলুল্লাহ সা. আরও বলেন, ‘সহজ করো, কঠিন করো না; সুসংবাদ দাও, মানুষকে বিতৃষ্ণ করো না।’ (সহিহ বুখারি)। এই নীতি সামাজিক সম্পর্ক, শিক্ষা, দাওয়াহ, বিচার এবং নেতৃত্ব সব ক্ষেত্রেই প্রযোজ্য। ইসলামী সমাজে মানুষের ওপর অপ্রযয়োজনীয় কঠোরতা আরোপের পরিবর্তে সহজতা ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সিরাতে সামাজিকতার উজ্জ্বল দৃষ্টান্ত
সিরাতের বহু ঘটনা তাঁর সামাজিক নেতৃত্বের সাক্ষ্য বহন করে- নবুয়্যতের পূর্বে হিলফুল ফুজজুলে অংশগ্রহণ করে নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় ভূমিকা গ্রহণ। মদিনায় হিজরতের পর মুয়াখাত প্রতিষ্ঠার মাধ্যমে মুহাজির ও আনসারদের ভাই ভাই করে দেওয়া। মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মুসলিম, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি স্থাপন। মসজিদকে কেবল ইবাদতের স্থান নয়, বরং শিক্ষা, বিচার, সামাজিক পরামর্শ ও জনকল্যাণের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা। ক্ষুধার্ত, এতিম, বিধবা ও দরিদ্রদের নিয়মিত সহযোগিতা।
সিরাত গ্রন্থের সাক্ষ্য
ইবনে হিশামের আস-সীরাহ আন-নাবাওয়িয়্যাহ, ইবন কাসিরের আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, মার্টিন লিংসের Muhammad: His Life Based on the Earliest Sources এবং সফিউর রহমান মুবারকপুরীর আর-রাহীকুল মাখতুম- এসব গ্রন্থে রাসূলুল্লাহ সা.-এর সামাজিক জীবন, মানুষের সঙ্গে তাঁর আন্তরিকতা এবং সমাজ গঠনের অসংখ্য ঘটনা বিশদভাবে বর্ণিত হয়েছে। এসব গ্রন্থ পাঠ করলে স্পষ্ট হয়, তিনি নিভৃতচারী কোনো সাধক ছিলেন না; বরং মানুষের সুখ-দুঃখ, যুদ্ধ-শান্তি, পরিবার-সমাজ ও রাষ্ট্র- সবক্ষেত্রেই সক্রিয় উপস্থিত একজন পূর্ণাঙ্গ নেতা ছিলেন।
আজকের সমাজের জন্য শিক্ষা
আজ মানুষ প্রযুক্তিগতভাবে সংযুক্ত হলেও সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আত্মীয়তার সম্পর্ক দুর্বল হচ্ছে, প্রতিবেশীর খোঁজ নেওয়ার সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, একাকিত্ব ও মানসিক অবসাদ বাড়ছে। এমন সময়ে রাসূলুল্লাহ সা.-এর জীবন আমাদের শেখায়- সামাজিকতা মানে কেবল আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়। সামাজিকতা মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার নাম। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং সমাজে ভালোবাসা, ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করাই আসল সামাজিকতা।
পরিশেষে বলা যায়, রাসূলুল্লাহ সা. ছিলেন মানব-ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সামাজিক ব্যক্তিত্ব। তাঁর সামাজিকতা ছিল ইবাদতেরই একটি অংশ। তিনি পরিবারকে ভালোবেসেছেন, প্রতিবেশীর অধিকার রক্ষা করেছেন, শিশুদের স্নেহ করেছেন, বৃদ্ধদের সম্মান করেছেন, অসুস্থদের দেখতে গেছেন, দরিদ্রদের সাহায্য করেছেন এবং ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গেও ন্যায় ও সৌজন্যের আচরণ করেছেন। তাই একটি মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়তে চাইলে তাঁর সামাজিক জীবনই হতে পারে আমাদের সর্বোত্তম অনুসরণীয় আদর্শ।
লেখক : সমাজসেবক ও গবেষক।