র‌্যাব থাকছে না হচ্ছে এসআরবি


১৯ আগস্ট ২০২৬ ২২:০৪

স্টাফ রিপোর্টার : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মাধ্যমে বিদ্যমান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাদ দিয়ে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে।
গত ১৭ আগস্ট সোমবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসআরবি আইনের খসড়া অনুমোদন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।
অনুমোদিত আইনের খসড়ায় নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া র‌্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। পাশাপাশি নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত বিদ্যমান র‌্যাব সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার ব্যবস্থা করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন-২০২৬-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়।
দুই দশক আগে ২০০৪ সালের মার্চে তৎকালীন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ ইউনিট র‌্যাব প্রতিষ্ঠা করেছিল। পরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়ে ব্যাটালিয়নটি।