গ্যাস-বিদ্যুৎ সংকটসহ জনদুর্ভোগ নিরসনে সরকার উদাসীন – নূরুল ইসলাম বুলবুল এমপি


১৯ আগস্ট ২০২৬ ২২:০৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, গ্যাস-বিদ্যুৎ সংকটসহ জনদুর্ভোগ নিরসনে সরকার উদাসীন। তিনি বলেন, গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে যেভাবে সরকার পাশ কাটিয়ে যেতে চাচ্ছে; একইভাবে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ বিদ্যমান জনদুর্ভোগ পতিত আওয়ামী সরকারের ১৭ বছরের জঞ্জাল দাবি করে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাচ্ছে। আওয়ামী লীগের সৃষ্ট জঞ্জাল কেন এখনো বিদ্যমান থাকবে- প্রশ্ন রেখে তিনি বলেন, তাহলে কী বিএনপি সরকারের করণীয় কিছুই নেই? বিএনপি সরকারের করণীয় কিছু না থাকলে ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমতা ছেড়ে দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা জনগণের দুর্ভোগ নিরসনের পরিবর্তে সৃষ্টি করে, তাদের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নেই।
গত ১৬ আগস্ট রোববার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে নেতাকর্মীদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। জনগণের সেই প্রত্যাশা পূরণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অব্যাহত ভূমিকা পালন করতে হবে। জনগণের যেকোনো দুর্ভোগ নিরসনে এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও নিশ্চিত করতে পাশে থাকতে তিনি সংগঠনের সকল পর্যায়ের জনশক্তির প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের গণদাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রতি জনগণের যেই ভালোবাসা সেই ভালোবাসায় বজায় রাখতে জনগণের পাশে থাকতে তিনি উপস্থিত দায়িত্বশীলদের নির্দেশনা দেন। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণের বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে প্রস্তুত থাকতে হবে।
সংগঠন সম্প্রসারণ ও মজবুতিকরণ প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, সংগঠনের বার্ষিক পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করতে হবে এবং সংগঠনকে জনগণের দৌরগোড়ায় নিয়ে যেতে হবে। পাড়া-মহলায়, অলিতে-গলিতে সংগঠনকে বিস্তৃত করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে সংগঠনের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে যেই ভূমিকার প্রয়োজন সেটি পালন করতে হবে।
রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির এবং এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান ও শামসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে হাফেজ রাশেদুল ইসলাম এমপি, অধ্যাপক মোকাররম হোসাইন খান, এডভোকেট এস এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আবদুস সালাম, ড. মোবারক হোসাইন, কামরুল আহসান হাসানসহ মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ, থানা আমীর, বিভাগীয় সভাপতি ও সহ-সভাপতি, থানা নায়েবে আমীর, থানা সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিরা। প্রেস বিজ্ঞপ্তি।