রিজিকের অচিন দরজা : তাকওয়া ও তাওয়াক্কুলের চিরায়ত সমীকরণ


১২ আগস্ট ২০২৬ ১৯:১২

॥ এস এম মাহমুদ হাসান ॥
মধ্যরাতের নীরব হাহাকার ও আধুনিক মানবের সংকট রাত দুটির নিস্তব্ধতা যখন ঘড়ির টিকটিক শব্দে বিদীর্ণ হয়, তখন আধুনিক মানুষের শয়নকক্ষগুলো যেন একেকটি নীরব রণাঙ্গনে রূপান্তরিত হয়। বিছানায় এপাশ-ওপাশ করতে থাকা ক্লান্ত চোখজোড়ায় ঘুম নেই; সেখানে জেগে থাকে মাস শেষের কঠিন হিসাব-নিকাশ। বাড়িভাড়া, সন্তানের শিক্ষাব্যয়, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম, আর বৃদ্ধ মা-বাবার ওষুধের খরচ, সব মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর বাস্তবতা প্রতি মুহূর্তে আমাদের গ্রাস করে। উপার্জনের সীমানা পেরিয়ে ব্যয়ের দাবি প্রতিনিয়ত মানুষকে তাড়া করে ফিরে। আজকের সমাজে এ কোনো বিচ্ছিন্ন গল্প নয়; বরং কোটি কোটি মানুষের নিত্যদিনের বাস্তবতা। রিজিকের এক অদৃশ্য, নিরন্তর প্রতিযোগিতায় মানুষ আজ নিজেকে বন্ধক দিয়ে বসেছে। সকালে মূল কর্মস্থল, বিকেলে বাড়তি কাজ, রাতে ফ্রিল্যান্সিং শরীর-মনকে নিঃশেষ করে দেওয়ার পরও কোথাও যেন স্বস্তি মেলে না। আয় বাড়ে, কিন্তু বরকত হারিয়ে যায়; ব্যস্ততা বাড়ে, কিন্তু মানসিক প্রশান্তি অন্তর্হিত হয়। রিজিকের এই তীব্র উৎকণ্ঠা মানুষের ঈমান ও মানসিক ভারসাম্যকে প্রতিনিয়ত ক্ষয় করে চলেছে। দার্শনিক আল্লামা ইকবাল আধুনিক মানুষের এই দিগভ্রান্ত, বস্তুকেন্দ্রিক অস্থিরতার প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, মানুষ আকাশে ওড়া আর সাগরের গভীরে সাঁতরানো শিখেছে, কিন্তু পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকার সহজ শিল্পটিই যেন ভুলে বসেছে। অথচ মানুষের এই স্বাভাবিক দুর্বলতা ও উৎকণ্ঠার টেকসই সমাধান ইসলাম বহু আগেই দিয়ে রেখেছে। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মানুষের জীবিকা অর্জনের পেছনে এমন এক ঐশী সমীকরণ স্থাপন করেছেন, যা পার্থিব হিসাব-নিকাশের স¤পূর্ণ বিপরীত এবং মানুষের সীমিত বুদ্ধির নাগালের বাইরে। আমরা যখন কেবল দৃশ্যমান উপার্জনক্ষমতা বা সুযোগের হিসাব কষি, তখন আল-কুরআন আমাদের শোনায় এক অদৃশ্য উৎসের কথা, যার প্রতি বিশ্বাস স্থাপন করলে রিজিকের দুশ্চিন্তার শিকড় চিরতরে উপড়ে ফেলা সম্ভব।
কুরআনিক সমীকরণ : আল-কুরআনের অমোঘ বাণী ও বিশ্লেষণ
আল্লাহ তায়ালা সূরা আত-তালাকের ২ ও ৩ নম্বর আয়াতে রিজিক, জীবন-সংকট এবং মানসিক দুশ্চিন্তা নিরসনের সর্বজনীন ও অভাবনীয় সমীকরণ পেশ করেছেন, ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করে (তাকওয়া অবলম্বন করে), আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন। এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না। আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।’ (সূরা আত-তালাক : ২-৩)।
এই সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরপর তিনটি মহাসত্য ও প্রতিশ্রুতি ঘোষণা করেছেনÑ
সংকট নিরসনের পথ (মাখরাজ) : এই শব্দের আভিধানিক অর্থ বের হওয়ার সংকীর্ণ পথ। চারদিক থেকে বিপদ যখন মানুষকে এমনভাবে ঘিরে ধরে যে বের হওয়ার আর কোনো উপায় দেখা যায় না, ঠিক তখনই তাকওয়াবান বান্দার জন্য আল্লাহ তায়ালা এক অদৃশ্য দরজা উন্মোচন করেন। এর অর্থ, সমস্যার উৎপত্তি যেখানেই হোক না কেন, সমাধান আগে থেকেই সংরক্ষিত থাকে কেবল তাকওয়ার মাধ্যমে তা দৃশ্যমান হয়ে ওঠে।
অকল্পনীয় উৎস থেকে রিজিক (মিন হাইসু লা ইয়াহতাসিব) : মানুষ সাধারণত যুক্তি, অভিজ্ঞতা ও সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে উপার্জনের হিসাব কষে। কিন্তু কুরআনের এই ভাষায় বোঝানো হয়েছে, মানুষের চিন্তার সীমা যেখানে শেষ হয়, আল্লাহর কুদরতি রিজিকের বিস্তার শুরু হয় ঠিক সেখান থেকেই।
আল্লাহর অপর্যাপ্ততা (ফাহুয়া হাসবুহ) : কোনো মাধ্যম, ব্যক্তি, চাকরি বা ব্যবসার ওপর নির্ভরশীলতা মানুষকে দুর্বল করে তোলে। কিন্তু যে ব্যক্তি সর্বোচ্চ চেষ্টার পর ফলাফলের জন্য সরাসরি আসমানের মালিকের ওপর নির্ভর করে, স্বয়ং সেই পরম সত্তা তার সমস্ত দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। কুরআন মজিদের অন্যত্র রিজিকের মূল চাবিকাঠি যে বাহ্যিক চেষ্টায় নয়, বরং আসমানি অনুগ্রহে নিহিত তা ¯পষ্ট করে বলা হয়েছে, ‘আর আসমানে রয়েছে তোমাদের রিজিক এবং সেই প্রতিশ্রুতি, যা তোমাদের দেওয়া হয়েছে।’ (সূরা আয-যারিয়াত : ২২)। তাফসিরবিদ ইমাম ইবনে কাসির (রহ.) এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.-এর একটি উক্তি উদ্ধৃত করেছেন একজন মানুষের রিজিক তাকে ঠিক সেভাবেই খুঁজে বের করে, যেভাবে তার মৃত্যু তাকে খুঁজে নেয়। একই সূরায় কিছু আয়াত পরই আল্লাহ তায়ালা রিজিকদাতা হিসেবে নিজের সত্তাকে সরাসরি ঘোষণা করে বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু জুল কুওয়াতিল মাতিন। অনুবাদ : ‘নিশ্চয় আল্লাহ, তিনিই মহা রিজিকদাতা, প্রবল শক্তির অধিকারী, সুদৃঢ়।’ (সূরা আয-যারিয়াত : ৫৮)। এই আয়াতে আল্লাহ তায়ালা নিজেকে ‘আর-রাজ্জাক’ নামে অভিহিত করেছেন যিনি কেবল একবার রিজিক দেন না, বরং অবিরাম, পুনঃপুনঃ ও প্রাচুর্যের সাথে বান্দার প্রয়োজন মিটিয়ে চলেন। সেইসাথে তাঁর শক্তি ও দৃঢ়তার কথা উল্লেখ করে বোঝানো হয়েছে, কোনো পার্থিব শক্তি, সংকট বা পরিস্থিতি তাঁর রিজিকদানের ক্ষমতাকে সীমাবদ্ধ করতে পারে না। পূর্বের আয়াতে (সূরা আয-যারিয়াত : ২২)। যেখানে রিজিকের প্রতিশ্রুতির কথা এসেছে, সেখানে এই আয়াতে (সূরা আয-যারিয়াত : ৫৮)। সেই প্রতিশ্রুতির নিশ্চয়তা ও উৎস সু¯পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে রিজিকের মালিক এবং তার অবিচল জোগানদাতা একমাত্র আল্লাহ।
শর্তদ্বয়ের ব্যবচ্ছেদ : তাকওয়া ও তাওয়াক্কুলের সঠিক অনুধাবন
কুরআনে বর্ণিত এই বিপুল অনুগ্রহ ও অভাবনীয় রিজিক কোনো শর্তহীন প্রতিশ্রুতি নয়। এর পেছনে একটিই মূল ভিত্তি রয়েছে, যা দুটি নীতির ওপর দাঁড়িয়ে তাকওয়া ও তাওয়াক্কুল।
ক. তাকওয়া : রবভীতি ও দায়িত্বশীলতা
তাকওয়া হলো জীবনের প্রতিটি পদক্ষেপে, ব্যবসায়িক লেনদেনে, পারিবারিক সিদ্ধান্তে ও ব্যক্তিগত গোপনীয়তায় আল্লাহ তায়ালার উপস্থিতি অনুভব করা। যখন একজন ব্যবসায়ী লোকসানের ঝুঁকি সত্ত্বেও ভেজাল থেকে বিরত থাকেন, যখন একজন চাকরিজীবী পদোন্নতির লোভ সংবরণ করে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করেন কিংবা যখন সংকটাপন্ন কেউ সুদের সহজ ঋণ ফিরিয়ে দেন, তখনই তাকওয়ার প্রকৃত প্রকাশ ঘটে। তাফসির কারক হাসান আল-বসরি (রহ.) তাকওয়ার সারমর্ম প্রকাশ করে বলেছিলেন, তাকওয়া হলো প্রতিটি পদক্ষেপে আল্লাহর আদেশ-নিষেধকে সামনে রাখা, উপার্জন যেন হালাল হয়, আর বর্জন যেন হয় কেবল আল্লাহর ভয়েই।
খ. তাওয়াক্কুল : আল্লাহর ওপর পরম নির্ভরতা
তাওয়াক্কুল নিয়ে মুসলিম সমাজে একটি বড় ভ্রান্তি প্রচলিত আছে। অনেকে মনে করেন, তাওয়াক্কুল মানে হাত-পা গুটিয়ে নিষ্ক্রিয়ভাবে বসে থেকে রিজিকের অপেক্ষা করা। কিন্তু রাসূলল্লাহ সা. ও তাঁর সাহাবীদের জীবনের দিকে তাকালে তাওয়াক্কুলের প্রকৃত অর্থ ¯পষ্ট হয়ে ওঠে।
ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ মাদারিজুস সালিকিনে বলেছেন, তাওয়াক্কুল হলো দুটি বিষয়ের সমন্বয়, জাগতিক বৈধ সকল উপায় গ্রহণ করা, আর একইসঙ্গে অন্তরে এই দৃঢ় বিশ্বাস রাখা যে সেই উপায়গুলোর নিজস্ব কোনো ক্ষমতা নেই; চূড়ান্ত ফলাফল স¤পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। খলিফা ওমর ইবনুল খাত্তাব রা.-এর আমলের একটি প্রসিদ্ধ ঘটনা এখানে প্রণিধানযোগ্য। একদিন তিনি ইয়েমেন থেকে আগত একদল মানুষকে কর্মহীন অবস্থায় মসজিদে বসে থাকতে দেখে তাদের পরিচয় জানতে চাইলেন। তারা জানাল, তারা ‘মুতাওয়াক্কিলুন’ আল্লাহর ওপর ভরসাকারী। এতে ওমর রা. তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, তোমরা প্রকৃতপক্ষে মুতাওয়াক্কিল নও, বরং অন্যের বোঝা; কারো উচিত নয় রিজিকের সন্ধান ছেড়ে কেবল প্রার্থনায় বসে থাকা, কেননা আসমান থেকে কখনো সোনা-রুপার বৃষ্টি বর্ষিত হয় না। প্রকৃত তাওয়াক্কুলের উৎকৃষ্ট দৃষ্টান্ত মহানবী সা.-এর একটি হাদিসে পাওয়া যায় : ‘যদি তোমরা আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা করতে, তবে পাখি যেভাবে সকালে খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে, আল্লাহ তোমাদেরও তেমনি রিজিক দান করতেন।’ (জামে আত-তিরমিযী, মুসনাদে আহমাদ)। লক্ষণীয় বিষয় হলো, পাখি বাসায় চুপচাপ বসে থাকে না; খাদ্যের সন্ধানে তাকে ডানা মেলে উড়তে হয়। তবে পাখির অন্তরে আগামীকালের সঞ্চয় নিয়ে কোনো উৎকণ্ঠা থাকে না। মানুষও চেষ্টা করবে পূর্ণ সামর্থ্য দিয়ে, কিন্তু অন্তরের আস্থা থাকবে কেবল আসমানের মালিকের ওপর।
রিজিকের ব্যাপকতা : কেবল অর্থ-বিত্ত নয়
বিশ্বায়িত এই যুগে আমরা ‘রিজিক’ শব্দটিকে অনেকাংশে ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট, গাড়ি কিংবা কেবল অর্থের অঙ্কে সীমাবদ্ধ করে ফেলেছি। অথচ ইসলামী চিন্তাধারায় রিজিকের ধারণা অনেক বিস্তৃত ও গভীর। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) তাঁর হুজ্জাতুল্লাহিল বালিগাহ গ্রন্থে রিজিককে মূলত দুই ভাগে ভাগ করেছেন-
বাহ্যিক বা বস্তুগত রিজিক : খাদ্য, বস্ত্র, বাসস্থান, অর্থ-স¤পদ ও জীবনধারণের অন্যান্য জাগতিক উপকরণ।
আত্মিক রিজিক : অন্তরের প্রশান্তি, দীনি জ্ঞান, ঈমানি দৃঢ়তা, সৎ গুণাবলি, আনুগত্যের তাওফিক, সুসন্তান এবং হেদায়েতপ্রাপ্ত হৃদয়।
ইমাম আল-গাজ্জালি (রহ.) তাঁর কালজয়ী গ্রন্থ ইহইয়াউ উলুমিদ্দিনে রিজিকের আত্মিক দিক নিয়ে বলেছেন প্রকৃত রিজিক হলো অন্তরের ঐশ্বর্য ও প্রশান্তি; যে ব্যক্তি এই আত্মিক শান্তি লাভ করেছে, সে যেন পুরো পৃথিবীর মালিকানার চেয়েও বেশি কিছু অর্জন করেছে। অনেক সময় প্রাচুর্য থাকা সত্ত্বেও মনে প্রশান্তি থাকে না, পরিবারে অস্থিরতা লেগে থাকে, শরীর ভোগে নানা জটিলতায়। আবার অল্প আয়ে সংসার চালানো কারো ঘরে যদি অটুট শান্তি, সুস্বাস্থ্য আর দীনের ওপর অবিচলতা বিরাজ করে, তবে বুঝতে হবে তিনিই প্রকৃত অর্থে আল্লাহর শ্রেষ্ঠ রিজিক লাভ করেছেন। তাকওয়ার বরকতে আল্লাহ তায়ালা কেবল অর্থকষ্ট লাঘব করেন না, বরং জীবনের এই আত্মিক রিজিকের দুয়ারও খুলে দেন।
হাদিস ও ঐতিহাসিক প্রেক্ষাপটে অকল্পনীয় রিজিকের প্রমাণ
কুরআনের এই আয়াতের বাস্তব সত্যতা রাসূলে কারিম সা.-এর বাণী ও সাহাবীদের জীবনে বারবার প্রতিফলিত হয়েছে। ইবনে আব্বাস রা.-এর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেবেন, তার দুশ্চিন্তা দূর করবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। (সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ)।
ইস্তেগফারও তাকওয়ারই একটি অবিচ্ছেদ্য অংশ। মানুষ যখন নিজের ত্রুটি স্বীকার করে আল্লাহর প্রতি অনুগত হয়, তখন আসমানি রহমতের দুয়ার খুলে যায়। সূরা নূহের ১০ থেকে ১২ নম্বর আয়াতে হযরত নূহ (আ.)-এর দাওয়াতের বিবরণ তুলে ধরা হয়েছে, যেখানে তিনি তাঁর কওমকে ইস্তেগফার (ক্ষমাপ্রার্থনা) করার আহ্বান জানিয়েছিলেন এবং এর বিনিময়ে মহান আল্লাহ তায়ালা দুনিয়ায় কীভাবে রিজিক ও নেয়ামত বৃদ্ধি করে দেন, তার সু¯পষ্ট বর্ণনা দিয়েছেন-
‘তোমাদের রবের কাছে ক্ষমাপ্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত পাঠাবেন, তোমাদের ধন-স¤পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য বাগানসমূহ ও নদীনালা সৃষ্টি করবেন’। এ আয়াতে গুনাহ মাফ, প্রচুর বৃষ্টিপাত, স¤পদ বৃদ্ধি, সন্তান-সন্ততি লাভ ও ফসলাদি ও জলাশয়ের ব্যবস্থা করে রিজিকের পথ প্রশস্ত করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।
আবু জার আল-গিফারি রা.-এর বর্ণনা অনুযায়ী, মহানবী সা. একবার সূরা তালাকের এই আয়াত তিলাওয়াত করে বলেছিলেন, সমগ্র পৃথিবীর মানুষ যদি কেবল এই একটি আয়াতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরত, তবে তা-ই তাদের জীবনের সামগ্রিক সমাধানের জন্য যথেষ্ট হতো। (মুসনাদে আহমাদ, সুনানে ইবনে মাজাহ)। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, সাহাবী মালেক আল-আশজায়ি রা.-এর সন্তান যখন শত্রুপক্ষের হাতে বন্দি হন এবং ঘরে তীব্র খাদ্যসংকট দেখা দেয়, তখন রাসূলুল্লাহ সা. তাঁকে তাকওয়া অবলম্বন ও বেশি বেশি ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ পাঠের নির্দেশ দেন। কিছুদিন পর সেই সন্তান মুক্ত হয়ে ফিরে আসেন, সঙ্গে নিয়ে আসেন শত্রুপক্ষের বিপুল উষ্ট্র পাল, যা তাদের খাদ্যসংকট চিরতরে ঘুচিয়ে দেয়। এটিই যেন কুরআনের সেই ভাষার বাস্তব রূপÑ মিন হাইসু লা ইয়াহতাসিব।
সমকালীন জীবনধারা ও অনুশীলনের প্রস্তাবনা
আজকের করপোরেট সংস্কৃতি ও পুঁজিবাদী বিশ্বব্যবস্থা আমাদের শিখিয়েছে সাফল্য ও নিরাপত্তা কেবল বস্তুগত হিসাবের ওপর দাঁড়িয়ে থাকে। ফলে অনেকে না চাইতেও অনৈতিক পন্থা, সুদি চুক্তি বা ফাঁকফোকরের আশ্রয় নিতে বাধ্য হন। কিন্তু ঈমানদার ব্যক্তির জীবনের হিসাব স¤পূর্ণ ভিন্ন। আধুনিক পশ্চিমা চিন্তাবিদ মার্টিন লিংস (আবু বকর সিরাজউদ্দিন) তাওয়াক্কুল ও ঐশী স¤পর্কের গভীরতা নিয়ে বলেছিলেন, মানুষ যখন বস্তুর ওপর সমস্ত আস্থা রাখে, তখন সে বস্তুরই দাসে পরিণত হয়; কিন্তু যখন সে স্রষ্টার ওপর ভরসা করে, তখন সমগ্র বিশ্বপ্রকৃতি যেন তার সেবায় নিয়োজিত হয়ে ওঠে। বাস্তব জীবনে এই নীতি প্রয়োগের জন্য একটি সহজ অনুশীলনের প্রস্তাব রাখা যায়। অনৈতিক অভ্যাস ত্যাগের সংকল্প: নিজের আয়ের উৎসগুলো পর্যালোচনা করুন। যদি সেখানে এমন কোনো লেনদেন, প্রতারণা বা সুদের সামান্যতম ছোঁয়া থাকে, যা ‘আয়ের জন্য অপরিহার্য’ মনে হলেও আল্লাহর কাছে অপছন্দনীয়, তবে আজই তা বর্জন করুন।
অন্তরের পরীক্ষা ও ফল পর্যবেক্ষণ : এই ত্যাগের পর ক্ষণিকের জন্য মনে হতে পারে আয়ের একটি পথ বন্ধ হয়ে গেল। কিন্তু তাকওয়ার নিয়ত অন্তরে রেখে সূরা আত-তালাকের এই প্রতিশ্রুতি স্মরণ করুন, নিষ্ঠার সাথে আল্লাহর ওপর ভরসা রেখে পথ চলুন, দেখবেন, আল্লাহ তায়ালা কোনো নতুন ও পবিত্র উপায়ে সেই অভাব পূরণ করে দেবেন।
ভরসার নতুন ভোর
রিজিকের সংকট ও দুশ্চিন্তার দীর্ঘ রজনী পেরোনোর পথ কোনো জটিল অর্থনৈতিক তত্ত্বে নিহিত নয়; তা লুকিয়ে আছে কুরআনের সেই প্রাচীন অথচ চিরন্তন সহজ সমীকরণে। একটিমাত্র শর্ত তাকওয়া, অর্থাৎ আল্লাহকে সদা হাজির-নাজির জেনে জীবন পরিচালনা করা এবং তাওয়াক্কুল অর্থাৎ সর্বোচ্চ চেষ্টার পর চূড়ান্ত ফলাফলের জন্য একমাত্র আল্লাহর ওপর নির্ভর করা। এই নীতি জীবনের সঙ্গে যুক্ত হলে মনের সমস্ত দুশ্চিন্তা ধূলিসাৎ হয়ে যায়। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে মুমিন হতাশ হয় না। কারণ সে জানে, আসমানের মালিক যার ভরসা, তার জন্য বন্ধ দরজার আড়ালে হাজারো নতুন দরজার চাবি প্রস্তুত থাকে। আসুন, জাগতিক চেষ্টা অব্যাহত রেখে অন্তরের মালিকানা আল্লাহর হাতে সঁপে দিই তবেই দুশ্চিন্তার রাতগুলো রূপান্তরিত হবে গভীর প্রশান্তি ও আসমানি বরকতের ভোরে।